শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

স্টারলিংককে টেক্কা দিতে ৫১০০ স্যাটেলাইট পাঠাবে আমাজন

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৬:২৫ পিএম
স্টারলিংককে টেক্কা দিতে ৫১০০ স্যাটেলাইট পাঠাবে আমাজন

বিশ্বের যেসব অঞ্চলে মোবাইল ফোনের নেটওয়ার্ক ঠিকমতো পৌঁছায় না, সেখানে নেটওয়ার্কের সমস্যা দূর করতে ৫ হাজারের বেশি নতুন স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে জেফ বেজোসের প্রতিষ্ঠান আমাজন। প্রতিষ্ঠানটির এই উদ্যোগ ইলন মাস্কের স্টারলিংকের জন্য নতুন এক বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

আমাজন জানিয়েছে, তাদের উন্নত ‘আমাজন লিও’ স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বের দুর্গম এলাকাতেও সাধারণ স্মার্টফোন সরাসরি সংযোগ পাবে। যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেওয়া এক নথিতে আমাজন বলেছে, তাদের নতুন স্যাটেলাইট নক্ষত্রমণ্ডল (কনস্টেলেশন) এমন সব এলাকায় মোবাইল সংযোগ পৌঁছে দেবে, যেখানে বর্তমানে কোনো নেটওয়ার্ক নেই। প্রতিষ্ঠানটির ভাষায়, এটি বর্তমান নেটওয়ার্কের আওতার বাইরে থাকা মানুষদেরও সংযুক্ত করবে এবং তথাকথিত ‘নট-স্পট’ বা নেটওয়ার্কবিহীন এলাকা দূর করবে।

এর আগে থেকেই আমাজন হাজার হাজার স্যাটেলাইট তৈরি ও মহাকাশে পাঠানোর কাজ করছে, যেগুলো গ্রাহকদের স্যাটেলাইট ডিশে ইন্টারনেট সিগন্যাল পাঠাতে সক্ষম। তবে নতুন পরিকল্পনায় আমাজন জানিয়েছে, ৫ হাজার ১০৫টি স্যাটেলাইটের এই নতুন নেটওয়ার্ক শুধু ইন্টারনেটই নয়, বরং ভয়েস কল, ডেটা, টেক্সট মেসেজ এবং জরুরি ফোনকলের সুবিধাও দেবে। এটি সম্ভব হবে নতুন রেডিও স্পেকট্রাম ব্যবহার করে, যা আমাজন চলতি বছরের শুরুতে ১১ বিলিয়ন ডলার (প্রায় ৮ বিলিয়ন পাউন্ড) মূল্যের একটি চুক্তির মাধ্যমে অধিগ্রহণ করেছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৮ সাল থেকে এই নতুন স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ শুরু হবে। এর আগে চলতি বছরের শুরুতেই আমাজন যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট কোম্পানি গ্লোবস্টার অধিগ্রহণের জন্য একটি চুক্তি করে। এর ফলে আমাজন অতিরিক্ত মোবাইল স্পেকট্রাম পেয়েছে, যা ব্যবহার করে তারা পূর্ণাঙ্গ মোবাইল সেবা চালু করতে চায়।

বর্তমানে আমাজন তাদের স্যাটেলাইট বিভাগকে আমাজন লিও প্রকল্পের সঙ্গে একীভূত করছে। গ্লোবস্টার এরই মধ্যে অ্যাপলের সঙ্গে কাজ করছে। তাদের প্রযুক্তি ব্যবহার করেই আইফোনের এসওএস বার্তা পাঠানোর স্যাটেলাইটভিত্তিক মোবাইল ডেটা সেবা চালু রয়েছে।

আমাজন ২০১৯ সালে প্রথম তাদের স্যাটেলাইট নেটওয়ার্কের পরিকল্পনা প্রকাশ করে। এটি ছিল জেফ বেজোসের প্রধান নির্বাহী (সিইও) পদ থেকে সরে দাঁড়ানোর দুই বছর আগে। উল্লেখ্য, বিজ্ঞান কল্পকাহিনিভিত্তিক সিরিজ স্টার ট্রেকের ভক্ত বেজোসের আরেকটি প্রতিষ্ঠান হলো রকেট নির্মাতা ব্লু অরিজিন।

এ পর্যন্ত আমাজন তাদের মূল পরিকল্পনার ৩ হাজারের বেশি স্যাটেলাইটের মধ্যে মাত্র ৩৯০টি উৎক্ষেপণ করতে পেরেছে। ফলে তাদের সেবা এখনো ইলন মাস্কের স্টারলিংক থেকে অনেক পিছিয়ে রয়েছে। বর্তমানে পৃথিবীর কক্ষপথে স্টারলিংকের প্রায় ১১ হাজার সক্রিয় স্যাটেলাইট রয়েছে।

স্টারলিংক অনেক দিন ধরেই মহাকাশ থেকে সরাসরি স্মার্টফোনে মোবাইল সিগন্যাল পাঠানোর প্রযুক্তি নিয়ে কাজ করছে। এ জন্য তারা যুক্তরাষ্ট্রের টি–মোবাইল এবং যুক্তরাজ্যের ভার্জিন মিডিয়া ও২–সহ বিভিন্ন টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে। আমাজনের লক্ষ্য ছিল চলতি বছরের শেষ নাগাদ তাদের স্যাটেলাইটভিত্তিক ব্রডব্যান্ড সেবা বাণিজ্যিকভাবে চালু করা। তবে বিভিন্ন বিলম্ব ও প্রযুক্তিগত সমস্যার কারণে সেই পরিকল্পনা পিছিয়ে গেছে।

এসব সমস্যার মধ্যে অন্যতম ছিল ব্লু অরিজিনের একটি রকেট উৎক্ষেপণস্থল কেপ ক্যানাভেরালে বিস্ফোরিত হওয়া। এই দুর্ঘটনার কারণে আমাজনের স্যাটেলাইট উৎক্ষেপণের অন্যতম প্রধান রকেট কিছু সময়ের জন্য ব্যবহার বন্ধ রাখতে হয়।

এ ছাড়া এই নতুন উদ্যোগের মাধ্যমে আমাজন যুক্তরাজ্যের ভোডাফোনের সঙ্গেও প্রতিযোগিতায় নামবে। ভোডাফোন যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট কোম্পানি এএসটি–এর সঙ্গে যৌথভাবে মহাকাশ থেকে মোবাইল সিগন্যাল সরবরাহের পরিকল্পনা করছে। অন্যদিকে, স্যাটেলাইটের মাধ্যমে ব্রডব্যান্ড কভারেজ বাড়াতে আমাজনেরও ভোডাফোনের সঙ্গে একটি আলাদা চুক্তি রয়েছে।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এই হিসাবের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মৃত্যুর সংখ্যাও রয়েছে।

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

আসিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে মালয়েশিয়া।

আসিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমে শুরু থেকেই চাপে ছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন আইমান। দুই গোলের ঘাটতি নিয়েই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মালয়েশিয়া। ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। তার গোলে মালয়েশিয়ার লিড বেড়ে দাঁড়ায় ৩-০।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এরপর গোল পরিশোধে কয়েক দফা আক্রমণ গড়ে তোলে বাংলাদেশ। তবে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে চার বছর আগে এশিয়ান কাপের বাছাইপর্বে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ৪-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আসিয়ান কাপেও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ।

সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। তবে এই সামরিক মোতায়েন কোনো সংঘাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই করা হচ্ছে বলে জানিয়েছে প্যারিস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। একই দিন দুই দেশের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুর জ্বালানি অবকাঠামো সুরক্ষায় ফ্রান্স সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে জানান তিনি।

সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সামরিক সরঞ্জাম ও সেনা পাঠানো হবে। পরিস্থিতির পরিবর্তন হলে সৌদি আরবকে আরও সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ম্যাক্রোঁ জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের বাজারে গ্যাসের দাম কমাতে ফ্রান্স বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তও সেই উদ্যোগের অংশ।

চলমান সংঘাতের প্রভাবে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মিত্র হুথি মিলিশিয়া সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার কারণে লোহিত সাগরসংলগ্ন বন্দরগুলো থেকে সৌদি আরবের তেল রপ্তানি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের উত্তেজনা আবারও সশস্ত্র সংঘাতে রূপ নেওয়ার প্রেক্ষাপটেই সৌদি আরবের জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা পাঠানোর ঘোষণা দিল ফ্রান্স।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক