মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

এনআইডি সংশোধনে কঠোর হচ্ছে নির্বাচন কমিশন

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১১:৫২ এম
এনআইডি সংশোধনে কঠোর হচ্ছে নির্বাচন কমিশন

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সংশোধন আবেদনে জালিয়াতি ঠেকাতে নতুন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নিয়মে এনআইডি সংশোধনের আবেদন করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।

এ ব্যবস্থা কার্যকর করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে আলোচনা করছে ইসি।

ইসি সূত্র জানায়, বর্তমানে ফেস ভেরিফিকেশন বা মুখমণ্ডল শনাক্তকরণ প্রক্রিয়ার মাধ্যমে নাগরিকেরা এনআইডি সংশোধনের আবেদন করতে পারেন। তবে প্রযুক্তির অপব্যবহার করে প্রতারক চক্র সংশ্লিষ্ট ব্যক্তির উপস্থিতি ছাড়াই তাঁর পরিচয়ে সংশোধনের আবেদন করছে। এ ধরনের জালিয়াতি বন্ধ করতেই নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ইসির পরিকল্পনা অনুযায়ী, কোনো নাগরিকের নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর না থাকলে তিনি এনআইডি সংশোধনের আবেদন করতে পারবেন না।

এ জন্য বিটিআরসির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের (এপিআই) মাধ্যমে আবেদনকারীর মোবাইল নম্বর যাচাইয়ের ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

ইসি সূত্র আরও জানায়, বর্তমানে একটি মোবাইল নম্বর ব্যবহার করে সর্বোচ্চ আটটি এনআইডি সংশোধনের আবেদন করা যায়। তবে নিজের নামে নিবন্ধিত নম্বর দিয়ে আবেদন করার নিয়ম চালু হলে যার এনআইডি সংশোধন করা হবে, আবেদন করতে হবে তাঁর নামে নিবন্ধিত মোবাইল নম্বর থেকেই। অর্থাৎ একটি নম্বর দিয়ে কেবল একজনের এনআইডি সংশোধনের আবেদন করা যাবে।

এদিকে বিদেশে অবস্থানরত নাগরিকেরা যাতে এনআইডি সংশোধনসংক্রান্ত সেবা নিতে পারেন, সে জন্য তাঁদের জন্য পৃথক কোনো ব্যবস্থা করা যায় কি না, তা নিয়েও ভাবছে নির্বাচন কমিশন।

এ বিষয়ে ইসির এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, বিটিআরসির সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে। আলোচনা শেষ হলে এনআইডি সংশোধনের আবেদনে আবেদনকারীর নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহারের পদ্ধতি চালু করা হবে।

এদিকে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন ও সংশোধন কার্যক্রম আরও দ্রুত ও সহজ করতে প্রয়োজনীয় নথিপত্র স্বয়ংক্রিয়ভাবে যাচাইয়ের উদ্যোগও নিয়েছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে তথ্য আদান-প্রদানের জন্য বিটিআরসিসহ নয়টি প্রতিষ্ঠানের সঙ্গে এপিআই সংযোগ স্থাপনের বিষয়ে আলোচনা চলছে।

ইতোমধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছে কমিশন।

প্রতিষ্ঠানগুলো হলো বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি), ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের জন্ম ও মৃত্যু নিবন্ধন শাখা এবং আইন মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন অধিদপ্তরের বিবাহ ও তালাক নিবন্ধন বিভাগ।

 

সংবিধান সংশোধন কমিটির দশম বৈঠকে তরুণদের মতামত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১০:২০ পিএম
সংবিধান সংশোধন কমিটির দশম বৈঠকে তরুণদের মতামত

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির দশম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন কমিটির সদস্যরা।

মতবিনিময় সভায় কমিটির সদস্য ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, জয়নুল আবেদীন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নূরুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন অংশ নেন।

আলোচনায় সংবিধানে শিক্ষা ও চিকিৎসাকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা, জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা, গণঅভ্যুত্থানের দাবি যথাযথভাবে বাস্তবায়ন এবং জুলাই সনদের টেকসই বাস্তবায়নের বিষয়গুলো উঠে আসে। এ ছাড়া প্রধানমন্ত্রীর বিদ্যমান ক্ষমতা, নারী ও শিশুর সুরক্ষা, জরুরি অবস্থাসংক্রান্ত বিধান, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা এবং গণভোট নিয়েও আলোচনা হয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। যুগে যুগে তরুণরাই জাতিকে পথ দেখিয়েছে উল্লেখ করে তরুণদের কল্যাণে জনবান্ধব সংবিধান সংশোধনের মাধ্যমে একটি যুগোপযোগী সংবিধান প্রণয়নের বিষয়ে মতবিনিময় হয়।

এ সময় আরও বলা হয়, জুলাই সনদে স্পষ্টভাবে ‘সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কার’-এর কথা উল্লেখ রয়েছে। সনদের বাস্তবায়ন নিয়ে অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকার জন্য তরুণদের প্রতি আহ্বান জানানো হয়।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

নিজের মেয়ে নেই, তবু ১৫ মেয়ের ‘বাবা’ সাজ্জাদ পারভেজ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৫:২৮ পিএম
নিজের মেয়ে নেই, তবু ১৫ মেয়ের ‘বাবা’ সাজ্জাদ পারভেজ

নিজের ঘরে কন্যাসন্তান না থাকলেও ১৫ জন সুবিধাবঞ্চিত মেয়ের জীবনে পরম আশ্রয়ের প্রতীক হয়ে উঠেছেন সাজ্জাদ পারভেজ। দীর্ঘ ১৬ বছরে আশ্রয়হীন ও অস্বচ্ছল ১৫ মেয়ের বিয়ের পাশাপাশি তাদের জীবনের প্রতিটি সংকটে বাবার মতো পাশে দাঁড়িয়েছেন তিনি।

সাজ্জাদ পারভেজ বর্তমানে সরকারি একটি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। পূর্বে সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালনকালে আশ্রয়হীন মেয়েদের সঙ্গে তাঁর গভীর আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। ইয়াসমিন ও খালেকের বিয়ের মধ্য দিয়ে শুরু হওয়া এই মানবিক যাত্রায় তিনি একে একে তানজিলা, রহিমা, বৃষ্টি, তামান্নাসহ ১৫ মেয়ের বিয়ের ব্যবস্থা করেন এবং প্রতিটি বিয়েতে ‘উকিল বাবা’ হিসেবে দায়িত্ব নেন।

সাধারণত বিয়ের আনুষ্ঠানিকতার পর দায়িত্ব শেষ হলেও সাজ্জাদ পারভেজের ক্ষেত্রে তা হয়নি। নিয়মিত খোঁজখবর নেওয়ার পাশাপাশি মেয়েরা অসুস্থ হলে বা সন্তান প্রসবের মতো জরুরি মুহূর্তে রক্ত জোগাড় থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করেছেন তিনি। বিবাহবিচ্ছেদের পর অসুস্থ রিয়া নামের এক মেয়ের চিকিৎসাসহ এক মাসের বাজার দিয়েও পাশে দাঁড়িয়েছেন এই মানবিক মানুষ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুভূতির কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে তানজিলা জানান, বিপদের মুহূর্তে তাঁদের মাথার ওপর ছায়া হিসেবে পাশে থাকেন তিনি। সাজ্জাদ পারভেজ বলেন, নিজের একটি মাত্র ছেলে থাকলেও এই মেয়েদের মাধ্যমে তিনি কন্যাসন্তানের অভাব পূরণ করেছেন এবং তাদের বিপদকে নিজের সন্তানের বিপদ হিসেবে দেখেন।

রক্তের সম্পর্কের ঊর্ধ্বে উঠে দায়িত্ব, ত্যাগ আর নিঃস্বার্থ ভালোবাসায় গড়া সাজ্জাদ পারভেজের এই জীবনঘনিষ্ঠ গল্প সমাজে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

 

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৮

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৫:২৪ পিএম
হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৮

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩১৮ জন। এ সময়ে ৮২ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (০৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৮২৩ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩১৮ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৪৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন পাঁচজন। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৫৮ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিতভাবে হামজনিত কারণে মারা গেছেন ১০৫ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২০৪ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ১ লাখ ৯৮ হাজার ৭৫০ জন হাম রোগী।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক