শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৫১

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১২:১৩ এম
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৫১

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫১ জন। শুক্রবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে তিনজন, সিলেট বিভাগে তিনজন এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে দেশে মোট ১ হাজার ৩৭৮ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৬ জন। বাকি ১ হাজার ২৭২ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৭৩ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে সন্দেহভাজন সংক্রমণের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৮০৮ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭৮ জন। ফলে এ পর্যন্ত নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৬ হাজার ৫৫৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ৩৫ হাজার ৪৮২ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২৬ হাজার ৪৪০ জন।

 

নাইজারে সেনা ক্যাম্পে সশস্ত্র হামলা, নিহত ১৩ সেনাসদস্য

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১২:১৫ এম
নাইজারে সেনা ক্যাম্পে সশস্ত্র হামলা, নিহত ১৩ সেনাসদস্য

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ন্যাশনাল গার্ডের একটি ক্যাম্পে ভারী অস্ত্রধারীদের হামলায় অন্তত ১৩ সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। পালটা অভিযানে কয়েকজন হামলাকারীও নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় সানাম শহরে এ হামলার ঘটনা ঘটে।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার বিপুলসংখ্যক ভারী অস্ত্রধারী ব্যক্তি সেনা ক্যাম্পে আক্রমণ চালায়। ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছে মন্ত্রণালয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক হিসাবে হামলায় ১৩ সেনাসদস্য প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ২০ জন। সেনাদের পালটা অভিযানে বেশ কয়েকজন হামলাকারী নিহত হয়েছেন। পাশাপাশি হামলাকারীদের রসদ ও সরঞ্জাম সরবরাহের অবকাঠামো ধ্বংস করা হয়েছে।

পালিয়ে যাওয়া হামলাকারীদের শনাক্ত ও আটক করতে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

স্থানীয় সংবাদমাধ্যম অ্যাক্টুনাইজারকে স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা সূত্র জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে (জিএমটি অনুযায়ী ভোর ৪টা) হামলাটি চালানো হয়।

সানাম শহরটি নাইজারের তিলাবেরি অঞ্চলে অবস্থিত। মালির সীমান্তবর্তী এ এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলো প্রায়ই নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। তবে সর্বশেষ হামলার পেছনে কোন গোষ্ঠী জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর মাত্র দুই দিন আগে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ডিফা অঞ্চলে আরেকটি হামলায় ১১ সেনাসদস্য নিহত হন। ওই হামলার জন্য জঙ্গিগোষ্ঠী বোকো হারামকে দায়ী করেছিল নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

পরপর এসব হামলার ঘটনায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

 

বাংলাদেশ থেকে ২৫৪ মিলিয়ন ডলারের পোশাকের অর্ডার ভারতে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১২:০৭ এম
বাংলাদেশ থেকে ২৫৪ মিলিয়ন ডলারের পোশাকের অর্ডার ভারতে

শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া এবং ব্যয় বৃদ্ধির প্রভাবে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো। চলতি নভেম্বরের প্রথম ১৮ দিনে জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেন্সার (এমঅ্যান্ডএস) ও সেলিওর মতো বিশ্বের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছে। তিনটি কারখানামালিকের বরাতে জানা গেছে, গত ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে স্থানান্তরিত এসব ক্রয়াদেশের সিংহভাগই পেয়েছে প্রতিবেশী দেশ ভারত। পাশাপাশি সরবরাহব্যবস্থার ঝুঁকি এড়াতে এবং দ্রুত পণ্য হাতে পেতে ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন আন্তর্জাতিক ক্রেতারা। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি জোগান দেওয়া এ খাতে চলমান অস্থিরতা দীর্ঘায়িত হলে সাময়িকভাবে সরিয়ে নেওয়া এই ক্রয়াদেশ স্থায়ীভাবে হারানোর প্রবল আশঙ্কা করছেন শিল্পসংশ্লিষ্টরা।

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর তথ্য অনুযায়ী, শ্রমিক বিক্ষোভের জেরে এখন পর্যন্ত এ খাতে ৪০ কোটি ডলারের বেশি উৎপাদন ক্ষতি হয়েছে এবং ঢাকার আশপাশের কারখানাগুলো প্রায় ২০ থেকে ২৫ কর্মদিবস হারিয়েছে। সম্প্রতি সরকার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর অনুমোদন দিলেও গত চার দশকের মধ্যে শতাংশের হিসাবে সর্বনিম্ন এই বৃদ্ধিতে সন্তুষ্ট নন শ্রমিকেরা, যার ফলে পুলিশের সঙ্গে নতুন করে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। যদিও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান তরফদার মজুরি বৃদ্ধিকে সন্তোষজনক উল্লেখ করে শনিবার থেকে সব শ্রমিক কাজে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন। এদিকে, বাংলাদেশে ক্রয়াদেশ হারানোর খবরে ভারতের বস্ত্র খাতের প্রতিষ্ঠানগুলোর শেয়ারদরে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে; দেশটির গোকলদাস এক্সপোর্টসের শেয়ারদর সর্বোচ্চ ১১ শতাংশ এবং ট্রাইডেন্ট, ওয়েলস্পান লিভিং, কেপিআর মিল ও বর্ধমান টেক্সটাইলসের শেয়ারদর ২ থেকে ৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

শিল্পনেতাদের মতে, মজুরি বৃদ্ধির পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংকটের প্রভাবে দীর্ঘদিন ধরে চলা গ্যাস-বিদ্যুৎ ও কাঁচামালের উচ্চমূল্য বাংলাদেশের উৎপাদন ব্যয় বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বিজিএমইএর পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী জানান, বর্তমানে আন্তর্জাতিক ক্রেতারা পণ্যের দামের চেয়ে দ্রুত সরবরাহের সময়কে বেশি গুরুত্ব দিচ্ছেন; যেখানে ভারত, ভিয়েতনাম ও কম্বোডিয়া ৬০ থেকে ৯০ দিনের মধ্যে পণ্য সরবরাহ করতে পারে, সেখানে বাংলাদেশে সময় লাগে প্রায় ১২০ দিন। এ অবস্থায় নির্ধারিত সময়ে পণ্য পৌঁছাতে অনেক প্রতিষ্ঠান অতিরিক্ত সময় কাজ করানোসহ ব্যয়বহুল আকাশপথ ব্যবহারের কথা ভাবছে। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান সাময়িকভাবে কিছু ক্রয়াদেশ সরিয়ে নিয়ে ক্রেতাদের সঙ্গে সম্পর্ক ধরে রাখার কথা বললেও আল্পস অ্যাপারেলস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম জানিয়েছেন, ১ নভেম্বর থেকে অধিকাংশ ক্রেতা নতুন ক্রয়াদেশ দেওয়া বন্ধ রেখে বিকল্প সরবরাহব্যবস্থা খুঁজে নিয়েছেন। এর পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরাকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক উত্তেজনাও শিল্পমালিকদের উদ্বেগ বাড়িয়েছে। পরিস্থিতি দীর্ঘমেয়াদি ক্ষতির দিকে যাওয়ার আগেই রাজনৈতিক ও শ্রম অসন্তোষ নিরসন করে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনার জোর তাগিদ দিয়েছেন খাতসংশ্লিষ্টরা।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

শ্রমবাজারে নতুন সূচনা মালয়েশিয়া বিমানবন্দরে ১১২ কর্মীকে স্বাগত জানালেন হাইকমিশনার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১:৩৯ পিএম
শ্রমবাজারে নতুন সূচনা মালয়েশিয়া বিমানবন্দরে  ১১২ কর্মীকে স্বাগত জানালেন হাইকমিশনার

ঋণের বোঝা নয়, অভিবাসন ব্যয় ছাড়াই বিদেশে কর্মসংস্থান। দীর্ঘ আড়াই বছরের অচলাবস্থা কাটিয়ে নতুন করে সচল হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে প্রথম ধাপে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১১২ বাংলাদেশি কর্মী। বৃহস্পতিবার মালয়েশিয়া সময় রাত ১ টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) পৌঁছালে তাদের স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী।

এ সময় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার সাহানারা মনিকা, মিনিস্টার (শ্রম) সিদ্দিকুর রহমান, কাউন্সেলর (শ্রম) সৈয়দ শরিফুল ইসলামসহ হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছিলেন নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও। বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান হাইকমিশনার। একই সঙ্গে কর্মীদের দেশটির আইন, সংস্কৃতি ও নিয়োগকারী প্রতিষ্ঠানের নিয়মকানুন মেনে চলার পরামর্শ দেন তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ফ্লাইটে মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিদায় জানানোর পাশাপাশি তাদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। বিদেশে পাঠানোর আগে সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর বিষয়েও সরকার কাজ শুরু করবে।

মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আল্লাহর কাছে দোয়া করি, আপনারা সুস্থ থাকুন। আপনারা সে দেশের সংস্কৃতি ও আইনকানুন মেনে চলবেন। সুনামের সঙ্গে কাজ করবেন—এই আশা করি।’

দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর এ উদ্যোগকে দুই দেশের শ্রমবাজার সহযোগিতায় নতুন অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে বিদেশে চাকরি পেতে লাখ লাখ টাকা খরচ করে ঋণগ্রস্ত হওয়ার প্রচলিত বাস্তবতার বিপরীতে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর এ উদ্যোগ নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। সরকারি ব্যবস্থাপনায় স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া এবং নিয়োগকর্তার অর্থায়নে কর্মী পাঠানোর এ মডেল বাস্তবায়িত হলে অভিবাসন ব্যয় কমানোর ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এ কর্মসূচির আওতায় কর্মী নির্বাচন করা হয়েছে। মোট ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি এবং নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে চূড়ান্ত করা হয় ১১২ জনকে।

নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার বহুজাতিক প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনে কাজ করবেন। তাদের মাসিক মূল বেতন ১ হাজার ৭০০ মালয়েশীয় রিঙ্গিত। তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে নিয়োগ পাওয়া এসব কর্মীর আবাসন ও চিকিৎসাসুবিধা দেবে নিয়োগকর্তা। শুধু তাই নয়, অভিবাসনসংক্রান্ত যাবতীয় ব্যয়ও বহন করবে প্রতিষ্ঠানটি। ফলে কর্মীদের নিজস্ব অর্থ খরচ করে মালয়েশিয়ায় আসতে হয়নি।

প্রথম ধাপের ১১২ জনের পর আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল। এসব চাহিদার বিপরীতে পর্যায়ক্রমে কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
বাংলাদেশ-মালয়েশিয়া শ্রমবাজার পুনরায় সচল করার উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের কূটনৈতিক প্রচেষ্টাও ভূমিকা রেখেছে। চলতি বছরের জুনে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান তিনি। ২২ জুন পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করা এবং আরও বেশি কর্মী নিয়োগের আহ্বান জানান তারেক রহমান।

বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রী অভিবাসন ব্যয় কমানো এবং কর্মী নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে একমত হন। এরই ধারাবাহিকতায় সরকারি ব্যবস্থাপনায় বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর এ কার্যক্রম শুরু হয়েছে।

ঢাকায় কর্মীদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন, প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।
এ ছাড়া উপস্থিত ছিলেন ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক দেবর্ষি মজুমদার, মহাব্যবস্থাপক নভিন্দর মুরুগিয়া, অংশীদার সারাভানাকুমার কানেসান এবং মালয়েশিয়ার সেরাম্বি সুরিয়ার আঞ্চলিক নিয়োগ পরিচালক আবদুল জলিলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক