বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

স্পেন

বন্যার কারণে উবারের ৭৫৭ গাড়ির মধ্যে ৪৩৬টি অচল: বার্সেলোনায় বেড়েছে পরিবহন ভাড়া

বার্সেলোনা প্রতিনিধি স্পেন প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৩:১১ পিএম
বন্যার কারণে উবারের ৭৫৭ গাড়ির মধ্যে ৪৩৬টি অচল: বার্সেলোনায় বেড়েছে পরিবহন ভাড়া

কাতালোনিয়ায় ভারী বৃষ্টিতে বার্সেলোনার কাছে মোভ কার্সের গাড়ি রাখার ঘাঁটি প্লাবিত হওয়ার পর উবারের ৭৫৭টি গাড়ির মধ্যে ৪৩৬টি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গাড়ির সংকটে পরিষেবার ভাড়া কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন কর্মীদের প্রতিনিধিরা। একই সঙ্গে বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত গাড়ি যথাযথভাবে পরিষ্কার ও জীবাণুমুক্ত না করেই রাস্তায় নামানোর অভিযোগ উঠেছে।

স্পেনের সংবাদমাধ্যম কনসুমিদর গ্লোবালের ২১ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বন্যায় ডুবেছে গাড়ি রাখার এলাকা

গত ৩ ও ৪ অক্টোবর কাতালোনিয়ায় প্রবল বৃষ্টির কারণে বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে বার্সেলোনার কাছে করনেইয়া দে ইয়োব্রেগাতের এল কর্তে ইংলেসের ভূগর্ভস্থ গাড়ি পার্কিংয়ের চার নম্বর তলায় অবস্থিত মোভ কার্সের গাড়ি রাখার ঘাঁটিও পানিতে ডুবে যায়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

মোভ কার্স উবারের অ্যাপের মাধ্যমে যাত্রী পরিবহনের জন্য ভাড়া করা গাড়ি বা ভিটিসি (VTC) পরিষেবা পরিচালনা করে। প্রতিষ্ঠানটির কর্মী প্রতিনিধি ও পরিবহন শ্রমিক সংগঠন এসএলটির (SLT) প্রতিনিধিদের দেওয়া তথ্য অনুযায়ী, বন্যায় প্রায় ৫০০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

১৬ অক্টোবর প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ ও কর্মী প্রতিনিধিদের সর্বশেষ বৈঠকে জানানো হয়, মোট ৭৫৭টি গাড়ির মধ্যে মাত্র ৩২১টি চলাচলের উপযোগী ছিল। বাকি ৪৩৬টি গাড়ি তখনও পরিষেবার বাইরে ছিল।

গাড়ির সংকটে বেড়েছে উবারের ভাড়া

রাস্তায় চলাচলকারী গাড়ির সংখ্যা কমে যাওয়ায় যাত্রীদের ভাড়ায়ও প্রভাব পড়েছে বলে জানিয়েছেন কর্মী প্রতিনিধিরা। তাঁদের ভাষ্য, সাম্প্রতিক দিনগুলোতে উবারের ভাড়া কিছুটা বেড়েছে।

তবে ভাড়া ঠিক কত শতাংশ বেড়েছে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। কর্মী প্রতিনিধিরা জানিয়েছেন, ভাড়া নির্ধারণ করে উবার, মোভ কার্স নয়। এ ছাড়া বন্যার কারণে ভাড়ার ওপর ঠিক কী পরিমাণ প্রভাব পড়েছে, তা নির্ধারণের মতো তথ্যও তাঁদের কাছে নেই।

গাড়ি পরিষ্কার ও জীবাণুমুক্ত না করায় স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ

শ্রমিক প্রতিনিধিদের অভিযোগ, বন্যার পানিতে ডুবে যাওয়া কিছু গাড়ি যথাযথভাবে পরিষ্কার ও জীবাণুমুক্ত না করেই আবার রাস্তায় নামানো হচ্ছে। তাঁদের দাবি, এসব গাড়ির ভেতরে কাদা, নোংরা পানি ও দুর্গন্ধ রয়ে গেছে। এতে ছত্রাক ও ব্যাকটেরিয়ার মতো জীবাণুর ঝুঁকি তৈরি হতে পারে।

