গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৭, মামলা ৫৫
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৫৫টি মামলা দায়ের করা হয়েছে।
রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৫২ জন, লালবাগ বিভাগে ৪৩ জন, ওয়ারী বিভাগে ৫৭ জন, মতিঝিল বিভাগে ৬৩ জন, তেজগাঁও বিভাগে ৭৯ জন, মিরপুর বিভাগে ১৪৬ জন, গুলশান বিভাগে ৪১ জন, উত্তরা বিভাগে ৪৫ জন এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।
অভিযান চলাকালে একটি অবিস্ফোরিত ককটেল, ৫০০ গ্রাম গান পাউডার, ৫০০ গ্রাম ঝুট কাপড়, ২৫০ গ্রাম পেট্রোল, বিস্ফোরিত ককটেলের ৩৫ গ্রাম পেরেক, সাতটি টিনের টুকরা, ১০ টুকরা স্কচটেপ, ১০৪টি পেরেক এবং একটি বিস্ফোরিত ককটেলের টিনের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া অভিযানে ৫৪ কেজি ২৪৫ গ্রাম গাঁজা, ৪ হাজার ১১৫ পিস ইয়াবা, ২১ গ্রাম হেরোইন ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ সময় একটি প্রাইভেটকার, তিনটি চাকু, একটি চাপাতি, একটি ছোট কাঁচি, একটি কাটার, ফয়েল পেপার, গ্যাস লাইট, একটি নাইলনের রশি এবং ১৪টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
ডিএমপি জানায়, অভিযানে দুটি ইয়াবা তৈরির মেশিন, ২ হাজার ৬০০ গ্রাম বিভিন্ন ধরনের কেমিক্যাল, ৪৫৪ গ্রাম বেনেলিয়া পাউডার, ১৩ বোতল রং, ৩৫০টি খালি বোতল এবং ইয়াবা তৈরির মিশ্রিত উপাদান ১ হাজার ৫০০ গ্রাম উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দুইজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।











