ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদে একাধিক ককটেল বিস্ফোরণ, আহত ১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনায় এক গাড়িচালক আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণস্থলের পাশে নিজের গাড়ি নিয়ে অবস্থান করছিলেন এক চালক। বেলা ১টা থেকে ২টার মধ্যে দুপুরের খাবার শেষে পাশের গাড়িটির দরজা খুলতে গেলে হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটে। এতে ওই গাড়িচালক গুরুতর আহত হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
অন্য একটি সূত্র জানায়, দুপুর ১টা থেকে ২টার মধ্যে সেখানে একাধিক ককটেল বিস্ফোরিত হয়েছে।
তাৎক্ষণিকভাবে এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। ভবনের ওপরের দিক থেকে ককটেল ছোড়া হয়েছে বলে দাবি করেছেন কয়েকজন। তবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল আমিন বলেন, আমাদের পার্কিংয়ে গাড়িটি রাখা ছিল। আমরা সিসিটিভি ফুটেজগুলো পরীক্ষা করছি। আমি নিজেও ঘটনাস্থলে ছিলাম এবং ফুটেজ দেখেছি। বিস্ফোরণে শুধু গাড়িচালক আহত হয়েছেন। আর কেউ আহত হওয়ার খবর আমরা পাইনি। শিক্ষার্থীরাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন।
তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে প্রক্টর অফিসকে বিষয়টি জানিয়েছি এবং থানায় খবর দিয়েছি। পুলিশের বিশেষজ্ঞরা এসে আলামত পরীক্ষা করলে ককটেলটি ঠিক কোন জায়গা থেকে নিক্ষেপ করা হয়েছে, তা শনাক্ত করতে পারবেন।
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের সদস্যসচিব মানসুর রাফি বলেন, ‘ক্যাম্পাসে এখনো ছাত্রলীগের পদধারী যারা আছে এবং আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত যেসব কর্মচারী রয়েছেন, তারাই মূলত সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন। এদের ধরতে পারলেই থলের বিড়াল বেরিয়ে আসবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল বলেন, ‘এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমি বর্তমানে ব্যবসায় শিক্ষা অনুষদে অবস্থান করছি। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে শিগগিরই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে।’
প্রসঙ্গত, মঙ্গলবার ভোর থেকে দেশের বিভিন্ন স্থানে নাশকতার খবর পাওয়া যাচ্ছে। শেখ হাসিনার দেশে ফেরার প্রচেষ্টার অংশ হিসেবে পাসপোর্টের আবেদনকে কেন্দ্র করে এসব সহিংসতার ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে।










