শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ইয়ুথ হাব মালয়েশিয়ার উদ্যোগে বিশ্ব বাবা দিবস উদযাপন

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:১৩ পিএম
ইয়ুথ হাব মালয়েশিয়ার উদ্যোগে বিশ্ব বাবা দিবস উদযাপন

নিঃশর্ত ভালোবাসা, দায়িত্ববোধ, ত্যাগ ও প্রেরণার প্রতীক বাবাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে বিশ্ব বাবা দিবস উদযাপন করেছে ইয়ুথ হাব মালয়েশিয়া। এ উপলক্ষে ২১ জুন কুয়ালালামপুরে সংস্থাটির কার্যালয়ে এক আলোচনা সভা, কেক কাটা, বিশেষ দোয়া ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ইয়ুথ হাব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট মো. জার্জিস ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইয়ুথ হাব (বাংলাদেশ ও মালয়েশিয়া) এবং ইয়ুথ কানেক্ট ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা পাভেল সারওয়ার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইয়ুথ হাব (বাংলাদেশ ও মালয়েশিয়া) ও ইয়ুথ কানেক্ট ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা সুমাইয়া জাফরিন চৌধুরী।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অনুষ্ঠানে ইয়ুথ হাবের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন ইউনিভার্সিটি মালয়ার ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের সিনিয়র লেকচারার এবং ইয়ুথ হাব মালয়েশিয়ার বোর্ড অব ডিরেক্টর ড. মোহাম্মদ আলী তারেক, ইউনিভার্সিটি মালয়ার ফ্যাকাল্টি অব মেডিসিনের মেডিক্যাল লেকচারার এবং ইয়ুথ হাব মালয়েশিয়ার বোর্ড অব ডিরেক্টর ড. তানিয়া ইসলাম, ইয়ুথ কানেক্ট ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক তাশদীদ হোসাইন চৌধুরী এবং ইয়ুথ হাব বাংলাদেশের ক্রিয়েটিভ অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক নিয়ান সাহা।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ুথ হাবের শুভাকাঙ্ক্ষী ও ডিএইচএল মালয়েশিয়ার ফাইন্যান্স প্রফেশনাল অসীম সাহা রায়, শুভাকাঙ্ক্ষী হাবিবা আক্তার পাপিয়া, ইয়ুথ হাবের এসডিজি এজেন্টস, সংগঠনের সদস্যবৃন্দ এবং মালয়েশিয়ায় বসবাসরত বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিরা।

বক্তারা বলেন, একজন বাবার ভালোবাসা অনেক সময় সরাসরি চোখে পড়ে না, কারণ তিনি আবেগের চেয়ে দায়িত্বকে বেশি গুরুত্ব দেন। পরিবারের নিরাপত্তা, সন্তানের ভবিষ্যৎ এবং সমাজ গঠনে বাবাদের অবদান অনস্বীকার্য। তাঁদের ত্যাগ, পরিশ্রম ও ভালোবাসার স্বীকৃতি এবং সম্মান প্রদর্শনের সংস্কৃতি সমাজে আরও বিস্তৃত হওয়া প্রয়োজন বলেও তারা মত দেন।

অনুষ্ঠানে বাবাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীরা কেক কেটে বিশ্ব বাবা দিবসের তাৎপর্য উদযাপন করেন।

উল্লেখ্য, প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী বিশ্ব বাবা দিবস পালিত হয়। বাবাদের অবদান, দায়িত্ববোধ ও আত্মত্যাগের স্বীকৃতি জানাতে বিংশ শতাব্দীর শুরু থেকে এ দিবস পালনের প্রচলন শুরু হয়।

ইয়ুথ হাব বাংলাদেশ ও মালয়েশিয়াভিত্তিক একটি যুব নেতৃত্বাধীন আন্তর্জাতিক সংস্থা, যা জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের লক্ষ্যে তথ্যপ্রযুক্তি শিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন, সামাজিক উদ্ভাবন এবং যুব ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। সংস্থাটি এসডিজি-৩ (সুস্বাস্থ্য ও মঙ্গল), এসডিজি-৪ (গুণগত শিক্ষা), এসডিজি-৫ (লিঙ্গ সমতা), এসডিজি-৮ (শোভন কর্ম ও অর্থনৈতিক প্রবৃদ্ধি), এসডিজি-৯ (শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো), এসডিজি-১৩ (জলবায়ু কার্যক্রম) এবং এসডিজি-১৭ (অংশীদারিত্ব) বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে। মালয়েশিয়ার সিএসও-এসডিজি অ্যালায়েন্সের সদস্য হিসেবে সংস্থাটি দেশটিতে এসডিজি বাস্তবায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এই হিসাবের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মৃত্যুর সংখ্যাও রয়েছে।

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

আসিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে মালয়েশিয়া।

আসিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমে শুরু থেকেই চাপে ছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন আইমান। দুই গোলের ঘাটতি নিয়েই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মালয়েশিয়া। ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। তার গোলে মালয়েশিয়ার লিড বেড়ে দাঁড়ায় ৩-০।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এরপর গোল পরিশোধে কয়েক দফা আক্রমণ গড়ে তোলে বাংলাদেশ। তবে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে চার বছর আগে এশিয়ান কাপের বাছাইপর্বে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ৪-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আসিয়ান কাপেও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ।

সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। তবে এই সামরিক মোতায়েন কোনো সংঘাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই করা হচ্ছে বলে জানিয়েছে প্যারিস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। একই দিন দুই দেশের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুর জ্বালানি অবকাঠামো সুরক্ষায় ফ্রান্স সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে জানান তিনি।

সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সামরিক সরঞ্জাম ও সেনা পাঠানো হবে। পরিস্থিতির পরিবর্তন হলে সৌদি আরবকে আরও সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ম্যাক্রোঁ জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের বাজারে গ্যাসের দাম কমাতে ফ্রান্স বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তও সেই উদ্যোগের অংশ।

চলমান সংঘাতের প্রভাবে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মিত্র হুথি মিলিশিয়া সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার কারণে লোহিত সাগরসংলগ্ন বন্দরগুলো থেকে সৌদি আরবের তেল রপ্তানি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের উত্তেজনা আবারও সশস্ত্র সংঘাতে রূপ নেওয়ার প্রেক্ষাপটেই সৌদি আরবের জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা পাঠানোর ঘোষণা দিল ফ্রান্স।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক