ইন্দোনেশিয়ায় অবৈধ স্বর্ণের খনিতে ভূমিধস, নিহত ৫
ইন্দোনেশিয়ার গোরোন্তালো প্রদেশে একটি অবৈধ স্বর্ণের খনিতে ভয়াবহ ভূমিধসের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশের বরাতে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
প্রতিবেদন অনুযায়ী, পোহুওয়াতো রিজেন্সির হুলাওয়া গ্রামে অবস্থিত খনিটিতে কাজ করছিলেন শ্রমিকরা। সে সময় হঠাৎ পাশের উঁচু পাহাড়ি ঢাল থেকে বিপুল পরিমাণ মাটি তাদের ওপর ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই মাটির নিচে চাপা পড়েন তাঁরা।
গোরোন্তালো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিহত পাঁচ শ্রমিকই পার্শ্ববর্তী বোয়ালেমো রিজেন্সির বাসিন্দা। উদ্ধারকাজের পর তাঁদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দুর্ঘটনাস্থলে ধসে পড়া ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকা পড়ে আছেন কি না, তা খতিয়ে দেখতে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে নিখোঁজ অন্য কারো বিস্তারিত তথ্য এখনও নিশ্চিত করতে পারেনি উদ্ধারকারী দল।









