শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

সেউতা সংকটের পর ইইউর নতুন অভিবাসন পরিকল্পনা

স্পেনের সীমান্তে কি বদল আসতে পারে?

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৬:০৫ পিএম
স্পেনের সীমান্তে কি বদল আসতে পারে?

ইউরোপীয় ইউনিয়ন তার অভিবাসন ও সীমান্ত ব্যবস্থাপনা আরও কঠোর ও সমন্বিত করার পথে এগোচ্ছে। বিশেষ করে হঠাৎ করে বিপুলসংখ্যক অভিবাসী সীমান্তে পৌঁছে গেলে কীভাবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে, সীমান্ত নজরদারি কীভাবে বাড়ানো হবে এবং যাদের ইউরোপীয় ইউনিয়নে থাকার অধিকার নেই তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া কীভাবে দ্রুত করা হবে- এসব বিষয়কে সামনে রেখে ইউরোপীয় কমিশন পাঁচ দফা নতুন পরিকল্পনা ঘোষণা করেছে।

২৯ সেপ্টেম্বর প্রস্তাবিত এই পরিকল্পনার পেছনে চলতি গ্রীষ্মে স্পেনের সেউতায় তৈরি হওয়া বড় অভিবাসন সংকট গুরুত্বপূর্ণ কারণ হিসেবে কাজ করেছে। ইউরোপীয় কমিশন বলছে, সেউতার ঘটনা দেখিয়েছে যে ইইউর বহির্সীমান্তে খুব অল্প সময়ের মধ্যে বড় আকারের অভিবাসী প্রবেশের পরিস্থিতি তৈরি হতে পারে এবং এ ধরনের জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিদ্যমান ব্যবস্থাকে আরও শক্তিশালী করা প্রয়োজন।

ইইউর পরিকল্পনায় পাঁচটি প্রধান দিক রয়েছে। প্রথমত, অভিবাসীদের উৎস ও ট্রানজিট দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানো। দ্বিতীয়ত, ইইউর বহির্সীমান্ত আরও শক্তিশালী করা। তৃতীয়ত, সীমান্ত পরিস্থিতি সম্পর্কে আগাম সতর্কতা ও নজরদারি বাড়ানো। চতুর্থত, মানবপাচার ও অভিবাসী পাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান জোরদার করা। পঞ্চমত, যেসব ব্যক্তির ইইউতে থাকার আইনগত অধিকার নেই, তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা আরও কার্যকর করা।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

স্পেনের জন্য পরিকল্পনাটির গুরুত্ব সবচেয়ে বেশি সীমান্ত ব্যবস্থাপনা ও ফেরত পাঠানোর ক্ষেত্রে। নতুন ব্যবস্থায় ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সকে আরও শক্তিশালী করার প্রস্তাব রয়েছে। এর মধ্যে থাকবে দ্রুত মোতায়েনযোগ্য সদস্য ও সরঞ্জাম, সীমান্ত পর্যবেক্ষণে বাড়তি সক্ষমতা এবং ফেরত পাঠানোর ক্ষেত্রে সংস্থাটির বড় ভূমিকা। জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা দেওয়ার জন্য একটি নতুন ইউরোপীয় জরুরি প্রতিক্রিয়া কাঠামো তৈরির কথাও বলা হয়েছে।

সেউতার মতো স্পেনের বহির্সীমান্ত এলাকায় এর বাস্তব গুরুত্ব রয়েছে। কারণ সেউতা ও মেলিয়া স্পেনের ভূখণ্ড হলেও একই সঙ্গে এগুলো ইউরোপীয় ইউনিয়নের বহির্সীমান্ত। ফলে সেখানে বড় ধরনের অভিবাসন সংকট তৈরি হলে বিষয়টি শুধু স্পেনের অভ্যন্তরীণ সমস্যা হিসেবে দেখা হচ্ছে না; ইইউর সীমান্ত নিরাপত্তার অংশ হিসেবেও বিবেচনা করা হচ্ছে।

চলতি বছরের ৩০ ও ৩১ জুলাই সেউতায় বড় আকারে অনিয়মিত সীমান্ত পারাপারের পর স্পেন ইইউর কাছে অতিরিক্ত সহায়তা চেয়েছিল। এর পর ৯ সেপ্টেম্বর ইউরোপীয় কমিশন স্পেনকে ১১ কোটি ৪৭ লাখ ইউরোর জরুরি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই অর্থের মধ্যে ৮ কোটি ২৭ লাখ ইউরো এসেছে আশ্রয় ও অভিবাসন ব্যবস্থাপনা তহবিল থেকে এবং ৩ কোটি ২০ লাখ ইউরো সীমান্ত ও ভিসা ব্যবস্থাপনার তহবিল থেকে।

এই অর্থ দিয়ে সীমান্ত নজরদারি ও নিরাপত্তা অবকাঠামো শক্তিশালী করা, অতিরিক্ত জনবল ও সরঞ্জাম মোতায়েন, অভিবাসীদের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার জন্য স্থাপনা তৈরি এবং যাদের সেউতায় থাকার আইনগত অধিকার নেই তাদের ফেরত পাঠানোর কাজে সহায়তা দেওয়ার কথা রয়েছে। একই সঙ্গে বিশেষ করে অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্কদের জন্য সেউতার আশ্রয় ও গ্রহণক্ষমতা বাড়ানোর ব্যবস্থাও এর আওতায় রয়েছে।

নতুন ইইউ পরিকল্পনায় শুধু সীমান্তে নজরদারি বাড়ানোর কথা বলা হয়নি। অভিবাসীদের যাত্রাপথ সম্পর্কে আগাম তথ্য পাওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। ইইউর সীমান্ত নজরদারি ব্যবস্থা ইউরোসুরের (EUROSUR) মাধ্যমে সদস্য দেশগুলোকে সীমান্ত পরিস্থিতির গুরুত্বপূর্ণ পরিবর্তন দ্রুত জানাতে বলা হচ্ছে। একই সঙ্গে ফ্রন্টেক্সের নজরদারি সক্ষমতা বাড়ানোর প্রস্তাব রয়েছে, যার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণের মাধ্যমে সীমান্ত পরিস্থিতি সম্পর্কে আগাম ধারণা পাওয়ার বিষয়টিও রয়েছে।

তবে এই অংশটি ভবিষ্যতে বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিতর্ক তৈরি করতে পারে। কারণ সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ, অনলাইনে অভিবাসনসংক্রান্ত তথ্য ছড়িয়ে পড়া এবং ভুল বা বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করার মতো ব্যবস্থাগুলো কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে ব্যক্তিগত গোপনীয়তা ও মৌলিক অধিকার রক্ষার প্রশ্নও রয়েছে। ইইউ পরিকল্পনায় এসব বিষয়ে ডিজিটাল সার্ভিসেস অ্যাক্টের আওতায় অনলাইন প্ল্যাটফর্ম, সার্চ ইঞ্জিন ও জাতীয় কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের কথা বলা হয়েছে।

অন্যদিকে মানবপাচারকারী ও অভিবাসী পাচারকারী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা আরও কঠোর করার পরিকল্পনাও রয়েছে। ইইউ চায় পাচারকারীদের সম্পদ জব্দ ও ভ্রমণ নিষেধাজ্ঞার মতো ব্যবস্থা কার্যকর করতে। অনলাইন প্ল্যাটফর্ম, আর্থিক প্রতিষ্ঠান ও ডিজিটাল পেমেন্ট সেবাদাতাদের সঙ্গে সহযোগিতা বাড়িয়ে পাচারকারী চক্রের অনলাইন কার্যক্রম এবং অর্থের প্রবাহ শনাক্ত করার পরিকল্পনাও রয়েছে। ইউরোপীয় পুলিশ সংস্থা ইউরোপোলের অভিবাসী পাচারবিরোধী সক্ষমতা আরও বাড়ানোর কথাও বলা হয়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর একটি হতে পারে ফেরত পাঠানোর ক্ষেত্রে। ইইউ কমিশন বলছে, যেসব তৃতীয় দেশের নাগরিকের ইইউতে থাকার আইনগত অধিকার নেই, তাদের ফেরত পাঠানোর জন্য সদস্য দেশগুলোর মধ্যে আরও সমন্বিত ব্যবস্থা প্রয়োজন। এ ক্ষেত্রে ফ্রন্টেক্সের ভূমিকা বাড়ানো হবে এবং তৃতীয় দেশগুলোর সঙ্গে ফেরত গ্রহণ বা পুনঃভর্তির বিষয়ে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।

ইইউ একই সঙ্গে নতুন ফেরত-সংক্রান্ত বিধি বাস্তবায়ন এবং সীমান্ত পর্যায়ে ফেরত প্রক্রিয়া ব্যবহারের ওপর জোর দিচ্ছে। প্রশাসনিক জটিলতা কমাতে পুরো প্রক্রিয়াকে আরও ডিজিটাল করার কথাও বলা হয়েছে।

স্পেন ইতোমধ্যে এই ধরনের পরিবর্তনের পক্ষে অবস্থান জানিয়েছে। সেপ্টেম্বরের মাঝামাঝি স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মার্লাস্কা এবং অভিবাসনমন্ত্রী এলমা সাইস ইউরোপীয় কমিশনের অভিবাসন ও স্বরাষ্ট্রবিষয়ক কমিশনার ম্যাগনুস ব্রুনারের সঙ্গে বৈঠকে সংকটের সময় ফেরত পাঠানো ও আন্তর্জাতিক সুরক্ষার আবেদন দ্রুত প্রক্রিয়াকরণের জন্য ইউরোপীয় পর্যায়ে আইনি পরিবর্তনের প্রতি স্পেনের সমর্থনের কথা জানান।

এর অর্থ হলো, সেউতার মতো হঠাৎ বড় আকারের অভিবাসন সংকট তৈরি হলে স্পেন ভবিষ্যতে শুধু নিজস্ব সীমান্তরক্ষী ও প্রশাসনিক ব্যবস্থার ওপর নির্ভর করবে না। ইইউর ফ্রন্টেক্স, ইউরোপোল এবং ইউরোপীয় আশ্রয় সংস্থার সমন্বিত সহায়তা আরও দ্রুত পাওয়ার কাঠামো তৈরি করা হচ্ছে।

তবে নতুন পরিকল্পনাটি এখনই এমন কোনো আইন নয়, যার সব ব্যবস্থা আগামীকাল থেকেই কার্যকর হয়ে যাচ্ছে। ২৯ সেপ্টেম্বর পরিকল্পনাটি প্রস্তাব করার পর ১ ও ২ অক্টোবর ইইউর বিচার ও স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তা সদস্য দেশগুলোর সামনে উপস্থাপন করা হয়েছে। এখন কমিশন, সদস্য দেশ এবং সংশ্লিষ্ট ইইউ সংস্থাগুলোকে পরিকল্পনার বিভিন্ন অংশ বাস্তবায়নের জন্য পরবর্তী পদক্ষেপ নিতে হবে।

সেউতা সংকটের কারণে বিষয়টি আরও রাজনৈতিক গুরুত্ব পেয়েছে। ১৭ সেপ্টেম্বর ইউরোপীয় পার্লামেন্টও সেউতা ও মেলিয়াকে ঘিরে একটি প্রস্তাব গ্রহণ করে। পার্লামেন্টের নথিতে বলা হয়েছে, ২৯ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে প্রায় ৮০ হাজার মানুষ মরক্কো থেকে স্থল ও সমুদ্রপথে সেউতায় অনিয়মিতভাবে প্রবেশ করেছিল বলে তাদের নথিতে উল্লেখ করা হয়েছে; একই সঙ্গে তারা জানিয়েছে যে মৃত্যুর সংখ্যা ও প্রবেশকারীদের সঠিক সংখ্যা এখনও পুরোপুরি নিশ্চিত নয়। পার্লামেন্ট ফ্রন্টেক্সের সক্ষমতা বাড়ানো এবং সংকটের সময় দ্রুত মোতায়েনযোগ্য ইউরোপীয় সহায়তার পক্ষে অবস্থান নিয়েছে।

এখানে একটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ইইউর নতুন পরিকল্পনা শুধু ‘অভিবাসী ঠেকানো’র পরিকল্পনা নয়; এর মধ্যে বৈধ ও নিরাপদ অভিবাসনের পথ তৈরির কথাও রয়েছে। কমিশন বলছে, উৎস দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি তরুণদের দক্ষতা ও কর্মসংস্থান নিয়ে নতুন উদ্যোগ এবং বৈধ ও নিরাপদভাবে ইউরোপে আসার সুযোগ তৈরির কাজও করা হবে। অর্থাৎ অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং বৈধ অভিবাসনের সুযোগ- এই দুই দিককে একই কাঠামোর মধ্যে রাখার চেষ্টা করছে কমিশন।

স্পেনের জন্য এর প্রভাব তাই কয়েকটি স্তরে দেখা যেতে পারে। সীমান্তে নজরদারি ও প্রযুক্তি বাড়বে, সেউতা ও মেলিয়ার মতো এলাকায় ইইউর সহায়তা আরও দৃশ্যমান হতে পারে, অনিয়মিতভাবে প্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুত করার চাপ বাড়তে পারে এবং মরক্কোর মতো প্রতিবেশী দেশের সঙ্গে অভিবাসন সহযোগিতার গুরুত্ব আরও বাড়বে।

একই সঙ্গে স্পেনের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো- ইইউ এখন অভিবাসনকে শুধু জাতীয় সীমান্তের সমস্যা হিসেবে দেখছে না। সেউতায় কয়েক দিনের একটি সংকট পুরো ইউরোপীয় সীমান্ত ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে- এই ধারণাই নতুন পরিকল্পনার কেন্দ্রে রয়েছে। ফলে স্পেনের দক্ষিণ সীমান্তে যা ঘটছে, তার সিদ্ধান্ত ও প্রতিক্রিয়া এখন আগের চেয়ে অনেক বেশি ইউরোপীয় পর্যায়ের নীতির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে।

৪ অক্টোবর ২০২৬

এক নজরে স্পেনের সর্বশেষ সংবাদ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৩:০৩ এম
এক নজরে স্পেনের সর্বশেষ সংবাদ

১. ভারী বৃষ্টিতে আলবাসেতে ১০২ বছর বয়সী নারীর মৃত্যু, উদ্ধার ৯০ জন

আলবাসেতে প্রদেশের মাদ্রিগেরাসে ভয়াবহ বন্যায় ১০২ বছর বয়সী এক নারী মারা গেছেন। প্রবল বৃষ্টিতে পুরো শহর পানিতে তলিয়ে যায় এবং জরুরি বাহিনী প্রায় ৯০ জনকে উদ্ধার করে। মাত্র কয়েক ঘণ্টায় সেখানে প্রতি বর্গমিটারে ১৪২ লিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

২. আবাসন সংকটের প্রতিবাদে স্পেনজুড়ে বিক্ষোভ, মাদ্রিদে বড় সমাবেশ

বাড়িভাড়া, উচ্ছেদ ও আবাসনের ক্রমবর্ধমান খরচের প্রতিবাদে আজ স্পেনের ৫০টির বেশি শহরে বিক্ষোভ হয়েছে। মাদ্রিদে সরকারি হিসাব অনুযায়ী প্রায় ৭০ হাজার মানুষ মিছিলে অংশ নেন। বিক্ষোভকারীরা আবাসন নিয়ে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

৩. ভূমধ্যসাগরীয় এলাকায় বৃষ্টির দাপট, দুর্যোগের সতর্কতা বাড়ছে

স্পেনের ১৫টি স্বায়ত্তশাসিত অঞ্চলে ভারী বৃষ্টি ও ঝড়ের সতর্কতা জারি রয়েছে। কাতালোনিয়ায় পরিস্থিতি সবচেয়ে গুরুতর হওয়ায় লাল সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ভারী বৃষ্টি ও ঝড়ের এই পরিস্থিতি আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত বিভিন্ন মাত্রায় চলতে পারে।

৪. সেউতায় দুই মরক্কোর নাগরিককে জোর করে ফেরত পাঠানোর অভিযোগ, অস্বীকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

সেউতার বেনিতেস সমুদ্রসৈকতে থাকা দুই মরক্কোর নাগরিক অভিযোগ করেছেন, তাঁদের ইচ্ছার বিরুদ্ধে মরক্কোতে ফেরত পাঠানো হয়েছে এবং আন্তর্জাতিক সুরক্ষার আবেদন করার সুযোগ দেওয়া হয়নি। তাঁদের দাবি, পুলিশ তাঁদের সীমান্তে নিয়ে যায় এবং পরে মরক্কোর কাছে হস্তান্তর করা হয়। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বলেছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা স্বেচ্ছায় ফিরে গেছেন এবং তাঁদের সামনে বিভিন্ন বিকল্প ব্যাখ্যা করা হয়েছিল।

• বার্সেলোনা>

৫. প্রবল বৃষ্টিতে বার্সেলোনার লিসেউ মেট্রো স্টেশনের একটি প্ল্যাটফর্ম বন্ধ

প্রবল বৃষ্টির কারণে বার্সেলোনার এল৩ মেট্রো লাইনের লিসেউ স্টেশনের জোনা ইউনিভার্সিতারিয়ার দিকের প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়েছে। ওই দিকে চলাচলকারী ট্রেনগুলো আপাতত লিসেউ স্টেশনে থামছে না। উরকিনাওনা, মারিনা, কাতালুনিয়া ও কান কুইয়াস স্টেশনের কয়েকটি প্রবেশপথও বন্ধ রয়েছে।

৬. শনিবার রাতে বার্সেলোনায় মেট্রোর রাতভর পরিষেবা বন্ধ

অস্বাভাবিক আবহাওয়ার কারণে শনিবার রাতে বার্সেলোনার মেট্রো নিয়মিত রাতভর চলবে না। টিএমবি জানিয়েছে, মেট্রো রাত ১২টায় বন্ধ হয়ে রবিবার ভোর ৫টায় আবার চালু হবে। কাতালোনিয়া সরকারের অপ্রয়োজনীয় যাতায়াত সীমিত করার নির্দেশের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৭. ভারী বৃষ্টির কারণে বার্সেলোনা ও হসপিতালেতের আবাসন বিক্ষোভ স্থগিত

আজ বার্সেলোনা ও হসপিতালেত দে লোব্রেগাতে আবাসন সংকট নিয়ে নির্ধারিত বিক্ষোভ ভারী বৃষ্টির কারণে স্থগিত করা হয়েছে। আয়োজকেরা কর্মসূচিটি ৫ অক্টোবর করার সিদ্ধান্ত নিয়েছেন। বার্সেলোনায় নতুন কর্মসূচির স্থান হিসেবে উরকিনাওনা চত্বর নির্ধারণ করা হয়েছে।

• মাদ্রিদ>

৮. মাদ্রিদের পাহাড়ি এলাকায় কমলা সতর্কতা, বাকি অঞ্চলে হলুদ সতর্কতা

ভারী বৃষ্টি ও ঝড়ের আশঙ্কায় মাদ্রিদের সিয়েরা এলাকায় আজ কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেখানে এক ঘণ্টায় ৩০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শিলাবৃষ্টিও হতে পারে। মাদ্রিদ অঞ্চলের বাকি অংশে হলুদ সতর্কতা কার্যকর রয়েছে।

৯. আবাসন বিক্ষোভে মাদ্রিদের কেন্দ্রজুড়ে বড় জমায়েত

আবাসন সংকট নিয়ে আজকের বিক্ষোভে মাদ্রিদের কেন্দ্রীয় এলাকায় বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। মিছিলের কয়েকটি ধারা শহরের বিভিন্ন স্থান থেকে শুরু হয়ে সিবেলেস চত্বরে গিয়ে মিলিত হয়। সরকারি হিসাবে অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় ৭০ হাজার; আয়োজকদের হিসাব এর চেয়ে অনেক বেশি।

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ চার বারে যৌথ অভিযান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১১:৫১ পিএম
সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ চার বারে যৌথ অভিযান

কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের মালিকানাধীন ‘ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড’সহ রাজধানীর চারটি নামি বারে বিশেষ অভিযান পরিচালনা করছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সমন্বিত টিম।

শনিবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব প্রতিষ্ঠানে যৌথ অভিযান শুরুর বিষয়টি নিশ্চিত করে।

অভিযান চালানো অন্য তিনটি প্রতিষ্ঠান হলো- ক্যানভাস রেস্টুরেন্ট, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল এবং মার্গারিটা লাউঞ্জ।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

সিআইআইডির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার বিভিন্ন বার, রেস্তোরাঁ, ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউজ এবং ডিউটি ফ্রি শপে অননুমোদিত উৎস থেকে মদ ও অ্যালকোহলজাত পণ্য সংগ্রহ, বিপুল পরিমাণ শুল্ক-ভ্যাট ও আয়কর ফাঁকি এবং লাইসেন্সবিহীন ব্যক্তির কাছে মদ বিক্রির অভিযোগ উঠেছিল।

এসব অভিযোগ খতিয়ে দেখতে সিআইআইডির নেতৃত্বে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর এবং ঢাকা উত্তর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত চারটি পৃথক দল এই অভিযান পরিচালনা করছে।

কুমিল্লায় ‘র’ ও ‘ক্রাইম সেটআপ’ কিশোর গ্যাংয়ের ৪ নেতা গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৭:৩৫ পিএম
কুমিল্লায় ‘র’ ও ‘ক্রাইম সেটআপ’ কিশোর গ্যাংয়ের ৪ নেতা গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযানে আলোচিত ‘টিম র’ ও ‘ক্রাইম সেটেআপ’-এর চার মূলহোতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় গত ১০ দিন ধরে জেলার বিভিন্ন স্থানে কিশোর গ্যাংবিরোধী অভিযান চলছে। এ পর্যন্ত সন্দেহজনক দুই হাজারের বেশি কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অপরাধে সম্পৃক্ততা না পাওয়া কিশোরদের মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় কক্সবাজার ও কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ‘র’ গ্যাংয়ের ইমরান হোসেন রতন (১৯) ও সাইফুল ইসলাম (২০) এবং ‘ক্রাইম সেটেআপ’-এর মো. সাব্বির ওরফে ‘পয়েন্ট সাব্বির’ (২৪) ও রবিউল ইসলাম নবী ওরফে ‘কিং মেকার’ (২৪)-কে গ্রেপ্তার করা হয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

পুলিশের তথ্য অনুযায়ী, ইমরান রতনের বিরুদ্ধে হত্যা মামলাসহ ৯টি, সাইফুল ইসলামের বিরুদ্ধে ১০টি, সাব্বিরের বিরুদ্ধে ১টি এবং রবিউল ইসলাম নবীর বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাং ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সন্তানদের চলাফেরা ও বন্ধুত্বের বিষয়ে অভিভাবকদেরও সচেতন থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক