শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মালয়েশিয়ায় ২৪ কৃতী বাংলাদেশি পেলেন ডুয়ামের সম্মাননা

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ৯:৪৬ এম
মালয়েশিয়ায় ২৪ কৃতী বাংলাদেশি পেলেন ডুয়ামের সম্মাননা

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ইন মালয়েশিয়া ২০২৬’। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন মালয়েশিয়া (ডুয়াম) আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানে প্রবাসে শিক্ষা, গবেষণা, নেতৃত্ব, নারী ক্ষমতায়ন ও কমিউনিটি উন্নয়নে অসামান্য অবদান রাখা ২৪ জন কৃতী বাংলাদেশিকে সম্মাননা প্রদান করা হয়।

৬ জুন এসএসইউ ক্লাব আমানে অনুষ্ঠিত এ আয়োজনটি প্রবাসী বাংলাদেশিদের সাফল্য, মেধা ও সামাজিক অবদানকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার এক অনন্য প্ল্যাটফর্মে পরিণত হয়। অনুষ্ঠানে শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, নারী নেত্রী ও কমিউনিটি ব্যক্তিত্বদের বিশেষ সম্মাননা দেওয়া হয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

আয়োজকদের মতে, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের ইতিবাচক অবদানকে স্বীকৃতি দেওয়া এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি আরও শক্তিশালী করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ উপলক্ষে বিশ্বের শীর্ষ ১ থেকে ২ শতাংশ সর্বাধিক উদ্ধৃত (সাইটেড) বিজ্ঞানী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষকদেরও বিশেষভাবে সম্মানিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মঞ্জুরুল করিম খান চৌধুরী। তিনি অ্যাওয়ার্ডপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রবাসে বাংলাদেশিদের সাফল্য ও অর্জন কেবল ব্যক্তিগত গৌরবের বিষয় নয়; বরং তা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের সূচনা হয় ডুয়ামের সভাপতি ও ইভেন্ট অর্গানাইজিং কমিটির আহ্বায়ক সুরাইয়া ইয়াসমিন নাহার-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে। তিনি বলেন, প্রবাসে অসংখ্য বাংলাদেশি নীরবে ও নিষ্ঠার সঙ্গে শিক্ষা, গবেষণা, পেশা এবং সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁদের এই অর্জনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতেই ডুয়ামের এ আয়োজন।

অর্গানাইজিং কমিটির সদস্য সচিব ও ডুয়ামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী আকাশ অনুষ্ঠানের উদ্দেশ্য, অ্যাওয়ার্ড নির্বাচন প্রক্রিয়া এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, স্বচ্ছ ও নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে মনোনয়ন যাচাই-বাছাই করে বিজয়ীদের নির্বাচন করা হয়েছে।

ডুয়ামের যুগ্ম সম্পাদক রেবেকা সুলতানা জেরিন সংগঠনের চলমান কার্যক্রম, কমিউনিটি উন্নয়ন উদ্যোগ এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে ডুয়ামের ভূমিকা তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রখ্যাত অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ ড. নিয়াজ আসাদুল্লাহ। তিনি এ ধরনের আয়োজনকে প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণার প্ল্যাটফর্ম হিসেবে অভিহিত করেন।

এবারের আয়োজনে চারটি ক্যাটাগরিতে মোট ২৪ জনকে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে ‘অ্যাকাডেমিক এক্সিলেন্স’ বিভাগে ৯ জন শিক্ষক ও গবেষক, ‘স্টুডেন্ট এক্সিলেন্স’ বিভাগে ৯ জন মেধাবী শিক্ষার্থী, ‘উইমেন এম্পাওয়ারমেন্ট’ বিভাগে ৪ জন নারী নেত্রী এবং ‘কমিউনিটি এনগেজমেন্ট’ বিভাগে ২ জন কমিউনিটি ব্যক্তিত্ব পুরস্কার লাভ করেন।

শিক্ষক ও গবেষক ক্যাটাগরির নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন ডুয়ামের সহ-সভাপতি ড. সোহেলা মুশতারী। শিক্ষার্থী ক্যাটাগরির দায়িত্বে ছিলেন ড. জাইরা জামান এবং নারী ক্ষমতায়ন ও কমিউনিটি এনগেজমেন্ট ক্যাটাগরির দায়িত্ব পালন করেন রেবেকা সুলতানা জেরিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. শামসুল বারি মোহাম্মদ তামরিন, ড. আবিদিন আদেমি আদেওয়ালে, মোহাম্মদ সিদ্দিকুর রহমান এবং প্রণব কুমার ভট্টাচার্য্য। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, সাংবাদিক এবং শ্রীলঙ্কা, ভারত, সিরিয়া ও ইয়েমেনসহ প্রায় ১২টি দেশের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

মালয়েশিয়ার বিভিন্ন রাজ্য ও অঞ্চল কুয়ানতান, কেলান্তান, জোহর বাহরু, মালাক্কা, সাবাহ, সারাওয়াক ও পেনাংসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন ডুয়ামের সাংগঠনিক সম্পাদক আনিকা ইসলাম অর্পা এবং আফসারা আয়েশা ইসলাম। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, র‌্যাফেল ড্র, পারিবারিক অংশগ্রহণমূলক আয়োজন এবং নেটওয়ার্কিং সেশনের মাধ্যমে অনুষ্ঠানটি আরও বর্ণিল হয়ে ওঠে।

উল্লেখ্য, ২০২৪ সালে প্রথমবারের মতো ‘বাংলাদেশি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ আয়োজন করে ডুয়াম। দ্বিতীয়বারের এ আয়োজন প্রবাসী বাংলাদেশি সমাজে ব্যাপক সাড়া ফেলেছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ‘বাংলাদেশি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ইন মালয়েশিয়া’ আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশি মেধা, নেতৃত্ব ও সামাজিক অবদানের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠা পাবে।

প্রবাসে বাংলাদেশের সাফল্যের গল্প বিশ্বমঞ্চে তুলে ধরার এ উদ্যোগকে ইতোমধ্যে বাংলাদেশি কমিউনিটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এই হিসাবের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মৃত্যুর সংখ্যাও রয়েছে।

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

আসিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে মালয়েশিয়া।

আসিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমে শুরু থেকেই চাপে ছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন আইমান। দুই গোলের ঘাটতি নিয়েই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মালয়েশিয়া। ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। তার গোলে মালয়েশিয়ার লিড বেড়ে দাঁড়ায় ৩-০।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এরপর গোল পরিশোধে কয়েক দফা আক্রমণ গড়ে তোলে বাংলাদেশ। তবে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে চার বছর আগে এশিয়ান কাপের বাছাইপর্বে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ৪-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আসিয়ান কাপেও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ।

সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। তবে এই সামরিক মোতায়েন কোনো সংঘাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই করা হচ্ছে বলে জানিয়েছে প্যারিস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। একই দিন দুই দেশের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুর জ্বালানি অবকাঠামো সুরক্ষায় ফ্রান্স সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে জানান তিনি।

সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সামরিক সরঞ্জাম ও সেনা পাঠানো হবে। পরিস্থিতির পরিবর্তন হলে সৌদি আরবকে আরও সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ম্যাক্রোঁ জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের বাজারে গ্যাসের দাম কমাতে ফ্রান্স বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তও সেই উদ্যোগের অংশ।

চলমান সংঘাতের প্রভাবে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মিত্র হুথি মিলিশিয়া সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার কারণে লোহিত সাগরসংলগ্ন বন্দরগুলো থেকে সৌদি আরবের তেল রপ্তানি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের উত্তেজনা আবারও সশস্ত্র সংঘাতে রূপ নেওয়ার প্রেক্ষাপটেই সৌদি আরবের জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা পাঠানোর ঘোষণা দিল ফ্রান্স।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক