আজ এইচএসসি পরীক্ষায় বহিষ্কার ১৫ জন, অনুপস্থিত ২০ হাজার
চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষাের সপ্তম দিনে নকল, অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদিন পরীক্ষায় অংশ নেয়নি ২০ হাজার ৫২ জন শিক্ষার্থী।
বুধবার (১৫ জুলাই) ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব পরীক্ষায় মোট অনুপস্থিতির হার ছিল প্রায় ২.৬৭ শতাংশ।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, ৮টি সাধারণ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ৪ লাখ ৫৩ হাজার ৮৩৯ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৪ লাখ ৪১ হাজার ৭৩৮ জন। অনুপস্থিত ছিল ১২ হাজার ১০১ জন।
সবচেয়ে বেশি অনুপস্থিত ছিল ঢাকা শিক্ষা বোর্ডে ৩ হাজার ৪৫০ জন এবং সবচেয়ে কম সিলেট বোর্ডে ১৯৯ জন। সাধারণ বোর্ডগুলোতে বহিষ্কার করা হয়েছে ১০ জন পরীক্ষার্থীকে।
এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আরবি দ্বিতীয় পত্র পরীক্ষায় ৬৮ হাজার ৪৬১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৬৩ হাজার ৬০৬ জন। অনুপস্থিত ছিল ৪ হাজার ৮৫৫ জন এবং বহিষ্কার করা হয়েছে ৫ জনকে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ৮০ হাজার ৩০৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৭৭ হাজার ২০৮ জন। অনুপস্থিত ছিল ৩ হাজার ৮৬ জন। এ বোর্ডে কোনো পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেনি।
সার্বিকভাবে, সপ্তম দিনের এইচএসসি ও সমমান পরীক্ষায় শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি অব্যাহত রয়েছে।












