শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর সফর সফল করতে কর্মব্যস্ত মালয়েশিয়া বিএনপি

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ৪:২৯ পিএম
প্রধানমন্ত্রীর সফর সফল করতে কর্মব্যস্ত মালয়েশিয়া বিএনপি

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরকে সফল ও ফলপ্রসূ করতে কর্মব্যস্ত মালয়েশিয়া বিএনপি। তাঁর সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশার কথা তুলে ধরে বিএনপি নেতারা বলেছেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তাঁরা আশাবাদী।

শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ১১ টায় কুয়ালালামপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এসব কথা বলেন। এতে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।

বাদলুর রহমান খান বাদল বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার মুখোমুখি থাকা প্রবাসী বাংলাদেশিরা প্রধানমন্ত্রীর সফরের দিকে গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন। বিশেষ করে শ্রমবাজার সম্প্রসারণ, সিন্ডিকেটমুক্ত কর্মী নিয়োগ, বৈধতার সুযোগ বৃদ্ধি, শ্রমিকদের কল্যাণ এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের মতো বিষয়গুলো সফরে গুরুত্ব পাবে বলে তাঁরা প্রত্যাশা করছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

মোশাররফ হোসেন বলেন, মালয়েশিয়ায় অবস্থানরত লাখো বাংলাদেশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সমাধানে দুই দেশের সরকারের মধ্যে আরও কার্যকর সহযোগিতা প্রয়োজন। প্রধানমন্ত্রীর সফর সেই সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তিনি মনে করেন।

বক্তারা বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে কর্মী নিয়োগে বিভিন্ন জটিলতা ও সিন্ডিকেটের কারণে অনেক সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁরা আশা করেন, প্রধানমন্ত্রীর সফরে এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে এবং স্বচ্ছ ও উন্মুক্ত প্রক্রিয়ায় কর্মী নিয়োগের পথ আরও সুগম হবে।

একই সঙ্গে মালয়েশিয়ায় অবস্থানরত অনিয়মিত বা অবৈধ বাংলাদেশিদের জন্য মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা।

তাঁরা বলেন, বৈধতার সুযোগ সৃষ্টি হলে হাজারো বাংলাদেশি নতুনভাবে কর্মসংস্থানের সুযোগ পাবেন এবং দেশের জন্য আরও বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সফরকে ঘিরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। মালয়েশিয়া বিএনপিও সফরের সফলতা কামনা করে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছে বলে এ সময় জানানো হয়।

বিএনপি নেতারা বলেন, দেশের স্বার্থ ও প্রবাসীদের কল্যাণের প্রশ্নে সবাইকে দল-মতের ঊর্ধ্বে উঠে একসঙ্গে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর এই সফর শুধু কূটনৈতিক সম্পর্ক জোরদার করবে না, বরং অর্থনীতি, বিনিয়োগ, শিক্ষা, পর্যটন ও জনশক্তি খাতে নতুন সুযোগ সৃষ্টি করবে। এ সময় মালয়েশিয়া বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফল সফর কামনা করা হয়। পাশাপাশি সফরকালে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের সমস্যাগুলোর কার্যকর সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং দুই দেশের জনগণ পারস্পরিক সহযোগিতার নতুন সুফল ভোগ করতে পারবেন। সংবাদ সম্মেলনে মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ, সহ-সভাপতি তালহা মাহমুদ, শাখাওয়াত হোসেন, আব্দুল জলিল লিটন,এমজে আলম, সহ-সাধারণ সম্পাদক ড. ওয়ালিউল্লা জাহিদ, এস এম রহমান নিপু, কাজী সালাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মীর্জা সালাহ উদ্দিন, সহ-সাংগঠনিক আব্দল আজিজ মোল্লা, যুবদল সভাপতি মো: জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক রমজান আলী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ড. এসএম রহমান তনু, সদস্য সচিব শামছুল আলম হেলাল শিকদারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কমীরা উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এই হিসাবের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মৃত্যুর সংখ্যাও রয়েছে।

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

আসিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে মালয়েশিয়া।

আসিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমে শুরু থেকেই চাপে ছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন আইমান। দুই গোলের ঘাটতি নিয়েই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মালয়েশিয়া। ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। তার গোলে মালয়েশিয়ার লিড বেড়ে দাঁড়ায় ৩-০।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এরপর গোল পরিশোধে কয়েক দফা আক্রমণ গড়ে তোলে বাংলাদেশ। তবে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে চার বছর আগে এশিয়ান কাপের বাছাইপর্বে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ৪-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আসিয়ান কাপেও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ।

সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। তবে এই সামরিক মোতায়েন কোনো সংঘাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই করা হচ্ছে বলে জানিয়েছে প্যারিস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। একই দিন দুই দেশের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুর জ্বালানি অবকাঠামো সুরক্ষায় ফ্রান্স সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে জানান তিনি।

সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সামরিক সরঞ্জাম ও সেনা পাঠানো হবে। পরিস্থিতির পরিবর্তন হলে সৌদি আরবকে আরও সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ম্যাক্রোঁ জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের বাজারে গ্যাসের দাম কমাতে ফ্রান্স বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তও সেই উদ্যোগের অংশ।

চলমান সংঘাতের প্রভাবে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মিত্র হুথি মিলিশিয়া সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার কারণে লোহিত সাগরসংলগ্ন বন্দরগুলো থেকে সৌদি আরবের তেল রপ্তানি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের উত্তেজনা আবারও সশস্ত্র সংঘাতে রূপ নেওয়ার প্রেক্ষাপটেই সৌদি আরবের জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা পাঠানোর ঘোষণা দিল ফ্রান্স।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক