আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ২৩ গাড়ির সংঘর্ষে নিহত ১৪
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ আমিরাতে ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাকের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। নিহতদের মধ্যে আমিরাতের নাগরিকদের পাশাপাশি কয়েকজন বিদেশিও রয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক প্রতিবেদনে দুর্ঘটনা ও হতাহতের এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় জানায়, বুধবার মধ্যরাতের কিছু আগে ফুজাইরাহ আমিরাতের প্রবেশমুখে দুর্ঘটনাটি ঘটে। একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি ট্রাককে ধাক্কা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে ট্রাক দুটি সড়ক থেকে ছিটকে গিয়ে যানজটে আটকে থাকা বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়।
একপর্যায়ে একটি ট্রাকে আগুন ধরে যায়। পরে সেই আগুন দ্রুত আশপাশের কয়েকটি যানবাহনে ছড়িয়ে পড়ে। এতে প্রাণহানির পাশাপাশি বহু মানুষ আহত হন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার পর উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি সেবা সংস্থার সদস্য এবং বিশেষায়িত দলগুলো কাজ করছে।
আহত ৩০ জনের মধ্যে ১৫ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বাকি ১৫ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে আমিরাতের নাগরিক ছাড়াও কয়েকটি দেশের নাগরিক রয়েছেন। তাঁদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।
এ ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত, ওমান, ভারত, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান ও মিসরের নাগরিক রয়েছেন।