প্রতিবেদনে এক উবারচালকের বক্তব্যও তুলে ধরা হয়েছে। পরিচয় প্রকাশ না করার শর্তে ওই চালক জানান, বন্যার পর তিনি ও তাঁর কয়েকজন সহকর্মী টানা তিন দিন কাজ করতে পারেননি। পরে কিছু গাড়ি নিয়ে রাস্তায় বের হলেও সেগুলোতে ত্রুটির সতর্কসংকেত দেখা যাচ্ছিল। কোনো কোনো গাড়ির ভেতরে জমে থাকা পানি ও কাদার দুর্গন্ধও ছিল।

কর্মী প্রতিনিধিদের দাবি, কিছু চালক গাড়ির অবস্থা সহ্য করতে না পেরে অথবা গাড়িকে নিরাপদ মনে না করায় সেগুলো নিয়ে আবার ঘাঁটিতে ফিরে গেছেন।

বিশেষ করে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক সংযোগ, সেন্সর ও নিয়ন্ত্রণব্যবস্থায় পরে ত্রুটি দেখা দিতে পারে। গাড়ি চালু হলেও তাতে সব সমস্যা দূর হয়েছে, এমন নিশ্চয়তা নেই।

শ্রম দপ্তরের পরিদর্শন, ত্রুটি সংশোধনে ১০ দিনের সময়

কর্মী প্রতিনিধিরা শুধু গাড়ির অবস্থাই নয়, কর্মস্থলের শৌচাগার ও ২৪ ঘণ্টা জরুরি সমস্যার সমাধান দেওয়ার ব্যবস্থার ঘাটতি নিয়েও অভিযোগ করেছেন।

তাঁদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি শ্রম দপ্তরে জানানো হয়। পরে একজন পরিদর্শক করনেইয়ার ওই স্থাপনা পরিদর্শন করেন। এ সময় গাড়ি রাখার পার্কিং এলাকা, সিঁড়ি, গাড়ির অবস্থা, পরিষ্কার করার পদ্ধতি, শৌচাগার, বায়ু চলাচল এবং কর্মীদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পরীক্ষা করা হয়।

গাড়ি পরিষ্কারের কাজে ব্যবহৃত রাসায়নিক পদার্থের সংস্পর্শে কর্মীদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে কি না, সেটিও পর্যালোচনা করা হয়। কর্মী প্রতিনিধিদের ভাষ্য অনুযায়ী, শনাক্ত করা বিভিন্ন ত্রুটি সংশোধনের জন্য প্রতিষ্ঠানটিকে ১০ দিন সময় দেওয়া হয়েছে।

গাড়ির ক্ষয়ক্ষতি, কোন মানদণ্ডে গাড়িকে আবার চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে, পরিষ্কার ও জীবাণুমুক্ত করার ব্যবস্থা এবং গাড়ির সংকটের কারণে ভাড়া বৃদ্ধির বিষয়ে জানতে কনসুমিদর গ্লোবাল উবার ও মোভ কার্সের সঙ্গে যোগাযোগ করেছিল।

তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোনো প্রতিষ্ঠানই এ বিষয়ে বক্তব্য দেয়নি।

তথ্যসূত্র: কনসুমিদর গ্লোবাল (Consumidor Global)

পর্তুগালে নাগরিকত্বের আবেদন ৬ লাখ ৯০ হাজার ছাড়াল

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৩:০৯ এম
পর্তুগালে নাগরিকত্বের আবেদন ৬ লাখ ৯০ হাজার ছাড়াল

পর্তুগালে নাগরিকত্ব পাওয়ার অপেক্ষায় থাকা মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। দেশটির রেজিস্ট্রি ও নোটারি ইনস্টিটিউটের (আইআরএন) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত নাগরিকত্বের জন্য মোট ৬ লাখ ৯০ হাজার ৪৮০টি আবেদন নিষ্পত্তির অপেক্ষায় ছিল। এক বছরের ব্যবধানে এই সংখ্যা বেড়েছে ৩৮ শতাংশ। আবেদন জমে থাকার এই পরিস্থিতিতে নাগরিকত্বপ্রত্যাশীদের অপেক্ষার সময় এবং প্রশাসনিক কার্যক্রমের সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

এক বছরে আবেদন বেড়েছে ৩৮ শতাংশ

পর্তুগিজ সংবাদমাধ্যম পাবলিকো প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের একই সময়ে নাগরিকত্বের জন্য প্রায় পাঁচ লাখ আবেদন নিষ্পত্তির অপেক্ষায় ছিল। ২০২৬ সালের জুনের শেষ নাগাদ সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৯০ হাজার ৪৮০টিতে। অর্থাৎ, এক বছরে আবেদন জমে থাকার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

পর্তুগালের বিচার মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে প্রকাশিত এই পরিসংখ্যান দেশটির নাগরিকত্ব-সংক্রান্ত প্রশাসনিক ব্যবস্থার ওপর ক্রমবর্ধমান চাপের চিত্র তুলে ধরেছে।

আবেদনের কত অংশ অভিবাসীদের?

জমে থাকা আবেদনগুলোর মধ্যে মাত্র ২৬ শতাংশ পর্তুগালে বসবাসরত অভিবাসীদের, যারা বৈধভাবে বসবাসের নির্ধারিত সময় পূরণ করে নাগরিকত্বের আবেদন করেছেন। বাকি আবেদনগুলোর মধ্যে রয়েছে বিদেশে জন্ম নেওয়া পর্তুগিজ বংশোদ্ভূত ব্যক্তিদের আবেদন, সেফারদি ইহুদি বংশোদ্ভূতদের আবেদন এবং পর্তুগিজ নাগরিকদের স্বামী বা স্ত্রীর মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার আবেদন।

অর্থাৎ, নাগরিকত্বের জন্য অপেক্ষমাণ সব আবেদনকে পর্তুগালে বসবাসরত অভিবাসীদের আবেদন হিসেবে বিবেচনা করা যাবে না। বিভিন্ন আইনি ভিত্তিতে জমা দেওয়া আবেদনগুলো মিলিয়েই এই বিপুল সংখ্যা তৈরি হয়েছে।

নাগরিকত্ব আইনে পরিবর্তন

২০২৬ সালের মে মাসে পর্তুগালের জাতীয়তা আইনে পরিবর্তন আনা হয়। নতুন বিধানে বসবাসের ভিত্তিতে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে ন্যূনতম বৈধ বসবাসের সময় পাঁচ বছর থেকে বাড়িয়ে আবেদনকারীর উৎসভেদে সাত বা দশ বছর করা হয়েছে। অন্যদিকে, বিদেশে জন্ম নেওয়া পর্তুগিজ বংশোদ্ভূত ব্যক্তিদের মধ্যে প্রপিতামহ বা প্রমাতামহের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার সুযোগও সম্প্রসারিত হয়েছে।

তবে নতুন আইন কার্যকর হওয়ার পরপরই জমে থাকা আবেদনগুলোর সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়টি দিয়ে পুরো পরিস্থিতির ব্যাখ্যা করা যায় না। কারণ, ৩০ জুনের পরিসংখ্যানটি মূলত ওই তারিখ পর্যন্ত নিষ্পত্তির অপেক্ষায় থাকা সব আবেদনকে অন্তর্ভুক্ত করে। প্রতিবেদন অনুযায়ী, আইন পরিবর্তনের পর প্রায় ছয় সপ্তাহের সময়ের তথ্যও এই পরিসংখ্যানে প্রতিফলিত হয়েছে।

এ ছাড়া, পর্তুগালের রেজিস্ট্রি ও নোটারি ইনস্টিটিউট (আইআরএন) জানিয়েছে, অনলাইনে আবেদন জমা দেওয়ার তারিখের ভিত্তিতেই সংশ্লিষ্ট আবেদনে জাতীয়তা আইনের পরিবর্তিত বিধান প্রযোজ্য হবে কি না, তা নির্ধারণ করা হবে

আবেদন নিষ্পত্তিতে জনবল বাড়ানোর উদ্যোগ

দীর্ঘদিন ধরে নাগরিকত্বের আবেদন ঝুলে থাকা এবং প্রশাসনিক সেবায় বিলম্বের বিষয়টি নিয়ে রেজিস্ট্রি ও নোটারি খাতের শ্রমিক সংগঠনও সমালোচনা করে আসছে। পরিস্থিতি মোকাবিলায় বিচার মন্ত্রণালয় ও আইআরএন যৌথভাবে আবেদন নিষ্পত্তির গতি বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে।

বিচার মন্ত্রণালয়ের ২০২৬ সালের ২০ আগস্ট প্রকাশিত তথ্য অনুযায়ী, বিভিন্ন রেজিস্ট্রি সেবার জমে থাকা কাজ কমাতে মোট ৭৮ জন পেশাজীবীকে বিশেষ দায়িত্বে নিয়োজিত করা হয়েছে। তাঁদের মধ্যে ৪১ জনকে নাগরিকত্বের আবেদন নিষ্পত্তির জন্য নির্ধারিত বিশেষ দলে রাখা হয়েছে। এই দলগুলো ১ জুলাই থেকে কাজ শুরু করে।

নাগরিকত্বপ্রত্যাশীদের জন্য কী অর্থ বহন করছে এই পরিস্থিতি?

প্রায় সাত লাখ আবেদন নিষ্পত্তির অপেক্ষায় থাকার পরিসংখ্যান নাগরিকত্বপ্রত্যাশীদের জন্য উদ্বেগের কারণ হতে পারে। তবে শুধু এই সংখ্যা দেখে কোনো নির্দিষ্ট আবেদন কত দিনে নিষ্পত্তি হবে, তা নিশ্চিতভাবে বলা যায় না। আবেদন জমা দেওয়ার সময়, আবেদনের ধরন, নথিপত্র যাচাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের মতো বিষয়গুলো প্রক্রিয়ার ওপর প্রভাব ফেলতে পারে।

আফগানিস্তানকে ১১৯ রানে থামাতে পারলেই ফাইনালে বাংলাদেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১১:১১ পিএম
আফগানিস্তানকে ১১৯ রানে থামাতে পারলেই ফাইনালে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার সমীকরণে কেবল জয়ই যথেষ্ট ছিল না বাংলাদেশের জন্য; দরকার ছিল অন্তত ৪১ রানের ব্যবধানে নিশ্চিত জয়। এমন কঠিন সমীকরণ সামনে রেখে আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তাওহীদ হৃদয়ের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। তবে পারভেজ হোসেন ইমনের দায়িত্বশীল অর্ধশতকে ভর করে অলআউট হওয়ার আগে দলীয় সংগ্রহ ১৬০ রানে পৌঁছায়। ফলে ফাইনালে স্থান করে নিতে হলে আফগানদের ১১৯ রানের মধ্যে অলআউট করতে হবে লাল-সবুজ প্রতিনিধিদের।

নিয়মিত অধিনায়ক লিটন দাস চোটের কারণে ছিটকে যাওয়ায় দলে সুযোগ পাওয়া ইমনই ম্যাচের একমাত্র স্বস্তি উপহার দেন। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত লড়ে ৯৬ বলে ৫টি চার ও ২টি ছক্কায় দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান সংগ্রহ করেন তিনি।

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ভয়াবহ বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ২৮ রানে প্রথম সারির ৪ ব্যাটার বিদায় নেন। ম্যাচের দ্বিতীয় ওভারে তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার দ্রুত সাজঘরে ফেরেন। এরপর সপ্তম ওভারে পরপর দুই বলে প্যাভিলিয়নের পথ ধরেন নাজমুল হোসেন শান্ত (১৫) ও অধিনায়ক তাওহীদ হৃদয়। চারজন ব্যাটারই কোনো রান না করে ‘ডায়মন্ড’ ও ‘ডাক’ মেরে আউট হন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রাথমিক বিপর্যয় সামলে পঞ্চম উইকেটে আশা জাগান পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসান। এ দুজন মিলে গড়া ৯৩ রানের গুরুত্বপূর্ণ জুটি দলকে একশ পার করায়। সাইফ ৮২ বলে ৪১ রান করে আউট হলে ভেঙে যায় এই প্রতিরোধ। এরপর মেহেদী হাসান মিরাজও দ্রুত ফিরে যান।

দলীয় সংগ্রহ বাড়ানোর চেষ্টা চালালেও আফগান স্পিনার রশিদ খানের শিকার হয়ে এলবিডব্লিউ হন সেট ব্যাটার ইমন। এরপর আর কেউ প্রতিরোধ গড়তে না পারলে ৪২তম ওভারে অলআউট হয় বাংলাদেশ।

আফগানিস্তানের পক্ষে সর্বাধিক ৪টি উইকেট শিকার করেন লেগস্পিনার রশিদ খান। এছাড়া ইয়ামিন আহমদজাই ও আজমতউল্লাহ ওমরজাই ২টি করে উইকেট নেন।

বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার ‘রিচ’

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১০:৫৪ পিএম
বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার ‘রিচ’

ফেসবুকের কনটেন্টের পারফরম্যান্স মূল্যায়নের পরিচিত সূচক ‘রিচ’ বন্ধ হচ্ছে। আগামী ৩১ অক্টোবর থেকে এর পরিবর্তে দর্শকসংখ্যা পরিমাপে ‘ভিউয়ারস’ মেট্রিক চালু করবে সামাজিক যোগাযোগমাধ্যমটি।

 

এক বিজ্ঞপ্তিতে ফেসবুক জানিয়েছে, এত দিন নির্দিষ্ট সময়ে কতটি আলাদা অ্যাকাউন্টের কাছে কোনো কনটেন্ট পৌঁছেছে, তা পরিমাপ করা হতো ‘রিচ’ দিয়ে। তবে ২০২৬ সালের ৩১ অক্টোবর থেকে এ সুবিধা আর পাওয়া যাবে না।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

নতুন ‘ভিউয়ারস’ মেট্রিকের মাধ্যমে কনটেন্টের দর্শকসংখ্যা নির্ধারণ করা হবে। এ পরিবর্তনের প্রভাব পড়তে পারে বাণিজ্যিক পেজ পরিচালনা, প্রচারণা তদারকি এবং প্রমোশনাল কনটেন্টের সফলতা মূল্যায়নে।

থাকছে না ‘রিচ’, ফেসবুকে আসছে নতুন মেট্রিক ‘ভিউয়ার্স’
থাকছে না ‘রিচ’, ফেসবুকে আসছে নতুন মেট্রিক ‘ভিউয়ার্স’

সংবাদমাধ্যম, ব্যবসা প্রতিষ্ঠান, স্বাধীন কনটেন্ট নির্মাতা ও ডিজিটাল বিপণনকর্মীদের নতুন ব্যবস্থার সঙ্গে নিজেদের বিশ্লেষণ কৌশল সমন্বয় করতে হবে।

 

‘রিচ’ ও ‘ভিউয়ারস’ মেট্রিকের হিসাবের পদ্ধতি এক না হলে পুরোনো পরিসংখ্যানের সঙ্গে নতুন তথ্যের তুলনা জটিল হতে পারে।

 

তাই পুরোনো প্রতিবেদন সংরক্ষণ এবং নতুন মেট্রিকের হিসাবপদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া জরুরি। ফেসবুকে কনটেন্টের কার্যকারিতা মূল্যায়নে দর্শকসংক্রান্ত তথ্য গুরুত্বপূর্ণ হওয়ায় এই পরিবর্তন সংশ্লিষ্টদের জন্য তাৎপর্যপূর্ণ।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক