বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

এক নজরে স্পেনের সর্বশেষ সংবাদ

স্পেন প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৪:১৬ পিএম
এক নজরে স্পেনের সর্বশেষ সংবাদ

প্রবল বৃষ্টিতে পূর্ব স্পেনের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি উদ্ধার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে।

১. স্পেনে ভয়াবহ বন্যায় ৫ জনের মৃত্যু, হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে

স্পেনের পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ১৭ থেকে ১৯ অক্টোবর আঘাত হানা ডানা আদাম (DANA Adam) নামের আবহাওয়াজনিত দুর্যোগে ভ্যালেন্সিয়া ও আলিকান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু এলাকায় ২৪ ঘণ্টায় ৭০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বন্যার পানিতে বাড়িঘর, সড়ক ও ব্যবসাপ্রতিষ্ঠান প্লাবিত হওয়ার পাশাপাশি বহু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকর্মীরা বাড়ির ছাদে আটকে পড়া মানুষকে উদ্ধার করেছেন এবং হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্যোগের কারণে বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। কাতালোনিয়া ও বালিয়ারিক দ্বীপপুঞ্জেও ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার প্রভাব পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানের পুনর্বাসনে সরকারি সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

| তথ্যসূত্র:** Reuters, Euronews, El País

২. অভিবাসীদের বৈধকরণে আবেদন নিষ্পত্তির ধীরগতি নিয়ে উদ্বেগ

স্পেনে বিশেষ বৈধকরণ প্রক্রিয়ায় আবেদনকারীদের অপেক্ষা দীর্ঘ হচ্ছে। আইনজীবীদের হিসাব অনুযায়ী, জমা পড়া আবেদনের তুলনায় নিষ্পত্তি হয়েছে অল্পসংখ্যক। ৯ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, জুলাইয়ের শুরুতে সরকার ১১ লাখ ৭৪ হাজারের বেশি আবেদন পাওয়ার কথা জানিয়েছিল।

স্পেনে বসবাসরত অভিবাসীদের বৈধকরণ প্রক্রিয়া নিয়ে আগ্রহ ও অপেক্ষা বাড়ছে। আবেদন নিষ্পত্তির অগ্রগতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এর মধ্যে প্রায় ৬ লাখ ১০ হাজার আবেদন প্রক্রিয়াকরণের জন্য গ্রহণ করা হয়েছিল। সর্বশেষ পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ না হওয়ায় অপেক্ষমাণ আবেদনের প্রকৃত সংখ্যা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

| তথ্যসূত্র:** ARA

৩. অভিবাসন নীতি নিয়ে ট্রাম্পের সমালোচনার জবাব স্পেনের

স্পেনের অভিবাসন নীতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার জবাবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেছেন, ইউরোপের সমাজে বিভাজন তৈরির চেষ্টা চলছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিবাসন নীতিসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের রাজনৈতিক অবস্থান নিয়ে বিতর্ক রয়েছে।

তাঁর বক্তব্য অনুযায়ী, বিদেশি শক্তি ও বিভিন্ন পক্ষ ইউরোপের দেশগুলোর অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।

| তথ্যসূত্র:** Cadena SER

৪. স্পেনের অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপ অব্যাহত

জ্বালানির উচ্চমূল্য ও বিভিন্ন পরিষেবার ব্যয় বৃদ্ধির কারণে স্পেনের অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপ রয়ে গেছে। ১৮ অক্টোবর প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে, মূল্যস্ফীতি ৪.৯ শতাংশে পৌঁছেছে।

স্পেনের সুপারমার্কেটে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনছেন ক্রেতারা। খাদ্যপণ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর দাম সাধারণ পরিবারের ব্যয়ের ওপর চাপ তৈরি করছে।

অন্যদিকে, মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়া এবং ঋণের খরচ বেড়ে যাওয়ায় ভোগ ও বিনিয়োগের গতি কমার আশঙ্কা রয়েছে।

| তথ্যসূত্র:** El País

৫. ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পদে স্পেনের প্রার্থীর সমর্থন সংগ্রহ

স্পেনের সাবেক কেন্দ্রীয় ব্যাংকপ্রধান পাবলো হার্নান্দেস দে কোস ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) প্রেসিডেন্ট পদে নিজের সম্ভাব্য প্রার্থিতার পক্ষে ফ্রান্স ও জার্মানির সমর্থন আদায়ের চেষ্টা করছেন।

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সম্ভাব্য নেতৃত্ব নিয়ে আলোচনায় স্পেনের সাবেক কেন্দ্রীয় ব্যাংকপ্রধান পাবলো হার্নান্দেস দে কোসের নাম উঠে এসেছে।

স্পেনের সরকার ও বিরোধী দল পিপির নেতা আলবার্তো নুনিয়েজ ফেইখো তাঁর প্রার্থিতার প্রতি সমর্থন জানিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

| তথ্যসূত্র:** El País

৬. বন্যার ক্ষয়ক্ষতি সামাল দিতে পূর্ব স্পেনে তৎপরতা

ডানা অ্যাডাম নামের আবহাওয়াজনিত ঝড়ের প্রভাবে ভ্যালেন্সিয়া ও বালিয়ারিক দ্বীপপুঞ্জের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টি, সড়ক বন্ধ এবং বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।

স্পেনের পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় প্লাবিত সড়ক। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলছে।

ভ্যালেন্সিয়া ও আলিকান্তে অঞ্চলের ১৪৫টি পৌর এলাকায় একপর্যায়ে মানুষকে নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছিল। পরিস্থিতির উন্নতি হলেও ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পুনরুদ্ধারের কাজ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

| তথ্যসূত্র:** Europa Press

«বার্সেলোনা ও কাতালোনিয়ার সংবাদ»

৭. বন্যার ক্ষয়ক্ষতি মেরামতে প্রায় ২ কোটি ৭০ লাখ ইউরো ব্যয় করবে বার্সেলোনা

সেপ্টেম্বরের শেষভাগ ও অক্টোবরের শুরুতে কয়েক দফা ভারী বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে।

বার্সেলোনা সিটি কাউন্সিল ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ভবিষ্যতে বৃষ্টির ক্ষতি কমানোর কাজে প্রায় ২ কোটি ৭০ লাখ ইউরো ব্যয়ের হিসাব দিয়েছে।

| তথ্যসূত্র:** El Periódico

৮. বার্সেলোনায় বাড়ির জ্বালানি দক্ষতা বাড়াতে ৬ হাজার ইউরো পর্যন্ত অনুদান

বার্সেলোনার মেয়র জাউমে কোলবোনি ২১ অক্টোবর বাড়ির জ্বালানি দক্ষতা ও প্রবেশগম্যতা উন্নয়নে দুটি অনুদান কর্মসূচি চালুর কথা জানিয়েছেন।

বার্সেলোনার মেয়র জাউমে কোলবোনি। বাড়ির জ্বালানি দক্ষতা ও প্রবেশগম্যতা উন্নয়নে আর্থিক সহায়তার কর্মসূচি নিয়ে ঘোষণা দিয়েছেন তিনি।

যোগ্যতার শর্ত পূরণকারী বাড়ির মালিক ও সংশ্লিষ্ট আবেদনকারীরা এসব কর্মসূচির মাধ্যমে আর্থিক সহায়তা পেতে পারেন। আবেদনের শর্ত ও যোগ্যতা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

| তথ্যসূত্র:** The Local

৯. রোদালিয়েস রেল পরিষেবায় বিঘ্ন, যাত্রীদের জন্য বিকল্প বাস

কাতালোনিয়ার এফজিসি রেল পরিষেবায় বিঘ্নের কারণে সান্ত বোই দে ইয়োব্রেগাত থেকে বার্সেলোনার প্লাসা এস্পানিয়া পর্যন্ত এক্স৭০ বাসে অতিরিক্ত গাড়ি যুক্ত করা হয়েছে।

কাতালোনিয়ার রেল পরিষেবায় বিঘ্নের কারণে যাত্রীদের যাতায়াতে দুর্ভোগ তৈরি হয়েছে। কিছু রুটে বিকল্প বাসের ব্যবস্থা করা হয়েছে।

গর্নাল স্টেশনে ভূমিধসের ঘটনার পর এই ব্যবস্থা নেওয়া হয়। একই দিনে বারবেরা দেল ভায়েস ও সেরদানিওলা দেল ভায়েসের কয়েকটি স্থানীয় বাসের রুটেও সাময়িক পরিবর্তন আনা হয়েছে।

| তথ্যসূত্র:** La Vanguardia

১০. বার্সেলোনার সড়কে যানজট, রোন্দা লিতোরালে দুর্ঘটনা

২১ অক্টোবর সকালে বার্সেলোনার রোন্দা লিতোরাল সড়কে দুর্ঘটনার কারণে একটি লেন বন্ধ হয়ে যায় এবং প্রায় চার কিলোমিটার যানজট তৈরি হয়।

বার্সেলোনার রোন্দা লিতোরাল সড়কে যানজট। দুর্ঘটনা ও লেন বন্ধ থাকার কারণে ব্যস্ত সড়কটিতে যান চলাচল ধীর হয়ে পড়ে।

সড়কটির বিভিন্ন অংশে ধীরগতির যান চলাচলের খবরও পাওয়া যায়। কর্মস্থল বা জরুরি কাজে বের হওয়ার আগে বিকল্প পথ বিবেচনা করা যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ।

| তথ্যসূত্র:** La Vanguardia

১১. সাবাদেলে অভিবাসী পাচারে সহায়তার অভিযোগে চারজন গ্রেপ্তার

বার্সেলোনার কাছে সাবাদেলে ডোমিনিকান নাগরিকদের ইউরোপে অনিয়মিতভাবে প্রবেশে সহায়তার অভিযোগে একটি অপরাধী চক্র ভেঙে দেওয়ার কথা জানিয়েছে স্পেনের জাতীয় পুলিশ।

স্পেনের পুলিশি অভিযান। সাবাদেলে অভিবাসনসংক্রান্ত জালিয়াতির অভিযোগে চারজনকে গ্রেপ্তারের খবর জানিয়েছে কর্তৃপক্ষ।

অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শেনজেন এলাকায় প্রবেশের ভিসার শর্ত এড়াতে জাল বা প্রতারণার মাধ্যমে সংগ্রহ করা কলম্বীয় পাসপোর্ট ব্যবহার করা হতো।

| তথ্যসূত্র:** স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়

১২. বন্যার পর উবারের গাড়ির সংকট, বার্সেলোনায় ভাড়া বৃদ্ধির অভিযোগ

কর্নেইয়া দে ইয়োব্রেগাতের গাড়ি রাখার ঘাঁটিতে বন্যার পানি ঢুকে মোভ কার্সের বহরের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৬ অক্টোবরের বৈঠকের তথ্য অনুযায়ী, ৭৫৭টি গাড়ির মধ্যে মাত্র ৩২১টি চলাচলের উপযোগী ছিল।

করনেইয়া দে ইয়োব্রেগাতের মোভ কার্সের গাড়ি রাখার ঘাঁটিতে বন্যার পানি ঢুকে বহু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বার্সেলোনায় উবারের গাড়ির প্রাপ্যতা ও পরিষেবা নিয়ে সংকট তৈরি হয়েছে।

কর্মী প্রতিনিধিদের দাবি, গাড়ির সংকটে উবারের ভাড়া কিছুটা বেড়েছে এবং ক্ষতিগ্রস্ত গাড়ির পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে।

| তথ্যসূত্র:** Consumidor Global

«মাদ্রিদ ও জাতীয় রাজনীতির সংবাদ»

১৩. মাদ্রিদ সফরে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই, সানচেজকে নিয়ে বিতর্ক

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই মাদ্রিদ সফরে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের বিরুদ্ধে তীব্র মন্তব্য করেছেন। তাঁর বক্তব্যে স্পেনের সমাজতান্ত্রিক রাজনীতি ও অভিবাসন নীতির সমালোচনা উঠে আসে।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। তাঁর স্পেন সফর ঘিরে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক ও অভিবাসন নীতি নিয়ে আলোচনা চলছে।

স্পেনের ক্ষমতাসীন সমাজতান্ত্রিক দল পিএসওই পাল্টা রাজনৈতিক বার্তা দিয়েছে। সফর ঘিরে স্পেনের বাম ও ডানপন্থী রাজনীতির বিরোধ নতুন করে আলোচনায় এসেছে।

| তথ্যসূত্র:** El País

১৪. মাদ্রিদে মিলেইয়ের সঙ্গে বৈঠক করবেন ইসাবেল দিয়াস আয়ুসো

মাদ্রিদের আঞ্চলিক সরকারের প্রধান ইসাবেল দিয়াস আয়ুসোর সঙ্গে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের বৈঠক হওয়ার কথা রয়েছে।

দুই নেতার রাজনৈতিক অবস্থানের মিল এবং স্পেনের ডানপন্থী রাজনীতির সঙ্গে মিলেইয়ের ঘনিষ্ঠতা এই বৈঠককে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে।

| তথ্যসূত্র:** El País

১৫. স্পেনের সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে অতি ডানপন্থীদের সঙ্গে আলোচনায় পিপি

স্পেনের বিরোধী দল পিপি সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লক্ষ্যে অতি ডানপন্থী রাজনৈতিক শক্তির সঙ্গে আলোচনা চালানোর কথা স্বীকার করেছে।

পিপির নেতা আলবার্তো নুনিয়েজ ফেইখো ও ভক্সের নেতা সান্তিয়াগো আবাসকাল। সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ও রাজনৈতিক সমীকরণ নিয়ে দুই দলের অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এ নিয়ে জাতীয় রাজনীতিতে জোট গঠন ও বিরোধী দলগুলোর পারস্পরিক সম্পর্ক নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

| তথ্যসূত্র:** The Local

পর্তুগালে নাগরিকত্বের আবেদন ৬ লাখ ৯০ হাজার ছাড়াল

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৩:০৯ এম
পর্তুগালে নাগরিকত্বের আবেদন ৬ লাখ ৯০ হাজার ছাড়াল

পর্তুগালে নাগরিকত্ব পাওয়ার অপেক্ষায় থাকা মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। দেশটির রেজিস্ট্রি ও নোটারি ইনস্টিটিউটের (আইআরএন) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত নাগরিকত্বের জন্য মোট ৬ লাখ ৯০ হাজার ৪৮০টি আবেদন নিষ্পত্তির অপেক্ষায় ছিল। এক বছরের ব্যবধানে এই সংখ্যা বেড়েছে ৩৮ শতাংশ। আবেদন জমে থাকার এই পরিস্থিতিতে নাগরিকত্বপ্রত্যাশীদের অপেক্ষার সময় এবং প্রশাসনিক কার্যক্রমের সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

এক বছরে আবেদন বেড়েছে ৩৮ শতাংশ

পর্তুগিজ সংবাদমাধ্যম পাবলিকো প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের একই সময়ে নাগরিকত্বের জন্য প্রায় পাঁচ লাখ আবেদন নিষ্পত্তির অপেক্ষায় ছিল। ২০২৬ সালের জুনের শেষ নাগাদ সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৯০ হাজার ৪৮০টিতে। অর্থাৎ, এক বছরে আবেদন জমে থাকার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

পর্তুগালের বিচার মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে প্রকাশিত এই পরিসংখ্যান দেশটির নাগরিকত্ব-সংক্রান্ত প্রশাসনিক ব্যবস্থার ওপর ক্রমবর্ধমান চাপের চিত্র তুলে ধরেছে।

আবেদনের কত অংশ অভিবাসীদের?

জমে থাকা আবেদনগুলোর মধ্যে মাত্র ২৬ শতাংশ পর্তুগালে বসবাসরত অভিবাসীদের, যারা বৈধভাবে বসবাসের নির্ধারিত সময় পূরণ করে নাগরিকত্বের আবেদন করেছেন। বাকি আবেদনগুলোর মধ্যে রয়েছে বিদেশে জন্ম নেওয়া পর্তুগিজ বংশোদ্ভূত ব্যক্তিদের আবেদন, সেফারদি ইহুদি বংশোদ্ভূতদের আবেদন এবং পর্তুগিজ নাগরিকদের স্বামী বা স্ত্রীর মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার আবেদন।

অর্থাৎ, নাগরিকত্বের জন্য অপেক্ষমাণ সব আবেদনকে পর্তুগালে বসবাসরত অভিবাসীদের আবেদন হিসেবে বিবেচনা করা যাবে না। বিভিন্ন আইনি ভিত্তিতে জমা দেওয়া আবেদনগুলো মিলিয়েই এই বিপুল সংখ্যা তৈরি হয়েছে।

নাগরিকত্ব আইনে পরিবর্তন

২০২৬ সালের মে মাসে পর্তুগালের জাতীয়তা আইনে পরিবর্তন আনা হয়। নতুন বিধানে বসবাসের ভিত্তিতে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে ন্যূনতম বৈধ বসবাসের সময় পাঁচ বছর থেকে বাড়িয়ে আবেদনকারীর উৎসভেদে সাত বা দশ বছর করা হয়েছে। অন্যদিকে, বিদেশে জন্ম নেওয়া পর্তুগিজ বংশোদ্ভূত ব্যক্তিদের মধ্যে প্রপিতামহ বা প্রমাতামহের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার সুযোগও সম্প্রসারিত হয়েছে।

তবে নতুন আইন কার্যকর হওয়ার পরপরই জমে থাকা আবেদনগুলোর সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়টি দিয়ে পুরো পরিস্থিতির ব্যাখ্যা করা যায় না। কারণ, ৩০ জুনের পরিসংখ্যানটি মূলত ওই তারিখ পর্যন্ত নিষ্পত্তির অপেক্ষায় থাকা সব আবেদনকে অন্তর্ভুক্ত করে। প্রতিবেদন অনুযায়ী, আইন পরিবর্তনের পর প্রায় ছয় সপ্তাহের সময়ের তথ্যও এই পরিসংখ্যানে প্রতিফলিত হয়েছে।

এ ছাড়া, পর্তুগালের রেজিস্ট্রি ও নোটারি ইনস্টিটিউট (আইআরএন) জানিয়েছে, অনলাইনে আবেদন জমা দেওয়ার তারিখের ভিত্তিতেই সংশ্লিষ্ট আবেদনে জাতীয়তা আইনের পরিবর্তিত বিধান প্রযোজ্য হবে কি না, তা নির্ধারণ করা হবে

আবেদন নিষ্পত্তিতে জনবল বাড়ানোর উদ্যোগ

দীর্ঘদিন ধরে নাগরিকত্বের আবেদন ঝুলে থাকা এবং প্রশাসনিক সেবায় বিলম্বের বিষয়টি নিয়ে রেজিস্ট্রি ও নোটারি খাতের শ্রমিক সংগঠনও সমালোচনা করে আসছে। পরিস্থিতি মোকাবিলায় বিচার মন্ত্রণালয় ও আইআরএন যৌথভাবে আবেদন নিষ্পত্তির গতি বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে।

বিচার মন্ত্রণালয়ের ২০২৬ সালের ২০ আগস্ট প্রকাশিত তথ্য অনুযায়ী, বিভিন্ন রেজিস্ট্রি সেবার জমে থাকা কাজ কমাতে মোট ৭৮ জন পেশাজীবীকে বিশেষ দায়িত্বে নিয়োজিত করা হয়েছে। তাঁদের মধ্যে ৪১ জনকে নাগরিকত্বের আবেদন নিষ্পত্তির জন্য নির্ধারিত বিশেষ দলে রাখা হয়েছে। এই দলগুলো ১ জুলাই থেকে কাজ শুরু করে।

নাগরিকত্বপ্রত্যাশীদের জন্য কী অর্থ বহন করছে এই পরিস্থিতি?

প্রায় সাত লাখ আবেদন নিষ্পত্তির অপেক্ষায় থাকার পরিসংখ্যান নাগরিকত্বপ্রত্যাশীদের জন্য উদ্বেগের কারণ হতে পারে। তবে শুধু এই সংখ্যা দেখে কোনো নির্দিষ্ট আবেদন কত দিনে নিষ্পত্তি হবে, তা নিশ্চিতভাবে বলা যায় না। আবেদন জমা দেওয়ার সময়, আবেদনের ধরন, নথিপত্র যাচাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের মতো বিষয়গুলো প্রক্রিয়ার ওপর প্রভাব ফেলতে পারে।

আফগানিস্তানকে ১১৯ রানে থামাতে পারলেই ফাইনালে বাংলাদেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১১:১১ পিএম
আফগানিস্তানকে ১১৯ রানে থামাতে পারলেই ফাইনালে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার সমীকরণে কেবল জয়ই যথেষ্ট ছিল না বাংলাদেশের জন্য; দরকার ছিল অন্তত ৪১ রানের ব্যবধানে নিশ্চিত জয়। এমন কঠিন সমীকরণ সামনে রেখে আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তাওহীদ হৃদয়ের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। তবে পারভেজ হোসেন ইমনের দায়িত্বশীল অর্ধশতকে ভর করে অলআউট হওয়ার আগে দলীয় সংগ্রহ ১৬০ রানে পৌঁছায়। ফলে ফাইনালে স্থান করে নিতে হলে আফগানদের ১১৯ রানের মধ্যে অলআউট করতে হবে লাল-সবুজ প্রতিনিধিদের।

নিয়মিত অধিনায়ক লিটন দাস চোটের কারণে ছিটকে যাওয়ায় দলে সুযোগ পাওয়া ইমনই ম্যাচের একমাত্র স্বস্তি উপহার দেন। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত লড়ে ৯৬ বলে ৫টি চার ও ২টি ছক্কায় দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান সংগ্রহ করেন তিনি।

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ভয়াবহ বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ২৮ রানে প্রথম সারির ৪ ব্যাটার বিদায় নেন। ম্যাচের দ্বিতীয় ওভারে তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার দ্রুত সাজঘরে ফেরেন। এরপর সপ্তম ওভারে পরপর দুই বলে প্যাভিলিয়নের পথ ধরেন নাজমুল হোসেন শান্ত (১৫) ও অধিনায়ক তাওহীদ হৃদয়। চারজন ব্যাটারই কোনো রান না করে ‘ডায়মন্ড’ ও ‘ডাক’ মেরে আউট হন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রাথমিক বিপর্যয় সামলে পঞ্চম উইকেটে আশা জাগান পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসান। এ দুজন মিলে গড়া ৯৩ রানের গুরুত্বপূর্ণ জুটি দলকে একশ পার করায়। সাইফ ৮২ বলে ৪১ রান করে আউট হলে ভেঙে যায় এই প্রতিরোধ। এরপর মেহেদী হাসান মিরাজও দ্রুত ফিরে যান।

দলীয় সংগ্রহ বাড়ানোর চেষ্টা চালালেও আফগান স্পিনার রশিদ খানের শিকার হয়ে এলবিডব্লিউ হন সেট ব্যাটার ইমন। এরপর আর কেউ প্রতিরোধ গড়তে না পারলে ৪২তম ওভারে অলআউট হয় বাংলাদেশ।

আফগানিস্তানের পক্ষে সর্বাধিক ৪টি উইকেট শিকার করেন লেগস্পিনার রশিদ খান। এছাড়া ইয়ামিন আহমদজাই ও আজমতউল্লাহ ওমরজাই ২টি করে উইকেট নেন।

বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার ‘রিচ’

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১০:৫৪ পিএম
বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার ‘রিচ’

ফেসবুকের কনটেন্টের পারফরম্যান্স মূল্যায়নের পরিচিত সূচক ‘রিচ’ বন্ধ হচ্ছে। আগামী ৩১ অক্টোবর থেকে এর পরিবর্তে দর্শকসংখ্যা পরিমাপে ‘ভিউয়ারস’ মেট্রিক চালু করবে সামাজিক যোগাযোগমাধ্যমটি।

 

এক বিজ্ঞপ্তিতে ফেসবুক জানিয়েছে, এত দিন নির্দিষ্ট সময়ে কতটি আলাদা অ্যাকাউন্টের কাছে কোনো কনটেন্ট পৌঁছেছে, তা পরিমাপ করা হতো ‘রিচ’ দিয়ে। তবে ২০২৬ সালের ৩১ অক্টোবর থেকে এ সুবিধা আর পাওয়া যাবে না।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

নতুন ‘ভিউয়ারস’ মেট্রিকের মাধ্যমে কনটেন্টের দর্শকসংখ্যা নির্ধারণ করা হবে। এ পরিবর্তনের প্রভাব পড়তে পারে বাণিজ্যিক পেজ পরিচালনা, প্রচারণা তদারকি এবং প্রমোশনাল কনটেন্টের সফলতা মূল্যায়নে।

থাকছে না ‘রিচ’, ফেসবুকে আসছে নতুন মেট্রিক ‘ভিউয়ার্স’
থাকছে না ‘রিচ’, ফেসবুকে আসছে নতুন মেট্রিক ‘ভিউয়ার্স’

সংবাদমাধ্যম, ব্যবসা প্রতিষ্ঠান, স্বাধীন কনটেন্ট নির্মাতা ও ডিজিটাল বিপণনকর্মীদের নতুন ব্যবস্থার সঙ্গে নিজেদের বিশ্লেষণ কৌশল সমন্বয় করতে হবে।

 

‘রিচ’ ও ‘ভিউয়ারস’ মেট্রিকের হিসাবের পদ্ধতি এক না হলে পুরোনো পরিসংখ্যানের সঙ্গে নতুন তথ্যের তুলনা জটিল হতে পারে।

 

তাই পুরোনো প্রতিবেদন সংরক্ষণ এবং নতুন মেট্রিকের হিসাবপদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া জরুরি। ফেসবুকে কনটেন্টের কার্যকারিতা মূল্যায়নে দর্শকসংক্রান্ত তথ্য গুরুত্বপূর্ণ হওয়ায় এই পরিবর্তন সংশ্লিষ্টদের জন্য তাৎপর্যপূর্ণ।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক