শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানি মামলা, অভিযোগ কী?

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৪ পিএম
নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানি মামলা, অভিযোগ কী?

চার্টার্ড বিমানকে ‘খেলনা’ ও ‘লেগো বিমান’ বলায় আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। তাঁর বিরুদ্ধে তিন কোটি রুপির দেওয়ানি মানহানি মামলা করেছে ভারতের চার্টার্ড উড়োজাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিউন্স এভিয়েশন। গুজরাটের গান্ধীনগরের একটি আদালতে করা মামলায় প্রতিষ্ঠানটির অভিযোগ, নোরার মন্তব্যে তাদের ব্যবসায়িক সুনাম ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বুকিং কমে গেছে।

সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ডিসেম্বরে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় ডিউন্স এভিয়েশনের একটি সেসনা সাইটেশন সিজে২ বিমানে ভ্রমণ করেন নোরা। যাত্রার সময় বিমানের ভেতরে কয়েকটি ভিডিও ধারণ করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন তিনি।

প্রতিষ্ঠানটির অভিযোগ, ওই ভিডিওগুলোতে নোরা বিমানটিকে ‘ছোট’, ‘খেলনা’ এবং ‘লেগো বিমান’ হিসেবে উল্লেখ করেন। তাঁর এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আপত্তি জানায় ডিউন্স এভিয়েশন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

নোরার বিরুদ্ধে প্রতিষ্ঠানটির অভিযোগ, ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা চার কোটি ৬০ লাখের বেশি হওয়ায় মন্তব্যগুলো অল্প সময়ের মধ্যেই বিপুলসংখ্যক মানুষের কাছে পৌঁছে যায়। কোনো প্রযুক্তিগত জ্ঞান, তথ্য যাচাই বা যথাযথ ভিত্তি ছাড়াই বিমানটি নিয়ে মন্তব্য করা হয়েছে বলেও মামলায় দাবি করা হয়েছে।

ডিউন্স এভিয়েশন নোরার মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ ও ‘বেপরোয়া’ বলে উল্লেখ করেছে। প্রতিষ্ঠানটির দাবি, ভিডিও প্রকাশের পর তাদের চার্টার্ড বিমানের বুকিং ১৫ থেকে ২০ শতাংশ কমে যায়। একই সঙ্গে বেড়ে যায় বুকিং বাতিলের সংখ্যাও।

মামলায় আরও বলা হয়েছে, নোরার মন্তব্যের কারণে কোম্পানির সুনাম, গ্রাহকদের আস্থা এবং ব্যবসায়িক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রতিষ্ঠানটির এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।

বিমানটির নিরাপত্তা নিয়ে ডিউন্স এভিয়েশনের বক্তব্য

নোরা যে বিমানটি নিয়ে মন্তব্য করেছেন, সেটির নিরাপত্তা ও সক্ষমতা নিয়েও নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ডিউন্স এভিয়েশন। প্রতিষ্ঠানটির দাবি, বিমানটি সম্পূর্ণ নিরাপদ এবং নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে।

তাদের ভাষ্য অনুযায়ী, বিমানটি ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত এবং বৈধ নন-শিডিউলড অপারেটরস পারমিটের আওতায় পরিচালিত হয়।

ডিউন্স এভিয়েশনের অভিযোগ, একজন জনপ্রিয় অভিনেত্রীর মন্তব্যের কারণে সাধারণ মানুষের মধ্যে বিমানটির নিরাপত্তা ও সক্ষমতা নিয়ে বিভ্রান্তি এবং নেতিবাচক ধারণা তৈরি হয়েছে।

চলতি বছরের এপ্রিলে করা মামলায় নোরার কাছে তিন কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিমানসংক্রান্ত ভিডিও ও পোস্ট সরিয়ে নেওয়া এবং তাঁর মন্তব্যের বিষয়ে প্রকাশ্য ব্যাখ্যা দেওয়ার নির্দেশও চাওয়া হয়েছে।

গান্ধীনগরের জ্যেষ্ঠ দেওয়ানি বিচারক আর আগরওয়ালের আদালতে আগামী ২৫ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে এখনো নোরা ফাতেহির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এই হিসাবের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মৃত্যুর সংখ্যাও রয়েছে।

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

আসিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে মালয়েশিয়া।

আসিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমে শুরু থেকেই চাপে ছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন আইমান। দুই গোলের ঘাটতি নিয়েই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মালয়েশিয়া। ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। তার গোলে মালয়েশিয়ার লিড বেড়ে দাঁড়ায় ৩-০।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এরপর গোল পরিশোধে কয়েক দফা আক্রমণ গড়ে তোলে বাংলাদেশ। তবে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে চার বছর আগে এশিয়ান কাপের বাছাইপর্বে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ৪-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আসিয়ান কাপেও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ।

সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। তবে এই সামরিক মোতায়েন কোনো সংঘাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই করা হচ্ছে বলে জানিয়েছে প্যারিস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। একই দিন দুই দেশের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুর জ্বালানি অবকাঠামো সুরক্ষায় ফ্রান্স সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে জানান তিনি।

সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সামরিক সরঞ্জাম ও সেনা পাঠানো হবে। পরিস্থিতির পরিবর্তন হলে সৌদি আরবকে আরও সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ম্যাক্রোঁ জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের বাজারে গ্যাসের দাম কমাতে ফ্রান্স বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তও সেই উদ্যোগের অংশ।

চলমান সংঘাতের প্রভাবে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মিত্র হুথি মিলিশিয়া সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার কারণে লোহিত সাগরসংলগ্ন বন্দরগুলো থেকে সৌদি আরবের তেল রপ্তানি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের উত্তেজনা আবারও সশস্ত্র সংঘাতে রূপ নেওয়ার প্রেক্ষাপটেই সৌদি আরবের জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা পাঠানোর ঘোষণা দিল ফ্রান্স।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক