এমির লাল গালিচায় নজর কাড়লেন ‘মাদার অব ড্রাগনস’
এমি অ্যাওয়ার্ডসের জমকালো আয়োজনে ‘গেম অব থ্রোনস’ তারকা এমিলিয়া ক্লার্ককে দেখা গেল ভিন্ন এক আবহে। অনুষ্ঠানে ‘হাউস অব দ্য ড্রাগন’ তারকা এমা ডি’আর্সির সঙ্গে একই মঞ্চে উপস্থিত হয়ে ভক্তদের জন্য তৈরি করেন বিশেষ এক মুহূর্ত। দুজন মিলে লিমিটেড বা অ্যান্থোলজি সিরিজ কিংবা সিনেমার সেরা প্রধান অভিনেত্রীর পুরস্কার তুলে দেন। ‘গেম অব থ্রোনস’ ও ‘হাউস অব দ্য ড্রাগন’–এর দুই তারকার এই উপস্থিতি দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করে।
তবে মঞ্চের পাশাপাশি এমিলিয়ার পোশাকও ছিল আলোচনার কেন্দ্রে। লাল গালিচায় তাকে দেখা যায় লিলাক বা হালকা বেগুনি রঙের একটি গাউনে। এবারের এমি অ্যাওয়ার্ডসে এই রঙটি বেশ কয়েকজন তারকার পোশাকেই দেখা গেছে। ফ্লোরেন্স পিউ ও সারাহ পিজনের সাজেও ছিল একই ধরনের রঙের উপস্থিতি।
এমিলিয়া ক্লার্কের পরনে ছিল প্রাডার নকশা করা লিলাক গাউন। কেপের আদলে তৈরি পোশাকটির সঙ্গে ছিল দৃষ্টিনন্দন প্রতিসম বো। পুরো নকশাটি তাকে আলাদা একটি আভিজাত্য এনে দেয়। ফলে লাল গালিচায় সহজেই সবার নজরে পড়েন ‘মাদার অব ড্রাগনস’খ্যাত এই অভিনেত্রী।
তবে পোশাকটির নকশা প্রশংসা পেলেও কাপড়ের ভাঁজ ও ফিটিং নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা হয়েছে। সিল্ক ফেইল কাপড়ে তৈরি গাউনটির কিছু অংশে কুঁচকে যাওয়ার বিষয়টি অনেকের চোখে পড়েছে। ফলে চমৎকার নকশার পাশাপাশি পোশাকটির উপস্থাপন নিয়েও তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
অবশ্য গাউনের কিছুটা ত্রুটি পুষিয়ে দিয়েছে এমিলিয়ার গয়না। বুশেরোঁর রাজকীয় গয়নায় সাজটি পেয়েছে বাড়তি আভিজাত্য। পোশাক, গহনা ও তার স্বাভাবিক আত্মবিশ্বাসী উপস্থিতি মিলিয়ে এমি অ্যাওয়ার্ডসের লাল গালিচায় আবারও নিজের আলাদা স্টাইলের ছাপ রেখেছেন এমিলিয়া ক্লার্ক।













