সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন গোয়েন্দাদের তথ্য

যুদ্ধের পরও ইরানের হাতে আড়াই হাজার ক্ষেপণাস্ত্র

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:২৮ পিএম
যুদ্ধের পরও ইরানের হাতে আড়াই হাজার ক্ষেপণাস্ত্র

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক মাসের হামলায় ইরানের সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সাম্প্রতিক মূল্যায়নে উঠে এসেছে ভিন্ন তথ্য। তাদের ধারণা, যুদ্ধের ক্ষয়ক্ষতির পরও ইরানের হাতে এখনো ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র থাকতে পারে।

নতুন করে সংঘাত শুরু হলে এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতা রয়েছে তেহরানের। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নের বরাত দিয়ে রোববার (১৫ নভেম্বর) এ তথ্য জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক মাসের হামলায় ইরানের অস্ত্র অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও দেশটির ভান্ডারে এখনো উল্লেখযোগ্যসংখ্যক ক্ষেপণাস্ত্র রয়েছে। ফলে আবার সংঘাত শুরু হলে এসব অস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর হামলা চালাতে পারে তেহরান। এ তথ্য ট্রাম্পের ইরানের সামরিক সক্ষমতা প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার দাবিকে প্রশ্নের মুখে ফেলেছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তবে গোয়েন্দাদের এই মূল্যায়নের বিষয়ে মার্কিন কর্মকর্তাদের আত্মবিশ্বাসের মাত্রা কম। কারণ, ইরানের কতগুলো ক্ষেপণাস্ত্র তাৎক্ষণিক উৎক্ষেপণের জন্য প্রস্তুত এবং কতগুলো সংরক্ষণাগারে রাখা আছে, তা নির্ভুলভাবে নির্ধারণ করা কঠিন।

প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের আগের অবস্থায় অস্ত্রভান্ডার ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে ইরানের অগ্রগতি এখন ধীর। তবে দেশটির হাতে উল্লেখযোগ্যসংখ্যক ড্রোন ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রও রয়েছে। এসব অস্ত্র ব্যবহার করে আঞ্চলিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতা রয়েছে ইরানের।

ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের ধারণা, ইরানের কাছে ১ হাজার ৫০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। তবে এ বিষয়ে বিভিন্ন আঞ্চলিক মূল্যায়নে ভিন্নতা দেখা গেছে।

যুক্তরাষ্ট্রের সাবেক উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী সিমোন লিডিন বলেন, অপেক্ষাকৃত কম হিসাবটিও যদি সঠিক হয়, তাহলে বোঝা যায়, যুদ্ধের আগে ইরানের হাতে যে পরিমাণ ক্ষেপণাস্ত্র ছিল, তার অর্ধেকের বেশি দেশটি পুনরায় মজুত করতে পেরেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, রাডার ব্যবস্থা এবং আগাম সতর্কীকরণ অবকাঠামোর দুর্বলতা বারবার প্রকাশ পেয়েছে।

এদিকে তেহরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর পরিবর্তে নিষেধাজ্ঞা ও অবরোধের মাধ্যমে অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার কৌশল নিয়েছে ওয়াশিংটন।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পাল্টা হামলার আশঙ্কায় উপসাগরীয় মিত্রদেশগুলো নতুন করে সংঘাত শুরু না করতে ওয়াশিংটনকে সতর্ক করেছে। অন্যদিকে ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ অব্যাহত রেখেছে ইসরায়েল।

 

সৌদি আরবে ৭ দিনে প্রায় ১২ হাজার প্রবাসী গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৫৪ এম
সৌদি আরবে ৭ দিনে প্রায় ১২ হাজার প্রবাসী গ্রেপ্তার

আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে প্রায় ১২ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। রোববার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ।

 

এতে বলা হয়েছে, গত ৫ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ১১ হাজার ৯৫২ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ৬ হাজার ১৬৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৩ হাজার ২২৫ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ২ হাজার ৫৬৪ জন রয়েছেন। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করেছে।

 

একই সময়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৬৫৮ জনকে এবং অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টার অভিযোগে আরও ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ১৬ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।

 

এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় এক হাজার ৪১৮ জন গ্রেপ্তার হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ইথিওপিয়ান ৫৭ শতাংশ, ইয়েমেনি ৪১ শতাংশ এবং অন্যান্য দেশের ২ শতাংশ নাগরিক রয়েছেন।

 

একই সময়ে অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও ২৪ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ১৫ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।

 

মন্ত্রণালয় বলে, বর্তমানে দেশটিতে ৪০ হাজার ৭৬২ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে ৩৮ হাজার ৩৮৩ জন পুরুষ এবং ২ হাজার ৩১৯ জন নারী। গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে ২২ হাজার ৪৫১ জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।

 

একই সময়ে ১১ হাজার ৪১৮ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া ভ্রমণ সংক্রান্ত অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আরও ৯ হাজার ৮০০ জনকে পাঠানো হয়েছে।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলে, কেউ যদি সৌদি আরবে অবৈধভাবে প্রবেশে সহায়তা করেন, দেশের অভ্যন্তরে আইন লঙ্ঘনকারীদের পরিবহন করেন, আবাসন বা অন্য কোনো ধরনের সহায়তা ও সেবা প্রদান করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

 

এ ধরনের অপরাধীদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়া, আইন লঙ্ঘনকারীদের পরিবহনে ব্যবহৃত যানবাহন এবং তাদের আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত সম্পত্তিও বাজোপ্ত করা হতে পারে।

 

সূত্র: গালফ নিউজ

 

হরমুজে ভয়াবহ বিস্ফোরণ, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল ট্যাংকার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৪৯ এম
হরমুজে ভয়াবহ বিস্ফোরণ, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল ট্যাংকার

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চল দিয়ে যাওয়ার সময়মাইনে আঘাত লেগে দুটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পর জাহাজ দুটিতে আগুন ধরে যায়।

 

রোববার (১৫) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

 

বিবৃতিতে বলা হয়, ‘হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলের নিষিদ্ধ এলাকায় চলাচলকারী দুটি তেলবাহী ট্যাংকার সমুদ্রের মাইনে আঘাত হানার পর ভয়াবহ বিস্ফোরণের শিকার হয়েছে।’

 

ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত জাহাজ দুটির একটি ছিল সুপারট্যাংকার। এতে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল ছিল। বিস্ফোরণের পর জাহাজটি পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলীয় জলসীমায় ডুবে গেছে।

 

এদিকে ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষের সঙ্গে সংঘর্ষ এড়াতে ওই এলাকার জেলেদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আইআরজিসি।

 

তবে দ্বিতীয় ট্যাংকারটির ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

 

আবারও উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে

বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে ইরানের ছয় ড্রোনের হামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৪৫ এম
বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে ইরানের ছয় ড্রোনের হামলা

দীর্ঘ বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। বাহরাইনে অবস্থিত একটি মার্কিন রাডার ব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। স্থানীয় সময় রোববার সকালে দেশটির রাজধানী মানামায় হঠাৎ সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এ সময় কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দও শোনা যায়।

তবে বাহরাইন সরকার জানিয়েছে, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ইরানের ড্রোনগুলো প্রতিহত করা হয়েছে।

ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বাহরাইনে মোট ছয়টি ড্রোন পাঠায়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপরাষ্ট্র বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম বহরের সদর দপ্তর অবস্থিত। এর আগেও বিভিন্ন সময়ে দেশটিতে একাধিকবার হামলা চালিয়েছে তেহরান। রোববারের আকস্মিক এ হামলার পর পুরো উপসাগরীয় অঞ্চলে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের সামরিক সংঘাতে জড়ানো এড়িয়ে চললেও কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছেন। অন্যদিকে, যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনা অচলাবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ অব্যাহত রেখেছে। বিপরীতে ইরানও ওই অঞ্চলে নিজেদের কৌশলগত নিয়ন্ত্রণ বজায় রেখেছে।

তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ

এদিকে লোহিত সাগরের সাম্প্রতিক ঘটনাগুলো উপসাগরীয় অঞ্চলে জ্বালানি তেলের সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। হুতি বিদ্রোহীদের সঙ্গে দীর্ঘ সংঘাতের একপর্যায়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব এলাকা থেকে পিছু হটতে বাধ্য হয়েছে ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারি বাহিনী। এতে ওই জলপথের ওপর ইরান সমর্থিত হুতিদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হয়েছে।

সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলের অন্যান্য তেল উৎপাদনকারী দেশ বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের জন্য এই নৌপথ ব্যবহার করে। ফলে নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে বিশ্ব অর্থনীতি ও তেলের বাজারে অনিশ্চয়তা আরও বাড়তে পারে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক