বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

‘প্রধানমন্ত্রীর সঙ্গীদের পকেটে সব সময় ফিরতি টিকিট থাকে’: মোহাম্মদপুরের পথসভায় হাসনাত আবদুল্লাহ

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:০৬ পিএম
‘প্রধানমন্ত্রীর সঙ্গীদের পকেটে সব সময় ফিরতি টিকিট থাকে’: মোহাম্মদপুরের পথসভায় হাসনাত আবদুল্লাহ

প্রধানমন্ত্রী তারেক রহমানের আশপাশে থাকা ব্যক্তিদের দ্বৈত নাগরিকত্ব ও বিদেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিয়ে কড়া মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করে বলেছেন, প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠদের পকেটে সব সময় ফিরতি ফ্লাইটের টিকিট প্রস্তুত থাকে এবং দেশে কোনো সংকট তৈরি হলে তারা আগের জায়গায় কেটে পড়বেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে এনসিপির এক পথসভায় বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, লন্ডন থেকে আসা কয়েকজন ব্যক্তি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ মহলে যুক্ত হয়েছেন, যাদের অনেকেই দেশে কোনো সংকট দেখা দিলে টিকিট নিয়ে প্রবাসে ফিরে যাবেন। সরকারের আশপাশের এসব ব্যক্তি ক্ষমতার স্থায়িত্ব নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন এবং এই সুযোগে লুটপাট ও দুর্নীতির মাধ্যমে বিদেশে টাকা পাচারের বন্দোবস্ত করছেন। একইসঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আশঙ্কাজনক অবনতির চিত্র তুলে ধরে তিনি বলেন, সন্ত্রাসীরা মন্ত্রী হয়েছেন নাকি মন্ত্রীরা সন্ত্রাসী হয়ে উঠেছেন—সেটি এখন বড় প্রশ্ন। একজন প্রতিমন্ত্রীকে নিরাপত্তার প্রয়োজনে অস্ত্র হাতে মাঠে নামতে হচ্ছে উল্লেখ করে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম ব্যর্থতার সমালোচনা করেন এবং সাংবিধানিক শপথ ভঙ্গের অভিযোগে মন্ত্রী সালাহউদ্দিন আহমদের দ্রুত পদত্যাগ দাবি করেন।

বিএনপির রাজনৈতিক ইতিহাস ও সরকারের সার্বিক কার্যক্রম নিয়ে সমালোচনা করে এনসিপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, দলটির ইতিহাসে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের নজির নেই। এক-এগারোর পটভূমির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি হাওয়া ভবন, দুর্নীতি এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বানচালের অভিযোগগুলো নতুন করে খতিয়ে দেখার আহ্বান জানান। পাশাপাশি দলটির একটি অংশের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সরকারি দপ্তরগুলোকে দলীয়করণের অভিযোগ তোলেন তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রধানমন্ত্রীর জীবনযাপন নিয়ে কথা বলতে গিয়ে হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেন, পর্যাপ্ত ঘুম ও পুষ্টিকর খাবারের অভাব সিদ্ধান্ত গ্রহণের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রধানমন্ত্রীকে একটি অস্বাস্থ্যকর রুটিনে ব্যস্ত রেখে তাঁর আশপাশের লোকজন দুর্নীতির সুযোগ নিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। এ কারণে স্বরাষ্ট্রমন্ত্রীসহ দুর্নীতির দায়ে দণ্ডিত ও বিতর্কিত ব্যক্তিদের প্রধানমন্ত্রীর আশপাশ থেকে দ্রুত সরিয়ে দেওয়ার জোর দাবি জানান তিনি। বক্তব্যে মোহাম্মদপুর এলাকার বিভিন্ন নাগরি সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ব্যবসায়ীদের ভয়ভীতি কাটিয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান এই সংসদ সদস্য।

মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের মেডিকেল পরীক্ষা আগামী ৩১ অক্টোবর থেকে

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১:৩৭ পিএম
মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের মেডিকেল পরীক্ষা আগামী ৩১ অক্টোবর থেকে

মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের মেডিকেল পরীক্ষা আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদিত মেডিকেল সেন্টার ছাড়া অন্য কোথাও পরীক্ষা করানো যাবে না। একই সঙ্গে ৩১ অক্টোবরের আগে করা কোনো মেডিকেল পরীক্ষার রিপোর্ট গ্রহণযোগ্য হবে না এবং তা দিয়ে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের প্রক্রিয়াও সম্পন্ন করা হবে না।

বুধবার (২৮ অক্টোবর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা শিগগিরই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কর্মীদের তালিকাটি দেখে অনুমোদিত কেন্দ্র সম্পর্কে নিশ্চিত হওয়ার পর মেডিকেল পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো মেডিকেল সেন্টার সরকারি নির্দেশনা যথাযথভাবে পালন করতে ব্যর্থ হলে সেটিকে অনুমোদিত তালিকা থেকে বাদ দেওয়া হবে। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো মেডিকেল সেন্টার বা রিক্রুটিং এজেন্সি কর্মীদের মেডিকেল পরীক্ষা করতে বা করাতে পারবে না।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

পাসপোর্ট-টাকা নেওয়ার বিষয়ে সতর্কতা
মন্ত্রণালয়ের নজরে এসেছে, কিছু দালাল ও অসাধু রিক্রুটিং এজেন্সি অনুমতি ছাড়া মেডিকেল পরীক্ষা করানোর কথা বলে কর্মীদের কাছ থেকে পাসপোর্ট ও টাকা নেওয়ার চেষ্টা করছে। এ ধরনের প্রস্তাবে সাড়া না দিতে কর্মীদের সতর্ক করা হয়েছে। অনুমোদন নিশ্চিত না হয়ে কারও কাছে পাসপোর্ট বা টাকা জমা না দেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএমইটি ছাড়পত্রের জন্য আবেদনকারী রিক্রুটিং এজেন্সিগুলোকে অনুমোদিত মেডিকেল সেন্টারে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কাগজপত্রের পাশাপাশি ভিডিআর (VDR) ভিসার কাগজপত্র জমা দিতে হবে।

নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা
সরকারি নির্দেশনা অমান্যকারী মেডিকেল সেন্টার ও রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। অপরাধের ধরন অনুযায়ী সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের কার্যক্রম বন্ধ, রিক্রুটিং এজেন্সির বিদেশে কর্মী নিয়োগের কার্যক্রম স্থগিত এবং মন্ত্রণালয়ের অনুমোদন বাতিল করা হতে পারে।

অনুমোদনহীন মেডিকেল পরীক্ষা বা এ ধরনের অনিয়মের তথ্য জানা থাকলে ঘটনার তারিখ, স্থান, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম এবং প্রমাণসহ মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ করা হয়েছে। এ জন্য ইমেইল ঠিকানা দেওয়া হয়েছে—[email protected]।
মন্ত্রণালয় বলেছে, কর্মীদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় এ ধরনের অনিয়ম বন্ধে নজরদারি অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলোকে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

মালয়েশিয়ায় ই-কনস্যুলার সেবা চালু বাংলাদেশ হাইকমিশনের

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১:১৫ পিএম
মালয়েশিয়ায় ই-কনস্যুলার সেবা চালু বাংলাদেশ হাইকমিশনের

প্রবাসী বাংলাদেশিদের দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত কনস্যুলার সেবা দিতে নতুন অটোমেশনভিত্তিক ব্যবস্থা চালু করেছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। ‘ই-কনস্যুলার’ নামের এ ব্যবস্থার মাধ্যমে পাসপোর্ট রেফারেন্স লেটার, পারিবারিক সম্পর্কসংক্রান্ত সনদ, সিঙ্গাপুর ট্রাভেল লেটারসহ বিভিন্ন ধরনের কনস্যুলার সেবা দেওয়া হচ্ছে।বুধবার (২৮ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এ ব্যবস্থায় পাসপোর্টের ফটোকপি থেকে উন্নত প্রযুক্তির ওসিআর (অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন) স্ক্যানারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংগ্রহ করা হচ্ছে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে ইউনিক কিউআর কোডযুক্ত নথি তৈরি করা হচ্ছে, যা স্ক্যান করে সহজেই যাচাই ও ডিজিটালি রিভিউ করা সম্ভব।

এ ছাড়া রিয়েল-টাইমে আবেদন গ্রহণ, পেমেন্ট স্লিপ তৈরি এবং অন্যান্য নথি ডিজিটাল যাচাইয়ের মাধ্যমে অনুমোদনের ব্যবস্থা রাখা হয়েছে। ড্যাশবোর্ডের মাধ্যমে পুরো প্রক্রিয়া তাৎক্ষণিক পর্যবেক্ষণ করা এবং যথাযথভাবে সংরক্ষণ করাও সম্ভব হবে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

নতুন ব্যবস্থায় কনস্যুলার সেবার নির্ধারিত ফি জমা দেওয়ার জন্য হাইকমিশনের কাউন্টারে একাধিক পয়েন্ট অব সেল (পিওএস) মেশিন স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে ডেবিট ও ক্রেডিট কার্ড, টাচ এন গো এবং কিউআর পেমেন্ট ব্যবহার করে ফি পরিশোধ করা যাবে। এতে ফি জমার প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে বলে আশা করছে হাইকমিশন।

সেবা নিতে আসা প্রবাসীদের সঠিক তথ্য নিশ্চিত করার জন্য পাসপোর্ট, ভিসা কিংবা অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি অথবা পরিষ্কার রঙিন ফটোকপি সঙ্গে আনার অনুরোধ জানিয়েছে হাইকমিশন। পাশাপাশি নির্ধারিত কনস্যুলার ফি পিওএস মেশিনে ডেবিট বা ক্রেডিট কার্ড, টাচ এন গো কিংবা কিউআর পেমেন্টের মাধ্যমে জমা দিতে বলা হয়েছে।

হাইকমিশন জানিয়েছে, নতুন প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে কম সময়ে বেশি সংখ্যক প্রবাসীকে কনস্যুলার সেবা দেওয়া সম্ভব হবে। প্রবাসী বাংলাদেশিদের জন্য দ্রুত, নির্ভুল ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গণনা যত এগোচ্ছে, তত কমছে নেতানিয়াহুর ভোটের হার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১১:৪৭ এম
গণনা যত এগোচ্ছে, তত কমছে নেতানিয়াহুর ভোটের হার

ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচনে ভোট গণনা যত এগোচ্ছে, ততই কমছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টির ভোটের হার। বিপরীতে, গাদি আইজেনকোটের ইয়াশার পার্টির ভোটের হার কিছুটা বেড়েছে।

বুধবার (২৮ অক্টোবর) প্রকাশিত দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সর্বশেষ প্রাথমিক তথ্যে দেখা গেছে, ২১ লাখের বেশি ভোট গণনার পর লিকুদ পার্টি মোট বৈধ ভোটের ২১ দশমিক ৭ শতাংশ পেয়েছে। এর আগের গণনায় দলটির ভোটের হার ছিল ২৩ দশমিক ২৪ শতাংশ।

অন্যদিকে, আইজেনকোটের ইয়াশার পার্টি পেয়েছে ১৫ দশমিক ৭২ শতাংশ ভোট। আগের গণনায় দলটির ভোটের হার ছিল ১৫ দশমিক ৪১ শতাংশ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এদিকে, ফিলিস্তিনি ও ইসরায়েলি রাজনৈতিক দলগুলোর যৌথ তালিকা ৯ দশমিক ২২ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে উঠে এসেছে। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের দল পেয়েছে ৮ দশমিক ২২ শতাংশ ভোট।

নির্বাচন কমিটি জানিয়েছে, প্রকাশিত হিসাব এখনো প্রাথমিক। ভোট গণনা চলমান থাকায় দলগুলোর ভোটের হার ও অবস্থানে পরিবর্তন আসতে পারে।

এবারের নির্বাচনে ইসরায়েলে মোট ৭৩ লাখ ৩০ হাজার নিবন্ধিত ভোটারের মধ্যে ৫৬ লাখ ৯০ হাজারের বেশি ভোট দিয়েছেন।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক