স্পেন
বাসা দখল ও উচ্ছেদ পরিস্থিতি মোকাবিলায় বার্সেলোনায় ৫৬ লাখ ইউরোর নতুন উদ্যোগ
বার্সেলোনার সিটি কাউন্সিল অবৈধভাবে বাড়ি দখল ও উচ্ছেদ পরিস্থিতি মোকাবিলায় ৫৬ লাখ ইউরো ব্যয়ে একটি বিশেষ সেবা চালু রাখার উদ্যোগ নিয়েছে। ‘SIPHO’ নামে পরিচিত এই সেবার মাধ্যমে বাড়ি হারানোর ঝুঁকিতে থাকা পরিবার এবং দখল হয়ে যাওয়া বাড়ির মালিকদের সহায়তা ও মধ্যস্থতা করা হবে।
নতুন চুক্তির আওতায় চলতি বছরের শেষ দিক থেকে ২০২৮ সাল পর্যন্ত এই সেবা পরিচালিত হবে। চুক্তিটি আরও দুই বছর বাড়ানোর সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে ২০৩০ সাল পর্যন্ত মোট ব্যয় বেড়ে প্রায় ১ কোটি ১০ লাখ ইউরো হতে পারে।
SIPHO-এর কর্মীরা দখল ও উচ্ছেদ সংক্রান্ত ঘটনায় সংশ্লিষ্ট পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ, আলোচনা ও মধ্যস্থতা করবেন। প্রয়োজনে জরুরি ভিত্তিতে অস্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা খুঁজে দেওয়া, উচ্ছেদের সংখ্যা কমানোর চেষ্টা এবং বাড়ির মালিক, ব্যাংক ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে সমন্বয় করাও তাদের দায়িত্বের মধ্যে থাকবে।
এ ছাড়া কোন কোন বাড়ি বা ভবনে দখল ও বসবাসজনিত সমস্যা রয়েছে, সেগুলো শনাক্ত করে প্রতিবেদন তৈরি করা হবে। সামাজিক ভাড়ার প্রস্তাব পাওয়া গেলে সংশ্লিষ্ট বাড়ি বা ভবন নিয়ে প্রয়োজনীয় যাচাইও করবে সেবাটি।
সিটি কাউন্সিলের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৬ হাজার ৩৪৮ জন এই সেবা নিয়েছেন। ২০২৫ সালে ব্যবহারকারীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭ হাজার ৬৬৮ জনে। চলতি ২০২৬ সালে প্রায় ১০ হাজার ২০০ মানুষকে সহায়তা করার লক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি ৪ হাজার ৫০০টি প্রতিবেদন তৈরি এবং প্রায় ২ হাজার উচ্ছেদ প্রক্রিয়া ব্যবস্থাপনার পরিকল্পনা রয়েছে।
বার্সেলোনা সিটি কাউন্সিলের মতে, সাম্প্রতিক বছরগুলোর অর্থনৈতিক ও সামাজিক সংকট এবং শহরটিকে আবাসন বাজারের চাপপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করার পর এ ধরনের সেবার প্রয়োজন আরও বেড়েছে। নতুন চুক্তির মাধ্যমে বাড়ি হারানোর ঝুঁকিতে থাকা পরিবারগুলোর সহায়তা এবং দখল ও উচ্ছেদসংক্রান্ত বিরোধে সমাধানের পথ খোঁজাই হবে এই উদ্যোগের মূল লক্ষ্য।













