১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, বিদ্যুৎ ও গ্যাসের চলমান সংকট পূর্ণাঙ্গ সমাধানে কমপক্ষে দুই বছর সময় লাগবে। ছয় মাস বা এক বছরের মধ্যে এটি সম্ভব না হলেও দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতির উন্নয়নে সরকার নিরলস কাজ করছে।
রোববার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্স আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, অতীতে সৃষ্ট এই সমস্যার কারণে অর্থনীতি বাধাগ্রস্ত হচ্ছে। এটি কাটিয়ে উঠতে ভাসমান এলএনজি টার্মিনাল ও স্থলভাগে গ্যাস সংরক্ষণ সুবিধা চূড়ান্ত করা হচ্ছে, যার সুফল শিগগিরই দেখা যাবে।
তিনি জানান, দেশে বিদ্যুৎ উৎপাদন হলেও প্রধান প্রতিবন্ধকতা সঞ্চালন ব্যবস্থা। বাস্তব চিত্র ঢাকা পড়েছে পরিসংখ্যানের অতিরিক্ত সক্ষমতার আড়ালে। তাই সরকার পাওয়ার ও এনার্জি মিক্স এবং নিজস্ব কয়লা সম্পদের ব্যবহার নিয়ে নতুন নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করছে।
আগামীর জ্বালানি ব্যবস্থায় নবায়নযোগ্য ও গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে সমন্বিত কাঠামোর মাধ্যমে বড় পরিবর্তন আনার আশ্বাস দেন অর্থমন্ত্রী।












