শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে খুলছে নতুন দুয়ার ১০ হাজার কর্মী নেবে বিনা খরচে, অনুমোদন পাচ্ছে বাংলাদেশের ৩৩৮ এজেন্সি

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১২:৪৫ পিএম
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে খুলছে নতুন দুয়ার ১০ হাজার কর্মী নেবে বিনা খরচে, অনুমোদন পাচ্ছে বাংলাদেশের ৩৩৮ এজেন্সি

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় চালু ও সম্প্রসারণের উদ্যোগের মধ্যে সুখবর দিয়েছে সরকার। বাংলাদেশের ১০ হাজার কর্মী সম্পূর্ণ বিনা খরচে নিয়োগের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া।

একই সঙ্গে বাংলাদেশের ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করতেও সম্মতি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এসব এজেন্সি নিজেদের উদ্যোগে মালয়েশিয়ার নিয়োগকর্তাদের কাছ থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র বা জব অর্ডার সংগ্রহ, কর্মী নির্বাচন ও নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে পারবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, ভিসা প্রক্রিয়া, সরকারি ছাড়পত্র এবং স্বাস্থ্য পরীক্ষার নিয়ম সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানায়, মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশের একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল), ২৫টি বেসরকারি প্রসেসিং বা সার্ভিস এজেন্সি এবং ৩১২টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করতে সম্মত হয়েছে মালয়েশিয়া। সব মিলিয়ে এজেন্সির সংখ্যা ৩৩৮টি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

সরকারের বিশেষ অনুরোধে ১০ হাজার বাংলাদেশি কর্মী সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে মালয়েশিয়া নীতিগত সম্মতি দিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে এ উদ্যোগ বাস্তবায়নের বিস্তারিত শর্ত ও কার্যকর নিয়োগপ্রক্রিয়া সম্পর্কে পরবর্তী নির্দেশনা অনুসরণ করতে হবে।

যেভাবে হবে কর্মী নিয়োগ
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, মালয়েশিয়ার কর্তৃপক্ষের অনুমোদিত ও তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্সিগুলো নিজেদের উদ্যোগে দেশটির নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জব অর্ডার সংগ্রহ করতে পারবে। এরপর বাংলাদেশের প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করে কর্মী নির্বাচন এবং নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে সংশ্লিষ্ট এজেন্সি।
জব অর্ডার সংগ্রহ ও কর্মী নির্বাচনের দায়িত্ব সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির হাতে থাকলেও কলিং ভিসা, ই-ভিসা এবং মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করতে সহায়তা করবে বোয়েসেল ও তালিকাভুক্ত ২৫টি প্রসেসিং বা সার্ভিস এজেন্সি।

মালয়েশিয়ার প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিকে বাংলাদেশের বিধি অনুযায়ী পরবর্তী কার্যক্রম শেষ করতে হবে। প্রতিটি অনুমোদিত এজেন্সি নিজস্ব রিক্রুটিং লাইসেন্সের অধীনে নির্বাচিত কর্মীদের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্র নিতে পারবে। এ ক্ষেত্রে বোয়েসেল ও ২৫টি প্রসেসিং বা সার্ভিস এজেন্সি সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিকে অনাপত্তিপত্র (এনওসি) দিতে পারবে।
মন্ত্রণালয়ের মতে, এ ব্যবস্থায় রিক্রুটিং এজেন্সিগুলোর দায়িত্ব ও জবাবদিহি বজায় রাখার পাশাপাশি নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং কর্মীদের জন্য বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ করা সম্ভব হবে।

স্বাস্থ্য পরীক্ষায় থাকবে না একক নিয়ন্ত্রণ
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা চূড়ান্ত করার প্রক্রিয়াও চলমান রয়েছে। বিদ্যমান সমঝোতা স্মারক অনুযায়ী, এ তালিকা চূড়ান্ত করার দায়িত্ব বাংলাদেশ ও মালয়েশিয়া উভয় দেশের।
শ্রমবাজার দ্রুত চালুর স্বার্থে বাংলাদেশ সরকার বিদ্যমান মেডিকেল সেন্টারের তালিকা পরিবর্তনের অনুরোধ জানিয়েছিল। এ বিষয়ে মালয়েশিয়ার স্বাস্থ্য, মানবসম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ প্রতিনিধি দল বাংলাদেশে সরেজমিন পরিদর্শন করে নতুন তালিকা চূড়ান্ত অনুমোদন দেবে।

এদিকে, প্রক্রিয়াটি সম্পন্ন হতে সময় লাগায় মালয়েশিয়া সরকারের অনুমোদিত বিদ্যমান তালিকা থেকে বিতর্কিত ও অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারগুলো বাদ দিয়ে অবশিষ্ট সেন্টারগুলোর মাধ্যমে কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি নতুন নীতিমালার আলোকে মেডিকেল সেন্টার যাচাই-বাছাই করে যত দ্রুত সম্ভব সংশোধিত তালিকা প্রকাশের উদ্যোগ নেওয়া হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, তালিকাভুক্ত মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত যাচাই করবে। কোনো অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট সেন্টারের কার্যক্রম বন্ধের ব্যবস্থা নেওয়া হবে। পর্যায়ক্রমে নতুন মেডিকেল সেন্টারও তালিকায় যুক্ত করা হবে।

কর্মীরা অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। কোনো নির্দিষ্ট মেডিকেল সেন্টারকে এককভাবে স্বাস্থ্য পরীক্ষা পরিচালনার সুযোগ দেওয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।

দীর্ঘ আলোচনার পর নতুন উদ্যোগ
মন্ত্রণালয় জানায়, ২০২২ সালের ১৮ ডিসেম্বর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী, মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি নির্বাচন ও তালিকাভুক্ত করার বিধান রয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এজেন্সিগুলোর যোগ্যতা যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়। ওই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রয়োজনীয় কাগজপত্রসহ ৪২৩টি রিক্রুটিং এজেন্সির তালিকা মালয়েশিয়ার কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছিল। পরবর্তী সময়ে বর্তমান সরকারের পক্ষ থেকে ধারাবাহিক আলোচনার মাধ্যমে শ্রমবাজার পুনরায় চালু ও নিয়োগপ্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হয়।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তাঁর প্রথম সরকারি বিদেশ সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নেন। সফরে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার পুনরায় চালু করার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

সরকার বলছে, মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করার পাশাপাশি অভিবাসন ব্যয় কমানো, নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করা এবং কর্মীদের অতিরিক্ত আর্থিক বোঝা থেকে সুরক্ষা দেওয়া এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। এ জন্য রিক্রুটিং এজেন্সিগুলোকে দেশের আইন মেনে এবং কর্মীদের স্বার্থ রক্ষা করে নিয়োগ কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ সরকার বলেছে, দুই দেশের শ্রম সহযোগিতার এ নতুন সুযোগ কাজে লাগাতে সরকার, রিক্রুটিং এজেন্সি ও কর্মীদের সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সৌদি আরব-যাত্রী ১০৭ ফ্লাইট বাতিল, ১৬ হাজার যাত্রীর ভোগান্তি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৮:৪৬ পিএম
সৌদি আরব-যাত্রী ১০৭ ফ্লাইট বাতিল, ১৬ হাজার যাত্রীর ভোগান্তি

সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের প্রভাব পড়েছে ঢাকা-সৌদি রুটের ফ্লাইট চলাচলে। এ পর্যন্ত ১০৭টি ফ্লাইট ব্যাহত বা বাতিল হয়েছে। এর মধ্যে ৪৪টি সরাসরি এবং ৬৩টি ট্রানজিট ফ্লাইট। এসব ফ্লাইটের ১৬ হাজার ৬২০ জন যাত্রী অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারের ৭টি ফ্লাইট ব্যাহত হয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালাম এয়ারের ৭টি, ফ্লাইদুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৪টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ফ্লাইট চলাচলে এ বিঘ্নের কারণে সৌদি আরবগামী ও সেখান থেকে দেশে ফেরার অপেক্ষায় থাকা যাত্রীদের ভোগান্তি বেড়েছে। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন অনেক যাত্রী। ট্রানজিট ফ্লাইট ব্যাহত হওয়ায় বিকল্প রুটে যাতায়াতের ক্ষেত্রেও তৈরি হয়েছে জটিলতা।

বেবিচক জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর সঙ্গে সমন্বয় করে ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণে কাজ চলছে। পরিস্থিতির উন্নতি ও বিমানবন্দরগুলোর বিধিনিষেধ শিথিল হওয়ার ওপর ফ্লাইট চলাচলের স্বাভাবিকতা নির্ভর করছে।

লেহরা দো তিরঙ্গা

অভিজিৎ দীপকের পর এবার আটক নেহা বোরা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৮:০৫ পিএম
অভিজিৎ দীপকের পর এবার আটক নেহা বোরা

ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘লেহরা দো তিরঙ্গা’ মার্চ ঠেকাতে পুলিশের ধরপাকড় অব্যাহত রয়েছে। সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে আটকের পর এবার অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ।

 

শুক্রবার (১৬ অক্টোবর) মধ্য দিল্লির মান্ডি হাউস এলাকা থেকে তাকে আটক করা হয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

 

ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ এবং সিজেপির দুই নেতার গ্রেফতারের প্রতিবাদে শুক্রবার বিকেলে দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা নিয়ে সমবেত হওয়ার কর্মসূচি ঘোষণা করেছিল সিজেপি।

 

তবে ‘লেহরা দো তিরঙ্গা’ নামের এই কর্মসূচি শুরু হওয়ার কয়েক মিনিট আগেই আন্দোলনের নেতাদের আটক করল দিল্লি।

 

এরআগে অভিজিৎ দীপককে তার ঝান্ডেওয়ালানের বাসা থেকে আটক করা হয়।

 

এনডিটিভি জানিয়েছে, আটকের আগে দিল্লি পুলিশ দীপকেকে একটি নোটিশ দেয়।

 

নোটিশে বলা হয়, কনট প্লেস এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার অধীনে নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। অনুমতি ছাড়া মিছিল বা বড় ধরনের জমায়েত করলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

 

পুলিশ জানিয়েছে, জাতীয় পতাকা ওড়ানো নিষিদ্ধ নয়; তবে নিষেধাজ্ঞা অমান্য করে অনুমতিহীন সমাবেশ করা যাবে না।

 

তবে সেই নোটিশের জবাবে অভিজিৎ দীপকে বলেন, জাতীয় পতাকা ওড়ানোর জন্য কারাগারে যেতে হলেও তিনি প্রস্তুত। এরপরই তাকে আটক করা হয়।

 

আটক হওয়ার আগে তিনি আরও বলেন, সিজেপির নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মাধ্যমে শান্তিপূর্ণ প্রতিবাদ দমনের চেষ্টা করছে সরকার। যদিও তাদের দাবি সরকার পরিবর্তন নয়; বরং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরিয়ে নিরপেক্ষ ও স্বাধীনভাবে নতুন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া।

 

এরআগে গত বুধবার সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে শুক্রবার বিকেল ৫টায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা নিয়ে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছিলেন।

 

মূলত, দলের দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকাকে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনায় কারাগারে পাঠানো প্রতিবাদে ‘লেহরা দো তিরঙ্গা’ কর্মসূচির ডাক দেয় সিজেপি। জন্তর মন্তরকে নির্ধারিত প্রতিবাদস্থলের তালিকা থেকে বাদ দেওয়ার পর নতুন কর্মসূচির জন্য সেন্ট্রাল পার্ককে বেছে নেয় দলটি।

 

তবে পুলিশ জানিয়েছে, এই জমায়েতের জন্য অনুমতি দেওয়া হয়নি এবং নিষেধাজ্ঞা অমান্য করে সমাবেশ করলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

 

সূত্র: এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস

যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশুসহ নিহত ৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৮:০২ পিএম
যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশুসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে ১৬ বছর বয়সী এক কিশোরের গুলিতে তিন শিশু ও একজন শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক শিশু ও একজন শিক্ষক গুরুতর আহত হয়েছেন। হামলাকারী কিশোরও গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১টার দিকে ওরেগনের বেন্ড শহরের সিলভার রেইল এলিমেন্টারি স্কুলে এ হামলার ঘটনা ঘটে।

নিহত তিন শিশুর বয়স পাঁচ, আট ও ১১ বছর। অন্যদিকে, গুরুতর আহত সাত বছর বয়সী শিশু ও ৫৪ বছর বয়সী শিক্ষককে স্থানীয় সেন্ট চার্লস বেন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

বেন্ড পুলিশের প্রধান মাইক ক্রান্টজ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ঘটনাস্থল থেকে মোট পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিন শিশু, একজন শিক্ষক এবং সন্দেহভাজন হামলাকারী রয়েছে। হামলাকারী ১৬ বছর বয়সী বেন্ড শহরেরই বাসিন্দা।

পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ১টার কিছুক্ষণ আগে এক ব্যক্তি জরুরি সেবা নম্বরে ফোন করে জানান, এক ব্যক্তি তার গাড়ি লক্ষ্য করে একাধিকবার গুলি চালিয়েছে। এর কিছুক্ষণের মধ্যেই স্কুলের ভেতর থেকে জরুরি সেবা নম্বরে একের পর এক ফোন আসতে থাকে। এরপর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

প্রথম ফোন পাওয়ার প্রায় তিন মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে স্কুলটি লকডাউন করে দেওয়া হয়েছিল।

পুলিশপ্রধান মাইক ক্রান্টজ জানিয়েছেন, হামলাকারী কিশোর স্কুলের তালাবদ্ধ দরজা লক্ষ্য করে গুলি চালিয়ে ভেতরে প্রবেশ করে।

হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, কতগুলো গুলি ছোড়া হয়েছে, তা জানতে চাওয়া হলে তিনি জানান, হামলাকারীর কাছে একটি লম্বা বন্দুক ছিল।

তবে সেটি ঠিক কোন ধরনের বন্দুক, তা এখনো প্রকাশ করেননি তিনি। এছাড়াও হামলাকারী ওই স্কুলের শিক্ষার্থী ছিল কিনা কিংবা স্কুলের কাউকে আগে থেকে চিনতো কি না, সেই বিষয়েও পুলিশ এখনো নিশ্চিত নয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে এসে তারা হামলাকারীকে গুলিবিদ্ধ হয়ে মৃত অবস্থায় দেখতে পান।

পুলিশপ্রধান মাইক ক্রান্টজ বলেন, একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি হামলাকারী কিশোরকে স্কুলে প্রবেশ করতে দেখেছিলেন। এরপর ওই ব্যক্তিও হামলাকারী কিশোরকে অনুসরণ করে স্কুলের ভেতরে প্রবেশ করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তির গুলিতেই হামলাকারী নিহত হয়েছে।

বেন্ড পুলিশ বিভাগের যোগাযোগ বিষয়ক ব্যবস্থাপক শিলা মিলার সাংবাদিকদের জানান, দুপুর ১টা ২ মিনিটের দিকে সন্দেহভাজন হামলাকারী কিশোর গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

হামলাকারী কিশোর কিংবা কিশোরকে গুলি করা সন্দেহভাজন ব্যক্তি সম্বন্ধে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ।

তবে এই ঘটনার পর পুলিশ স্কুলের প্রতিটি কক্ষ তল্লাশি করে এবং পুরো ভবন নিরাপদ বলে নিশ্চিত করে। এরপর শিক্ষার্থীদের কাছের একটি গির্জায় নিয়ে যাওয়া হয় এবং সেখানেই শিক্ষার্থীদের নিজ নিজ অভিভাবকদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।

ওরেগনের গভর্নর টিনা কোটেক বলেছেন, এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জীবন চিরতরে বদলে গেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, সিলভার রেইল এলিমেন্টারি স্কুলে প্রায় ৪৫০ জন শিক্ষার্থী পড়াশোনা করে। সেখানে শিক্ষকসহ ৪০ জনের বেশি কর্মী রয়েছেন।

এ ঘটনার পর ওই এলাকার সব স্কুল শুক্রবারের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, ‘কে-১২ স্কুল শুটিং ডেটাবেস’ এর তথ্য অনুযায়ী, গত বছর যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে ২৩৫টি গুলির ঘটনা ঘটেছিল এবং চলতি বছর এখন পর্যন্ত অন্তত ১৪০টি ঘটনা ঘটেছে।

সূত্র: বিবিসি

প্রবাহ বাংলা নেটওয়ার্ক