সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

এক নজরে স্পেনের সর্বশেষ সংবাদ

স্পেন প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৬:২৫ পিএম
এক নজরে স্পেনের সর্বশেষ সংবাদ

২৯ নভেম্বরের নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী দুই নেতা পেদ্রো সানচেজ ও আলবার্তো নুনিয়েজ ফেইখো। ছবি- ইন্টারনেট থেকে।

১. নির্বাচনের নতুন জরিপে পিএসওই এগিয়ে, তবে অন্য জরিপে পিপির অবস্থান শক্তিশালী

স্পেনের ২৯ নভেম্বরের জাতীয় নির্বাচন সামনে রেখে প্রকাশিত নতুন জনমত জরিপগুলোতে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার চিত্রে কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে। শনিবার প্রকাশিত এসডব্লিউ ডেমোস্কোপিয়ার জরিপে পেদ্রো সানচেজের দল পিএসওই ৩১.৭ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে রয়েছে। অন্যদিকে পিপলস পার্টি বা পিপি পেয়েছে ২৮.৩ শতাংশ এবং ভক্স পেয়েছে ১৭.১ শতাংশ।

তবে একই দিনে প্রকাশিত ৪০ডিবি জরিপে ভিন্ন চিত্র পাওয়া গেছে। এল পায়িস ও কাদেনা সেরের জন্য পরিচালিত এই জরিপে পিপি পেয়েছে ৩১.১ শতাংশ এবং পিএসওই ২৯.৮ শতাংশ সমর্থন। অর্থাৎ এই জরিপে রক্ষণশীল দলটি এগিয়ে রয়েছে।

জরিপগুলোর এই পার্থক্য দেখাচ্ছে, নির্বাচনের আগে ভোটের লড়াই এখনো অনিশ্চিত। পিপি ও ভক্স একসঙ্গে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে বলে কয়েকটি জরিপে ইঙ্গিত দেওয়া হয়েছে। অন্যদিকে পিএসওইর পক্ষে থাকা ভোটারদের একত্রিত করার চেষ্টা করছেন সানচেজ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তবে মনে রাখতে হবে, জনমত জরিপ নির্বাচনের ফল নয়। ভোটের দিন পর্যন্ত ভোটারদের পছন্দ বদলাতে পারে।

| তথ্যসূত্র: এসডব্লিউ ডেমোস্কোপিয়া, ৪০ডিবি, এল পায়িস, মাপা ইলেক্তোরাল


২. এক দিনে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছালেন ১ হাজার ৪৮৮ অভিবাসী, ২০২০ সালের রেকর্ড ভাঙল

আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে শনিবার স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন ১ হাজার ৪৮৮ জন অভিবাসী। স্পেনের সামুদ্রিক উদ্ধার সংস্থার হিসাবে, ১৪টি নৌকা থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে। ২০২০ সালের নভেম্বরের পর এক দিনে এত বেশি অভিবাসী উদ্ধারের ঘটনা ঘটেনি।

উদ্ধার হওয়া মানুষের মধ্যে ১ হাজার ২৩৫ জন পৌঁছেছেন এল হিয়েরো দ্বীপে। বাকিদের গ্রান ক্যানারিয়া ও তেনেরিফে নেওয়া হয়েছে। সবচেয়ে বড় নৌকাটিতে ছিলেন ২৪০ জন। তাঁদের মধ্যে ১২ জন নারী ও ৩৬ জন শিশু ছিলেন।

অধিকাংশ অভিবাসী সেনেগাল, গাম্বিয়া ও গিনি-কোনাক্রি থেকে এসেছেন। তাঁদের কেউ কেউ চার থেকে সাত দিন সমুদ্রে কাটিয়ে স্পেনে পৌঁছেছেন। গাম্বিয়ার গুনজুর থেকে আসা ২৪০ জনের একটি দল জানিয়েছে, তাঁদের সমুদ্রযাত্রায় ছয় দিন লেগেছে।

এল হিয়েরো দ্বীপের জনসংখ্যা মাত্র প্রায় ১১ হাজার ৪০০। ফলে অল্প সময়ের মধ্যে বিপুলসংখ্যক মানুষের আগমন স্থানীয় আশ্রয়কেন্দ্র, স্বাস্থ্যসেবা ও উদ্ধার ব্যবস্থার ওপর বড় চাপ তৈরি করেছে। পরিস্থিতি পর্যালোচনা করতে রবিবার দ্বীপটি সফরের কথা রয়েছে স্পেনের আঞ্চলিক নীতিমন্ত্রী আঙ্গেল ভিক্তর তোরেসের।

| তথ্যসূত্র: রয়টার্স, ইউরোপীয় সংবাদ সংস্থা ইএফই, স্পেন ইন ইংলিশ


৩. ১৯ নভেম্বর মুখোমুখি বিতর্কে সানচেজ ও নুনিয়েজ ফেইখো, সরাসরি সম্প্রচার করবে আরটিভিই

স্পেনের জাতীয় নির্বাচনের প্রচারে গুরুত্বপূর্ণ একটি ঘটনা হতে যাচ্ছে আগামী ১৯ নভেম্বর। ওই দিন রাত ১০টায় প্রধানমন্ত্রী ও পিএসওই নেতা পেদ্রো সানচেজ এবং পিপি নেতা আলবার্তো নুনিয়েজ ফেইখো সরাসরি টেলিভিশন বিতর্কে অংশ নেবেন।

টেলিভিশন একাডেমির আয়োজনে বিতর্কটি পরিচালনা করবেন একাডেমির সভাপতি মারিয়া কাসাদো। বিতর্কে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা হবে: আবাসন, অর্থনীতি ও করব্যবস্থা, সামাজিক নীতি ও সরকারি পরিষেবা, দুর্নীতি দমন ও গণতান্ত্রিক সংস্কার এবং অভিবাসন ও পররাষ্ট্রনীতি।

লটারির মাধ্যমে ঠিক হয়েছে, বিতর্কের শুরুতে বক্তব্য দেবেন নুনিয়েজ ফেইখো এবং শেষ করবেন সানচেজ।

স্পেনের জাতীয় সম্প্রচারমাধ্যম আরটিভিইর প্রথম চ্যানেল, ২৪ ঘণ্টার সংবাদ চ্যানেল, আন্তর্জাতিক চ্যানেল, জাতীয় বেতার, ওয়েবসাইট ও অনলাইন সম্প্রচারমাধ্যমে বিতর্কটি সরাসরি দেখা যাবে।

এ ছাড়া ২৩ নভেম্বর রাত ১০টায় আটটি রাজনৈতিক দলের সংসদীয় প্রতিনিধিদের নিয়ে আরেকটি বিতর্ক আয়োজন করবে আরটিভিই। নির্বাচনের মাত্র ছয় দিন আগে এই বিতর্কে আবাসন, অর্থনীতি, কর্মসংস্থান, অবকাঠামো এবং রাজনৈতিক সমঝোতার বিষয়গুলো গুরুত্ব পাবে।

| তথ্যসূত্র: আরটিভিই, ইউরোপা প্রেস


৪. ক্ষমতায় গেলে আবাসন মন্ত্রণালয়ের দায়িত্ব উপপ্রধানমন্ত্রীর অধীনে দেওয়ার ঘোষণা ফেইখোর

ক্ষমতায় গেলে স্পেনের আবাসন মন্ত্রণালয় নিয়ে কী পরিকল্পনা রয়েছে, তা নিয়ে নিজের অবস্থান কিছুটা স্পষ্ট করেছেন পিপি নেতা আলবার্তো নুনিয়েজ ফেইখো।

শনিবার গালিসিয়ার সান্তিয়াগো দে কম্পোস্তেলায় নির্বাচনী সমাবেশে তিনি জানান, প্রধানমন্ত্রী হতে পারলে আবাসন খাতের দায়িত্ব একটি উপপ্রধানমন্ত্রীর অধীনে দেওয়া হবে। তাঁর ভাষায়, আবাসন এখন স্পেনের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি।

এর আগে শুক্রবার তিনি জানিয়েছিলেন, তাঁর সরকার গঠিত হলে বর্তমানের মতো আলাদা আবাসন মন্ত্রণালয় থাকবে না। নতুন বক্তব্যে তিনি বিষয়টি আরও ব্যাখ্যা করে বলেন, আবাসন নীতিকে সরকারের উচ্চপর্যায়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

ফেইখো আরও প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁর সরকার এক মিলিয়ন নতুন বাড়ি নির্মাণের লক্ষ্য নিয়ে কাজ করবে। স্পেনে বাড়ি ও ফ্ল্যাটের দাম এবং ভাড়া বেড়ে যাওয়ায় তরুণ ও মধ্যবিত্ত পরিবারের জন্য আবাসন পাওয়া কঠিন হয়ে উঠেছে। ফলে নির্বাচনী প্রচারে বিষয়টি এখন অন্যতম প্রধান আলোচনায় পরিণত হয়েছে।

| তথ্যসূত্র: আরটিভিই


৫. সাবাদেলে আবার অপহরণের চেষ্টা, বেসবল ব্যাট দিয়ে পিটিয়ে আহত করা হলো এক ব্যক্তিকে

কাতালোনিয়ার সাবাদেল শহরে এক ব্যক্তিকে বেসবল ব্যাট দিয়ে পিটিয়ে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। বৃহস্পতিবার রাতে ঘটে যাওয়া এই ঘটনায় আহত হলেও হামলাকারীদের হাত থেকে পালাতে সক্ষম হন ওই ব্যক্তি।

অপহরণের চেষ্টার ঘটনা তদন্ত করছে কাতালোনিয়ার পুলিশ মোসোস দে’স্কোয়াদ্রা। ছবি- ইন্টারনেট থেকে।

মোসোস দে’স্কোয়াদ্রার সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, ওই ব্যক্তি একটি নির্দিষ্ট জায়গায় কয়েকজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখানে পৌঁছানোর পর দুটি গাড়িতে আসা পাঁচ থেকে ছয়জন ব্যক্তির মুখোমুখি হন তিনি। এরপর তাঁকে বেসবল ব্যাট দিয়ে বারবার আঘাত করা হয় এবং জোর করে একটি গাড়িতে তোলার চেষ্টা চলে।

আহত অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হওয়ার পর তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

তদন্তকারীরা মনে করছেন, এই ব্যক্তি গত সেপ্টেম্বর মাসে এপি-৭ মহাসড়কে অপহরণের শিকার হওয়া একই ব্যক্তি কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। ওই ঘটনায় কয়েকজন ব্যক্তি পুলিশের পরিচয় দেওয়ার ভান করে তাঁকে গাড়ি থেকে নামিয়ে অপহরণ করেছিল। ঘটনাটির ভিডিও তখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।

মোসোস দে’স্কোয়াদ্রার অপরাধ তদন্ত বিভাগ নতুন ঘটনার তদন্ত শুরু করেছে। তবে হামলার পেছনের উদ্দেশ্য এবং দুই ঘটনার মধ্যে সম্পর্ক এখনো নিশ্চিত হয়নি।

| তথ্যসূত্র: ২০ মিনিটোস, এল কাসো, ইউরোপীয় সংবাদ সংস্থা ইএফই


৬. ১৭ নভেম্বর রোদালিসে ধর্মঘট, ব্যস্ত সময়ে চলবে ৬৬ শতাংশ ট্রেন

আগামী মঙ্গলবার, ১৭ নভেম্বর রোদালিস রেল পরিষেবায় ধর্মঘটের কারণে যাত্রীদের ভোগান্তির আশঙ্কা রয়েছে। ধর্মঘটের দিন ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ না হলেও স্বাভাবিক পরিষেবার তুলনায় অনেক কম ট্রেন চলবে।

জেনারেলিতাতের নির্ধারিত ন্যূনতম পরিষেবা অনুযায়ী, সকাল ৬টা থেকে ৯টা ৩০ মিনিট এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত নির্ধারিত ট্রেনের ৬৬ শতাংশ চলবে। দিনের বাকি সময়ে চলবে ৩৩ শতাংশ।

অর্থাৎ ব্যস্ত সময়ে প্রতি তিনটি নির্ধারিত ট্রেনের মধ্যে প্রায় দুটি এবং অন্য সময়ে প্রতি তিনটির মধ্যে একটি চালু থাকবে।

যাঁরা প্রতিদিন কাজ, পড়াশোনা বা অন্য প্রয়োজনে রোদালিস ব্যবহার করেন, তাঁদের মঙ্গলবার যাত্রার আগে সময়সূচি যাচাই করে নেওয়া উচিত। বিশেষ করে অফিসে যাওয়া ও ফেরার সময় অতিরিক্ত সময় হাতে রাখা ভালো।

| তথ্যসূত্র: কাতালোনিয়ার আঞ্চলিক সরকার, রোদালিস


৭. কাতালোনিয়ায় আবাসন খাতে প্রায় ১০০ কোটি ইউরোর নতুন পরিকল্পনা

কাতালোনিয়ার আবাসন সংকট মোকাবিলায় প্রায় ১০০ কোটি ইউরোর একটি নতুন আর্থিক পরিকল্পনা অনুমোদন করেছে জেনারেলিতাত সরকার। এই অর্থ তরুণদের ভাড়া সহায়তা, পুরোনো বাড়ি সংস্কার এবং নতুন আবাসন সংগ্রহের মতো কাজে ব্যবহার করা হবে।

কাতালোনিয়ার প্রেসিডেন্ট সালভাদর ইয়া জানিয়েছেন, এই অর্থ স্পেনের ২০২৬-২০৩০ জাতীয় আবাসন পরিকল্পনার অংশ। মোট অর্থের প্রায় ৬০ শতাংশ দেবে কেন্দ্রীয় সরকার এবং বাকি ৪০ শতাংশ দেবে কাতালোনিয়ার আঞ্চলিক সরকার।

সরকারের লক্ষ্য, আবাসন সরবরাহ বাড়ানোর পাশাপাশি যেসব তরুণ ও পরিবার বাড়ি ভাড়া নিতে গিয়ে আর্থিক সমস্যায় পড়ছেন, তাঁদের সহায়তা করা।

তবে এই পরিকল্পনার সুফল তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে না বলে জানিয়েছেন সালভাদর ইয়া। নতুন বাড়ি নির্মাণ, সংস্কার এবং সহায়তা কর্মসূচি বাস্তবায়নে সময় লাগবে।

| তথ্যসূত্র: কাতালান নিউজ


৮. রোদালিস, বিমানবন্দর ও মহাসড়ক নিয়ে মাদ্রিদ-বার্সেলোনার মধ্যে ১১৪ কোটি ৮০ লাখ ইউরোর সমঝোতা

কাতালোনিয়ার পরিবহন ও অবকাঠামো উন্নয়নে নতুন সমঝোতায় পৌঁছেছে স্পেনের কেন্দ্রীয় সরকার ও জেনারেলিতাত। বৃহস্পতিবার বার্সেলোনায় অনুষ্ঠিত দুই সরকারের দ্বিপক্ষীয় কমিশনের বৈঠকে রেল পরিষেবা, বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ মহাসড়ক নিয়ে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমঝোতার অংশ হিসেবে রোদালিসের রেল পরিষেবা পরিচালনায় ১১৪ কোটি ৮০ লাখ ইউরোর অর্থ হস্তান্তরের বিষয়ে অগ্রগতি হয়েছে। এর পাশাপাশি কাতালোনিয়ার বিমানবন্দরগুলোর কৌশলগত সিদ্ধান্তে আঞ্চলিক সরকারের অংশগ্রহণ বাড়াতে নতুন যৌথ সহযোগিতা কাঠামো তৈরির সিদ্ধান্ত হয়েছে।

এপি-৭ ও এপি-২ মহাসড়কের নিরাপত্তা, যোগাযোগ এবং সড়কের অবস্থা উন্নত করতে অতিরিক্ত ৭ কোটি ইউরো বিনিয়োগের পরিকল্পনাও রয়েছে।

কাতালোনিয়ার দীর্ঘদিনের দাবি ছিল, পরিবহন ও অবকাঠামো ব্যবস্থাপনায় আঞ্চলিক সরকারের ভূমিকা আরও বাড়ানো। নতুন সমঝোতাকে সেই দাবির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

| তথ্যসূত্র: এল পায়িস, স্পেনের আঞ্চলিক নীতি মন্ত্রণালয়

সৌদি আরবে ৭ দিনে প্রায় ১২ হাজার প্রবাসী গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৫৪ এম
সৌদি আরবে ৭ দিনে প্রায় ১২ হাজার প্রবাসী গ্রেপ্তার

আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে প্রায় ১২ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। রোববার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ।

 

এতে বলা হয়েছে, গত ৫ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ১১ হাজার ৯৫২ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ৬ হাজার ১৬৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৩ হাজার ২২৫ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ২ হাজার ৫৬৪ জন রয়েছেন। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করেছে।

 

একই সময়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৬৫৮ জনকে এবং অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টার অভিযোগে আরও ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ১৬ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।

 

এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় এক হাজার ৪১৮ জন গ্রেপ্তার হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ইথিওপিয়ান ৫৭ শতাংশ, ইয়েমেনি ৪১ শতাংশ এবং অন্যান্য দেশের ২ শতাংশ নাগরিক রয়েছেন।

 

একই সময়ে অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও ২৪ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ১৫ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।

 

মন্ত্রণালয় বলে, বর্তমানে দেশটিতে ৪০ হাজার ৭৬২ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে ৩৮ হাজার ৩৮৩ জন পুরুষ এবং ২ হাজার ৩১৯ জন নারী। গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে ২২ হাজার ৪৫১ জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।

 

একই সময়ে ১১ হাজার ৪১৮ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া ভ্রমণ সংক্রান্ত অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আরও ৯ হাজার ৮০০ জনকে পাঠানো হয়েছে।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলে, কেউ যদি সৌদি আরবে অবৈধভাবে প্রবেশে সহায়তা করেন, দেশের অভ্যন্তরে আইন লঙ্ঘনকারীদের পরিবহন করেন, আবাসন বা অন্য কোনো ধরনের সহায়তা ও সেবা প্রদান করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

 

এ ধরনের অপরাধীদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়া, আইন লঙ্ঘনকারীদের পরিবহনে ব্যবহৃত যানবাহন এবং তাদের আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত সম্পত্তিও বাজোপ্ত করা হতে পারে।

 

সূত্র: গালফ নিউজ

 

হরমুজে ভয়াবহ বিস্ফোরণ, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল ট্যাংকার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৪৯ এম
হরমুজে ভয়াবহ বিস্ফোরণ, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল ট্যাংকার

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চল দিয়ে যাওয়ার সময়মাইনে আঘাত লেগে দুটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পর জাহাজ দুটিতে আগুন ধরে যায়।

 

রোববার (১৫) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

 

বিবৃতিতে বলা হয়, ‘হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলের নিষিদ্ধ এলাকায় চলাচলকারী দুটি তেলবাহী ট্যাংকার সমুদ্রের মাইনে আঘাত হানার পর ভয়াবহ বিস্ফোরণের শিকার হয়েছে।’

 

ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত জাহাজ দুটির একটি ছিল সুপারট্যাংকার। এতে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল ছিল। বিস্ফোরণের পর জাহাজটি পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলীয় জলসীমায় ডুবে গেছে।

 

এদিকে ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষের সঙ্গে সংঘর্ষ এড়াতে ওই এলাকার জেলেদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আইআরজিসি।

 

তবে দ্বিতীয় ট্যাংকারটির ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

 

আবারও উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে

বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে ইরানের ছয় ড্রোনের হামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৪৫ এম
বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে ইরানের ছয় ড্রোনের হামলা

দীর্ঘ বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। বাহরাইনে অবস্থিত একটি মার্কিন রাডার ব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। স্থানীয় সময় রোববার সকালে দেশটির রাজধানী মানামায় হঠাৎ সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এ সময় কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দও শোনা যায়।

তবে বাহরাইন সরকার জানিয়েছে, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ইরানের ড্রোনগুলো প্রতিহত করা হয়েছে।

ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বাহরাইনে মোট ছয়টি ড্রোন পাঠায়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপরাষ্ট্র বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম বহরের সদর দপ্তর অবস্থিত। এর আগেও বিভিন্ন সময়ে দেশটিতে একাধিকবার হামলা চালিয়েছে তেহরান। রোববারের আকস্মিক এ হামলার পর পুরো উপসাগরীয় অঞ্চলে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের সামরিক সংঘাতে জড়ানো এড়িয়ে চললেও কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছেন। অন্যদিকে, যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনা অচলাবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ অব্যাহত রেখেছে। বিপরীতে ইরানও ওই অঞ্চলে নিজেদের কৌশলগত নিয়ন্ত্রণ বজায় রেখেছে।

তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ

এদিকে লোহিত সাগরের সাম্প্রতিক ঘটনাগুলো উপসাগরীয় অঞ্চলে জ্বালানি তেলের সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। হুতি বিদ্রোহীদের সঙ্গে দীর্ঘ সংঘাতের একপর্যায়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব এলাকা থেকে পিছু হটতে বাধ্য হয়েছে ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারি বাহিনী। এতে ওই জলপথের ওপর ইরান সমর্থিত হুতিদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হয়েছে।

সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলের অন্যান্য তেল উৎপাদনকারী দেশ বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের জন্য এই নৌপথ ব্যবহার করে। ফলে নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে বিশ্ব অর্থনীতি ও তেলের বাজারে অনিশ্চয়তা আরও বাড়তে পারে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক