স্পেনের ২৯ নভেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে রক্ষণশীল দল পিপি (PP) ও উগ্র ডানপন্থী দল ভক্স (Vox) জোট সরকার গঠন করলে অভিবাসননীতিতে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে অনিয়মিত অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ, বসবাসের অনুমতি নবায়ন, নাগরিকত্ব অর্জন, সরকারি আবাসন ও সামাজিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে কঠোরতা আসতে পারে।
এটি নিছক রাজনৈতিক আশঙ্কা নয়। দুই দলের প্রকাশিত নির্বাচনী ইশতেহার পর্যালোচনা করলে দেখা যায়, অভিবাসন নিয়ন্ত্রণের পাশাপাশি বিদেশিদের বৈধ বসবাস ও সামাজিক অধিকারসংক্রান্ত বেশ কিছু বিদ্যমান ব্যবস্থায় পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে।
তবে পিপি ও ভক্সের প্রস্তাব এক নয়। পিপি অভিবাসনকে নিয়ন্ত্রিত ও শ্রমবাজারের প্রয়োজননির্ভর করতে চায়। ভক্সের লক্ষ্য আরও বিস্তৃত, যেখানে অনিয়মিত অভিবাসন বন্ধের পাশাপাশি কিছু ক্ষেত্রে বৈধভাবে বসবাসকারী বিদেশিদের সামাজিক সুবিধাও সীমিত করার প্রস্তাব রয়েছে।
আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে
আমাদের Google News ফলো করুন
এবং নিয়মিত আপডেটের জন্য
WhatsApp Channel–এ যুক্ত থাকুন।
দুই দলের মধ্যে জোট হলে ভক্সের কঠোর প্রস্তাবগুলোর কতটা পিপি গ্রহণ করবে, সেটিই হবে অভিবাসীদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ।
নির্বাচনী ইশতেহারে অভিবাসীদের জন্য নেতিবাচক প্রস্তাব
দুই দলের ইশতেহার বিশ্লেষণ করে অভিবাসীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতিবাচক প্রস্তাবগুলো চিহ্নিত করা যায়।
১. আররাইগো ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ঝুঁকি
বর্তমানে স্পেনে নির্দিষ্ট শর্তে দুই বছর বসবাসের পর বিভিন্ন ধরনের আররাইগো (Arraigo) ব্যবস্থায় আবেদন করে বৈধ হওয়ার সুযোগ রয়েছে।
পিপি তার ইশতেহারে আররাইগোকে সাধারণ নিয়মিতকরণের পথ না রেখে ব্যতিক্রমী ব্যক্তিগত স্বীকৃতির ব্যবস্থায় পরিণত করার কথা বলেছে। অন্যদিকে ভক্স সরাসরি আররাইগো ব্যবস্থা বিলুপ্ত করার প্রস্তাব দিয়েছে।
সম্ভাব্য প্রভাব: যেসব বাংলাদেশি দীর্ঘদিন ধরে স্পেনে বসবাস করছেন কিন্তু বৈধ কাগজপত্র পাননি, তাঁদের জন্য বৈধ হওয়ার সুযোগ অনেক কঠিন হয়ে যেতে পারে। বিশেষ করে যাঁরা দুই বছর পূর্ণ হওয়ার অপেক্ষায় রয়েছেন, তাঁদের পরিকল্পনা অনিশ্চিত হতে পারে।
২. অনিয়মিত অভিবাসীদের গণহারে বৈধ করার পথ বন্ধ
পিপি আইনের মাধ্যমে ব্যাপক ও নির্বিচার নিয়মিতকরণ নিষিদ্ধ করতে চায়। ভক্স আরও কঠোর অবস্থান নিয়ে বলেছে, অবৈধভাবে প্রবেশকারী কেউ পরবর্তী সময়ে বৈধ হওয়ার সুযোগ পাবেন না।
সম্ভাব্য প্রভাব: ভবিষ্যতে সরকার কোনো বিশেষ নিয়মিতকরণ কর্মসূচি চালু করতে চাইলে রাজনৈতিক ও আইনি বাধা তৈরি হতে পারে। বর্তমানে অনিয়মিত অবস্থায় থাকা বাংলাদেশিদের জন্য বিশেষ সুযোগ পাওয়ার সম্ভাবনা কমবে।
৩. বসবাসের অনুমতি নবায়নে নতুন শর্ত আরোপের ঝুঁকি
পিপির ইশতেহারে সাধারণ ব্যবস্থার আওতায় অস্থায়ী বসবাসের অনুমতি নবায়নের জন্য একটি বাধ্যতামূলক সংযুক্তি-প্রতিশ্রুতির কথা বলা হয়েছে। এর মধ্যে স্প্যানিশ ভাষা শেখা, সংবিধান ও ইউরোপীয় ইউনিয়নের মূল্যবোধ সম্পর্কে জ্ঞান এবং প্রয়োজন অনুযায়ী কর্মসংস্থানমূলক প্রশিক্ষণ অন্তর্ভুক্ত।
সম্ভাব্য প্রভাব: বর্তমানে বৈধভাবে বসবাস করলেও ভবিষ্যতে নবায়নের সময় নতুন শর্ত পূরণের প্রয়োজন হতে পারে। যাঁদের স্প্যানিশ ভাষার দক্ষতা কম, শিক্ষা বা কর্মসংস্থানের সুযোগ সীমিত, তাঁদের জন্য বাড়তি চাপ তৈরি হতে পারে।
৪. নাগরিকত্ব অর্জনের শর্ত কঠোর করা হবে
পিপি নতুন জাতীয়তা আইন প্রণয়ন করে স্প্যানিশ নাগরিকত্বের জন্য ভাষা, ইতিহাস, সংবিধান, সামাজিক সংযুক্তি এবং কর ও সামাজিক নিরাপত্তার বাধ্যবাধকতা পূরণের বিষয়গুলো আরও গুরুত্ব দিতে চায়। ভক্সও নাগরিকত্ব অর্জনের শর্ত কঠোর করার প্রস্তাব দিয়েছে।
এ ছাড়া ভক্স স্প্যানিশ বংশোদ্ভূত নন, এমন নাগরিকদের গুরুতর বা পুনরাবৃত্ত অপরাধের ক্ষেত্রে নাগরিকত্ব হারানোর সুযোগ বাড়ানোর কথা বলেছে।
সম্ভাব্য প্রভাব: ভবিষ্যতে নাগরিকত্বের আবেদনকারীদের জন্য প্রক্রিয়া কঠিন ও দীর্ঘ হতে পারে। তবে বর্তমানে প্রচলিত আইনে নাগরিকত্ব অর্জনকারী প্রত্যেক ব্যক্তির নাগরিকত্ব সরকার ইচ্ছামতো বাতিল করতে পারে না। বিশেষ করে স্প্যানিশ বংশোদ্ভূত নাগরিকদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার ক্ষেত্রে সংবিধানের স্পষ্ট সুরক্ষা রয়েছে।
৫. সরকারি আবাসন ও সামাজিক সুবিধায় স্প্যানিশ নাগরিকদের অগ্রাধিকার
এটি দুই দলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমঝোতার ক্ষেত্র হতে পারে।
ভক্স সরকারি আবাসন, শিশুযত্ন কেন্দ্র, খাবারের ভাতা, পরিবহন সহায়তা এবং সামাজিক সুবিধায় স্প্যানিশ নাগরিকদের অগ্রাধিকার দিতে চায়। পিপি সরাসরি জাতীয়তার ভিত্তিতে বৈষম্যের কথা না বলে স্পেনের সঙ্গে বাস্তব ও দীর্ঘস্থায়ী সম্পর্ককে অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব করেছে।
সম্ভাব্য প্রভাব: দীর্ঘদিনের বাসিন্দা না হলে অথবা নির্দিষ্ট সময়ের নিবন্ধিত বসবাসের শর্ত পূরণ না করলে বিদেশি পরিবার সরকারি আবাসন ও কিছু সহায়তা পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে পড়তে পারে। বাংলাদেশি পরিবারগুলোর ক্ষেত্রেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
৬. অনিয়মিত অভিবাসীদের স্বাস্থ্যসেবা ও সামাজিক সহায়তা সীমিত করা হবে
ভক্স অনিয়মিত অভিবাসীদের সামাজিক সুবিধা বন্ধ এবং গুরুতর জরুরি পরিস্থিতি ছাড়া সরকারি স্বাস্থ্যসেবায় প্রবেশ সীমিত করার প্রস্তাব দিয়েছে। পাশাপাশি স্প্যানিশ নাগরিকদের জন্য আয়ভিত্তিক ন্যূনতম জীবিকা সহায়তা বা আইএমভি (IMV) সংরক্ষণের কথা বলেছে।
পিপির ইশতেহারেও সরকারি সহায়তা পাওয়ার ক্ষেত্রে স্পেনের সঙ্গে সম্পর্ক ও সংযুক্তিকে অগ্রাধিকার দেওয়ার কথা রয়েছে।
সম্ভাব্য প্রভাব: অনিয়মিত অবস্থায় থাকা বাংলাদেশি পরিবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। শিশু, অন্তঃসত্ত্বা নারী এবং দীর্ঘমেয়াদি অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রেও স্বাস্থ্যসেবার প্রাপ্যতা নিয়ে জটিলতা তৈরি হতে পারে। তবে শিশু ও জরুরি চিকিৎসার ক্ষেত্রে জাতীয় ও ইউরোপীয় আইনের সুরক্ষা উপেক্ষা করে সব অধিকার বাতিল করা সম্ভব নয়।
৭. বিদেশিদের বহিষ্কার ও প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ করা হবে
পিপি অনিয়মিতভাবে সীমান্ত অতিক্রমকারীদের সাত দিনের মধ্যে শনাক্তকরণ, দ্রুত প্রত্যাবাসন এবং যৌন অপরাধ, গুরুতর সহিংস অপরাধ ও পুনরাবৃত্ত অপরাধে দণ্ডিত বিদেশিদের বহিষ্কারের প্রস্তাব দিয়েছে।
ভক্স অনিয়মিত অভিবাসীদের প্রত্যাবাসনের পাশাপাশি গুরুতর অপরাধে জড়িত বিদেশিদের বহিষ্কারের পক্ষে।
সম্ভাব্য প্রভাব: অনিয়মিত অবস্থায় থাকা ব্যক্তিদের বহিষ্কারের ঝুঁকি বাড়তে পারে। অপরাধে দণ্ডিত বিদেশিদের ক্ষেত্রেও কঠোরতা আসতে পারে। তবে বহিষ্কার স্বয়ংক্রিয় নয়; ব্যক্তির আইনি অবস্থা, পারিবারিক সম্পর্ক, আন্তর্জাতিক সুরক্ষা এবং আদালতের সিদ্ধান্ত বিবেচনা করতে হবে।
পিপি-ভক্স জোট সরকার হলে নেতিবাচক প্রভাব কেন বাড়তে পারে?
এখানে নির্বাচনী ইশতেহারের চেয়েও গুরুত্বপূর্ণ হলো দুই দলের রাজনৈতিক সম্পর্ক এবং সরকার গঠনের দর-কষাকষি।
পিপি এককভাবে সরকার গঠন করতে না পারলে ভক্সের সংসদীয় সমর্থন প্রয়োজন হতে পারে। সে ক্ষেত্রে ভক্স সরকারে অংশগ্রহণ, মন্ত্রণালয় কিংবা নীতিনির্ধারণী দায়িত্বের বিনিময়ে অভিবাসনবিষয়ক দাবিগুলো বাস্তবায়নের শর্ত দিতে পারে।
এমন আশঙ্কার বাস্তব ভিত্তিও রয়েছে। ২০২৬ সালে একাধিক স্বায়ত্তশাসিত অঞ্চলে পিপি ও ভক্সের মধ্যে সরকার পরিচালনা ও সমর্থনসংক্রান্ত চুক্তিতে জাতীয় অগ্রাধিকার, অনিয়মিত অভিবাসীদের প্রত্যাবাসন এবং অভিবাসন সহায়তাকারী সংগঠনগুলোর সরকারি অনুদান বন্ধের মতো বিষয় অন্তর্ভুক্ত হয়েছে।
অর্থাৎ জাতীয় পর্যায়ে জোট হলে একই ধরনের সমঝোতা আরও বিস্তৃত হতে পারে।
এখানে তিনটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
প্রথমত, পিপি ভক্সের অবস্থানকে আরও গ্রহণযোগ্য রাজনৈতিক নীতিতে পরিণত করতে পারে। পিপি সরাসরি সব বিদেশির বিরুদ্ধে অবস্থান না নিলেও ভক্সের জাতীয় অগ্রাধিকার নীতিকে কিছুটা পরিবর্তিত ভাষায় গ্রহণের নজির রয়েছে। ফলে সরকারি আবাসন ও সামাজিক সহায়তায় দীর্ঘদিনের বসবাসের শর্ত কঠোর হতে পারে।
দ্বিতীয়ত, প্রশাসনিক ব্যবস্থায় পরিবর্তন আনা তুলনামূলক সহজ হতে পারে। নতুন আইন পাস করতে সংসদীয় প্রক্রিয়া প্রয়োজন হলেও মন্ত্রণালয়ের অগ্রাধিকার, প্রশাসনিক নির্দেশনা, সীমান্ত নিয়ন্ত্রণ এবং প্রত্যাবাসন কার্যক্রমে নতুন সরকার দ্রুত পরিবর্তন আনতে পারে। এর ফলে অভিবাসন দপ্তরে আবেদন নিষ্পত্তি, অনুমতি নবায়ন ও প্রত্যাবাসনসংক্রান্ত সিদ্ধান্তের পরিবেশ বদলে যেতে পারে।
তৃতীয়ত, ভক্সের প্রভাব শুধু মন্ত্রিসভায় সীমাবদ্ধ নাও থাকতে পারে। সংসদে সরকারের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে হলে ভক্সের সমর্থন প্রয়োজন হতে পারে। ফলে অভিবাসননীতি ছাড়াও সামাজিক সহায়তা, আবাসন ও নাগরিকত্বের মতো বিষয়ে তাদের দাবি সরকারের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।
তবে সব প্রস্তাব বাস্তবায়ন করা সম্ভব হবে না। আররাইগো বিলুপ্তি, স্বাস্থ্যসেবায় বৈষম্য কিংবা নাগরিকত্ব প্রত্যাহারের মতো বিষয় সংবিধান, ইউরোপীয় আইন এবং আদালতের পর্যালোচনার মুখোমুখি হতে পারে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও দুই দলের ইশতেহার বিশ্লেষণ করে মানবাধিকার ও সমতার ক্ষেত্রে একাধিক প্রস্তাব নিয়ে উদ্বেগ জানিয়েছে।
বাংলাদেশিদের জন্য বাস্তব চিত্র
সম্ভাব্য প্রভাবের দিক থেকে বাংলাদেশি কমিউনিটিকে তিনটি অবস্থানে বিবেচনা করা প্রয়োজন।
স্প্যানিশ নাগরিকত্ব পাওয়া বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিদের জন্য সরাসরি অভিবাসন আইনের পরিবর্তনের ঝুঁকি তুলনামূলক কম। তাঁদের স্প্যানিশ নাগরিক হিসেবে অধিকার রয়েছে।
বৈধ বসবাসের অনুমতিধারীদের ক্ষেত্রে প্রধান উদ্বেগ হবে ভবিষ্যতে অনুমতি নবায়নের নতুন শর্ত, নাগরিকত্ব অর্জনের নিয়ম এবং সামাজিক সুবিধায় সম্ভাব্য পরিবর্তন।
আর অনিয়মিত অবস্থায় থাকা বাংলাদেশিদের জন্য পরিস্থিতি সবচেয়ে কঠিন হতে পারে। আররাইগো ব্যবস্থা সংকুচিত বা বিলুপ্ত হলে বৈধ হওয়ার প্রচলিত পথ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সব মিলিয়ে, পিপি-ভক্স জোট সরকারের সবচেয়ে বড় সম্ভাব্য নেতিবাচক প্রভাব হবে স্পেনে বৈধ হওয়ার সুযোগ সংকুচিত করা এবং বৈধভাবে বসবাসকারী বিদেশিদের কিছু সামাজিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে বাড়তি শর্ত তৈরি করা। বিশেষ করে ভক্সের প্রস্তাবগুলো পিপি গ্রহণ করলে অভিবাসননীতি শুধু সীমান্ত নিয়ন্ত্রণে সীমাবদ্ধ থাকবে না, বরং স্পেনে বসবাসরত বিদেশিদের সামাজিক ও আইনি অবস্থানেও প্রভাব ফেলতে পারে।
লেখক- মিরন নাজমুল, সম্পাদক প্রবাহ বাংলা, ই-মেইল : [email protected].