মালয়েশিয়ার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সাক্ষী হলেন ফ্রান্সের প্রেসিডেন্ট
মালয়েশিয়ার ঐতিহ্য, সংস্কৃতি ও বহুজাতিক জনগোষ্ঠীর জীবনযাত্রার সঙ্গে পরিচিত হতে রাজধানী কুয়ালালামপুরের ঐতিহাসিক পেতালিং স্ট্রিট ও পাসার সেনি এলাকা ঘুরে দেখেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দুই নেতার এই অনানুষ্ঠানিক সফরে উঠে আসে কুয়ালালামপুরের ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকার ইতিহাস, সাংস্কৃতিক বৈচিত্র্য ও পর্যটন আকর্ষণের নানা দিক।
ফ্রান্সের প্রেসিডেন্টের মালয়েশিয়া সফরের অংশ হিসেবে মঙ্গলবার দুপুর ২টার দিকে দুই নেতা চায়নাটাউনখ্যাত পেতালিং স্ট্রিট এলাকায় পৌঁছান। তাঁদের সঙ্গে দুই দেশের প্রতিনিধিদল, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীরা ছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর দপ্তরের (ফেডারেল অঞ্চলবিষয়ক) মন্ত্রী হান্না ইয়োহও উপস্থিত ছিলেন।
প্রায় ৩০ মিনিটের এই পরিদর্শনে আনোয়ার ইব্রাহিম ও ম্যাক্রোঁ পেতালিং স্ট্রিটের বিভিন্ন দোকানপাট ও বিপণিবিতানের সারি ধরে হেঁটে ঘুরে দেখেন। এ সময় তাঁরা স্থানীয় ব্যবসা-বাণিজ্য, পণ্যের বৈচিত্র্য এবং পর্যটকদের আনাগোনা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের অংশ হিসেবে দুই নেতা জালান তুন এইচ এস লির কাছাকাছি অবস্থিত ঐতিহাসিক গুয়ান দি মন্দির ও শ্রী মহা মারিয়াম্মান মন্দির পরিদর্শন করেন। মন্দির দুটির ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে ম্যাক্রোঁকে অবহিত করেন আনোয়ার ইব্রাহিম। শ্রী মহা মারিয়াম্মান মন্দিরে পৌঁছালে ফরাসি প্রেসিডেন্টকে ফুলের মালা দিয়ে স্বাগত জানানো হয়।
এ সময় আনোয়ার ইব্রাহিম কুয়ালালামপুরের এই ঐতিহ্যবাহী এলাকার বহুজাতিক সংস্কৃতি, স্থানীয় পণ্য, ব্যবসা-বাণিজ্যের বিকাশ এবং ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে ম্যাক্রোঁকে বিভিন্ন তথ্য তুলে ধরেন।
হাঁটাহাঁটির সময় দুই নেতা সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তাঁদের দেখে স্থানীয় বাসিন্দা ও বিদেশি পর্যটকদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা যায়। তাঁরা হাত নেড়ে উপস্থিত লোকজনের অভিবাদনের জবাব দেন এবং অনেকের সঙ্গে কুশল বিনিময় করেন।
কূটনৈতিক সম্পর্ক জোরদার ও দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে ম্যাক্রোঁর মালয়েশিয়া সফরে বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে। ২০১৭ সালের মে মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম আনুষ্ঠানিক মালয়েশিয়া সফর।
বাণিজ্যিক সম্পর্কের দিক থেকেও মালয়েশিয়া ও ফ্রান্সের মধ্যে গুরুত্বপূর্ণ অংশীদারত্ব রয়েছে। ফ্রান্স মালয়েশিয়ার দশম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে তৃতীয় বৃহত্তম অংশীদার। ২০২৫ সালে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ৪৭০ কোটি ইউরো, যা মালয়েশীয় মুদ্রায় প্রায় ২ হাজার ১২৩ কোটি রিঙ্গিত। ২০২৪ সালের তুলনায় এই বাণিজ্য ১১ শতাংশ বেড়েছে।













