স্পেন
কাতালোনিয়ায় দাবানলে পুড়েছে ২,২০০ হেক্টরের বেশি বনভূমি: ঘরবাড়ি ও খামারের ব্যাপক ক্ষয়ক্ষতি
স্পেনের কাতালোনিয়ার গাভারেস (Les Gavarres) অঞ্চলে ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত ২ হাজার ২০০ হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে। আগুনে বেশ কয়েকটি বাড়ি, বাগান, কৃষিজমি ও একটি খামার ধ্বংস হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার সকালে লা বিসবাল দ’এম্পোরদা শহরের উপকণ্ঠে একটি সড়কের পাশে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে কালোঞ্জে এবং ক্রুইয়েস, মনেলস ও সান্ত সাদুর্নি দে লা এউরা এলাকায়। দাবানলের বেশিরভাগ অংশই গাভারেসের সংরক্ষিত বনাঞ্চলে ছড়িয়ে পড়েছে।

কালোঞ্জের মাস আমব্রোস আবাসিক এলাকায় একটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। বাড়ির মালিক জর্দি রইগ জানান, গভীর রাতে আগুন তাদের বাড়ির কাছে পৌঁছে যায়। কর্তৃপক্ষের ঘরে অবস্থান করার নির্দেশ থাকলেও পরিস্থিতি বিপজ্জনক মনে হওয়ায় তিনি পরিবার ও পোষা কুকুর নিয়ে সেখান থেকে বেরিয়ে যান।
তার ভাষায়, “সবকিছু হারানো ভয়াবহ। যদি আমরা ঘরের ভেতরে থাকতাম, তাহলে হয়তো বেঁচে ফিরতে পারতাম না।”
তিনি আরও জানান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না হওয়ায় দমকলকর্মীরা বাড়ির ভেতরে ঢুকতে পারছেন না। বিদ্যুতায়িত হওয়ার ঝুঁকি থাকায় বাইরে থেকেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
এদিকে ক্রুইয়েস এলাকার একটি খামারও আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। খামারে থাকা কয়েকটি গবাদিপশুকে সময়মতো সরিয়ে নেওয়া সম্ভব হয়নি।
দমকল বাহিনী জানিয়েছে, শনিবার তাদের প্রধান লক্ষ্য আগুনের ডান দিকের অংশ পুরোপুরি নিয়ন্ত্রণে আনা। কারণ দুপুরের পর বাতাসের গতি বেড়ে গেলে আগুন আরও ছড়িয়ে পড়তে পারে। আগুন নেভানোর কাজে হেলিকপ্টারসহ আকাশপথের ইউনিটও আবার অভিযান শুরু করেছে।

পরিস্থিতির কারণে সাতটি পৌর এলাকায় এখনো চলাচলে নিষেধাজ্ঞা ও বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ বহাল রয়েছে। পাশাপাশি গাভারেস পর্বতাঞ্চলে প্রবেশও বন্ধ করে দিয়েছে কাতালোনিয়া সরকার।
কাতালোনিয়ার প্রেসিডেন্ট সালভাদর ইয়া জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে আগুনের বিস্তার ৭ হাজার হেক্টর পর্যন্ত পৌঁছাতে পারে। আর পুরো বনাঞ্চলে ছড়িয়ে পড়লে প্রায় ৩০ হাজার হেক্টর এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
আগুন নিয়ন্ত্রণে প্রায় ৪৪০ জন দমকলকর্মী, অতিরিক্ত উদ্ধারকারী দল, স্থানীয় স্বেচ্ছাসেবক, কৃষক এবং স্পেনের সামরিক জরুরি ইউনিট (ইউএমই) একযোগে কাজ করছে।










