সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ঐক্যবদ্ধ যুবদলই গড়বে আগামীর নেতৃত্ব: মুন্না

মালয়েশিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:৩৯ পিএম
মালয়েশিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

প্রবাসে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী, গতিশীল ও সুসংহত করার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না। তিনি নেতাকর্মীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

রবিবার সন্ধ্যায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বারজায়া টাইমস স্কয়ারের হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

মালয়েশিয়া যুবদল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের মালয়েশিয়া শাখার সভাপতি জসিম উদ্দিন। সাধারণ সম্পাদক মো. রমজান আলী ও প্রচার সম্পাদক বাদল কারার যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে আবদুল মোনায়েম মুন্না সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনা দেন। তিনি প্রবাসের মাটিতে যুবদলের সাংগঠনিক কর্মকাণ্ড অব্যাহত রাখা এবং সংগঠনের আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রফিক আহমেদ ডলার। শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন মালয়েশিয়া যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল রানা।

আলোচনা সভায় বক্তারা যুবদলের প্রতিষ্ঠার ইতিহাস, দীর্ঘ রাজনৈতিক পথচলা এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে প্রবাসে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আতিকুর রহমান আতিক এবং মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ।

এ ছাড়া বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মুরাদ, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এসএম রহমান তনু ও সদস্যসচিব হেলাল শিকদার।
যুবদলের পক্ষে বক্তব্য দেন শেখ মোহাম্মদ সেলিম, নাজমুল হাসান, সুলতান বিন সিরাজ, আসাদুজ্জামান মাসুম, কেএ সবুজ, শাহিন আলম, জাহাঙ্গীর আলম হাওলাদার, জহিরুল ইসলাম রিপন, মিরাজ মাঝি, আবু হানিফ ও বাবু সরকার।

এ সময় মালয়েশিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন, সহসাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রতন, ফয়সাল আহম্মেদ, মাহফুজ আক্তার মমো, জেসমিন আক্তার ও তাহমিদ তাজওয়ারসহ বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। প্রধান অতিথি আবদুল মোনায়েম মুন্না নেতাকর্মীদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন।

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন ও চিকিৎসাসেবার মানোন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক হাসপাতালের খাবারের মান অত্যন্ত উন্নত, যা ক্ষেত্রবিশেষে তাঁর স্ত্রীর রান্নার চেয়েও ভালো এবং তিনি নিজেও তা খেয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আমরা অনেক সময় বলি আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে বা ওটা নেই। কিন্তু বাস্তবতা হলো, অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান এখন অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবারের মান এতটাই ভালো যে তা আমার স্ত্রীর রান্নার চেয়েও ভালো লাগে, আমি নিজেও তা খেয়ে দেখেছি। তবে এই সেবার ধারাবাহিকতা ধরে রাখতে চিকিৎসকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানকালে বিগত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে এক গণমাধ্যমকর্মী জানতে চান—এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী নিজের দায় স্বীকার করে আবেগঘন কণ্ঠে বলেন, “এর দায় তো আমারই। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি।”

হামের প্রতিষেধক টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর তীব্র সমালোচনা করে তিনি আরও স্পষ্ট করেন, কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে যে সব টিকা ভারত থেকে আনা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। মোট ব্যবহৃত টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে; বাকি সিংহভাগ টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা হয়েছে।

শিশুদের প্রতিষেধক টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় কেউই সময়মতো টিকা নেয়নি। তা ছাড়া আক্রান্তদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের একটি বিরাট অংশের টিকা না নেওয়ার তথ্য তাঁর কাছে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ঢাবিতে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের পাশাপাশি টিএসসি সংলগ্ন এলাকায় ব্যাগভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকৃত ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটক দুই যুবকের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাবি মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই শেষে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিনের ঘটনাতেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

টানা দুই দিন ধরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এলাকায় এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ মোড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:০৫ পিএম
ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেল স্টেশনের নিচে একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে লাব্বাইক পরিবহনের একটি বাসে এই আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যস্ততম এই এলাকায় বাসে আগুন লাগার সাথে সাথে আশপাশের যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক