আলজেরিয়ার সঙ্গে বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে আলোচনা
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল আলজেরিয়ার প্রধানমন্ত্রী সিফি গ্রিয়েবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
প্রতিনিধি দলে আরও ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও আলজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।
সাক্ষাতে ইকবাল হাসান মাহমুদ বলেন, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, সার, শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, খেলাধুলা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে সহযোগিতা বাড়ানোর ব্যাপক সুযোগ রয়েছে।
দুই দেশের জনগণের কল্যাণে জ্বালানি খাতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি এ খাতের প্রকৌশলী ও বিশেষজ্ঞদের জন্য জ্ঞান বিনিময় এবং প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের ক্ষেত্রে আলজেরিয়ার কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে হাইড্রোকার্বন খাতে সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ায় সন্তোষ প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ উদ্যোগের ফলে সরকারি পর্যায়ে আলজেরিয়া থেকে এলএনজি, এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির নতুন সুযোগ তৈরি হয়েছে।
এ ছাড়া বাংলাদেশে এলএনজি অবকাঠামো উন্নয়ন এবং কয়লা ও গ্যাসক্ষেত্র অনুসন্ধানে আধুনিক, নিরাপদ ও উন্নত পদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জন ও সেগুলো ব্যবহারের সুযোগ সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপরও গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
আলজেরিয়ার প্রধানমন্ত্রী সিফি গ্রিয়েব বলেন, তাঁর সরকার বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করাকে যথেষ্ট গুরুত্ব দেয়। ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা এবং একে অপরের পরিপূরক হওয়ার ব্যাপক সুযোগ রয়েছে।














