মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফর:

শ্রমবাজার, বাণিজ্য ও কৌশলগত অংশীদারত্বে নতুন দিগন্তের প্রত্যাশা

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ৮:১৩ পিএম
শ্রমবাজার, বাণিজ্য ও কৌশলগত অংশীদারত্বে নতুন দিগন্তের প্রত্যাশা

নতুন সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফোনে অভিনন্দন ও শুভেচ্ছা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম রাষ্ট্রীয় সফরের সূচনা করছেন বন্ধু ও ভ্রাতৃপ্রতিম দেশ মালয়েশিয়া সফরের মাধ্যমে। আগামী ২১ ও ২২ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে তিনি দেশটিতে অবস্থান করবেন।

আন্তর্জাতিক, আঞ্চলিক এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় মালয়েশিয়ার কৌশলগত অবস্থান বিবেচনায় প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরের গন্তব্য হিসেবে মালয়েশিয়াকে নির্বাচন নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ ও দূরদর্শী সিদ্ধান্ত। দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শুধু কূটনৈতিক নয়; বাণিজ্য, শ্রমবাজার, শিক্ষা, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও বিস্তৃত।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

যদিও সফরের আনুষ্ঠানিক আলোচ্যসূচি এখনো প্রকাশ করা হয়নি, তবে সংশ্লিষ্টদের ধারণা এ সফরকালে সাধারণ কর্মী নিয়োগ, বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, সামরিক, অর্থনৈতিক অংশীদারত্বের এবং আঞ্চলিক শান্তির বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে। বিশেষ করে বাংলাদেশে আশ্রয়ে থাকা আসিয়ান সদস্যদেশ মায়ানমারের নির্যাতিত নাগরিক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসন, বাংলাদেশে বিনিয়োগ এবং বন্ধ থাকা সাধারণ কর্মী নিয়োগ পুনরায় শুরু করা খুবই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্কের ইতিহাস দীর্ঘ ও গভীর। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর যে কয়েকটি দেশ দ্রুত বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল, মালয়েশিয়া ছিল তাদের অন্যতম। ১৯৭৮ সালে মাত্র ২৩ জন বাংলাদেশি কর্মী পাঠানোর মাধ্যমে দুই দেশের মধ্যে শ্রম অভিবাসনের যাত্রা শুরু হয়। পরে ১৯৯২ সালে জনশক্তি নিয়োগ সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর ২০০৯, ২০১৬ ও ২০২১ সালে সমঝোতা স্মারক স্বাক্ষর হলেও মালয়েশিয়ায় কর্মী প্রেরণ প্রক্রিয়া প্রায়শই হোঁচট খেয়েছে। সর্বশেষ আন্তর্জাতিকভাবে দুর্নীতি ও অনিয়ম এবং অর্থ পাচারের অভিযোগে মালয়েশিয়া সরকার ৩১ মে ২০২৪ থেকে সাধারণ কর্মী নিয়োগ বন্ধ করে। এরপর অন্তর্বর্তী সরকারের সময় ১৭,৭৭৭ জন কর্মী সকল প্রক্রিয়া সম্পাদন করেও মালয়েশিয়ায় যেতে না পারার তথ্য মালয়েশিয়াকে দিলে মালয়েশিয়া যাচাই করে প্রায় ৭ হাজার কর্মীকে মালয়েশিয়ায় নিয়োগ সম্ভব বলে জানিয়ে দেয়। কিন্তু বোয়েসেল সূত্রে জানা গেছে এদের মধ্যে ২১০০ জন নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হয়েছে এবং ইতোমধ্যে ১৮০০ জন মালয়েশিয়ায় কর্ম নিযুক্ত হয়েছে। তবে পূর্বের অনিয়মকে কেন্দ্র করে হওয়া মামলা ও আন্তর্জাতিকভাবে উত্থাপিত অভিযোগ আমলে নিয়ে সুষ্ঠু সমাধান ও পদ্ধতি নির্ধারণ করে সাধারণ কর্মী প্রেরণ বাংলাদেশ অব্যাহত রাখবে বলে মানব সম্পদ উন্নয়ন বিশেষজ্ঞরা মনে করেন।

এই কর্মী নিয়োগকে কেন্দ্র করে অনেক আগে থেকেই আন্তর্জাতিকভাবে মানব পাচার, অনিয়মের অভিযোগ রয়েছে। তারা মনে করেন বাংলাদেশ থেকে কর্মী প্রেরণের বিদ্যমান গতানুগতিক নিয়ম, অনিয়ম এবং মালোয়েশিয়া প্রান্তের বিষয়গুলি উভয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ব্যাপকভাবে পর্যালোচনা করে একটি উত্তম পদ্ধতি অনুসরণ করলে কর্মী নিয়োগের স্বাভাবিকতা বজায় রাখা সম্ভব হবে। প্রধানমন্ত্রীর সফরে উভয় সরকার মিলে একটি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী টেকসই কর্মী নিয়োগ উপায় প্রতিষ্ঠা করবে যা উভয় সরকারের সুনাম বৃদ্ধি করবে বলে সংশ্লিষ্টরা আশা করেন।

টেকসই ব্যবস্থা বর্তমান সরকার ঘোষিত কোটি মানুষের নিরাপদ ও স্বল্প খরচে বৈদেশিক কর্মসংস্থান লক্ষ্য অর্জনে মাইল ফলক হয়ে থাকবে। নতুন সরকারের জন্য একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হবে। এর ফলে মালয়েশিয়ার অর্থনীতিতে বাংলাদেশী শ্রমশক্তি ব্যাপক অবদান রাখা এবং বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে সক্ষম হবে।

মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি ডায়াসপোরাদের দীর্ঘদিনের দাবি রয়েছে দুবাই ও সৌদি আরবের মতো বাংলাদেশী স্কুল প্রতিষ্ঠা করা। তাছাড়াও মালয়েশিয়ায় অর্থনীতিতে অবদান রেখে যাওয়া বাংলাদেশীদের ভিসা না থাকায় বেশ ঝুঁকির মধ্যে অবস্থান করতে হচ্ছে। তারা নিয়োগকর্তা এবং বিভিন্ন কারণে ভিসা রিনিউ করতে না পারায় অবৈধ হয়ে যাওয়া বাংলাদেশি কর্মীদের বৈধকরণ করার দাবিও রয়েছে প্রবাসীদের।

হাইকমিশনার সেবার আওতায় বৃদ্ধির জন্য মালয়েশিয়ার সাবা, সারাওয়াক, পেনাং, জহুর প্রদেশ এবং দূরবর্তী শহরে কনস্যুলার সেবা প্রদানের স্থায়ী দপ্তর করার দাবিও রয়েছে। বিশেষ করে সাবা ও সারাওয়াক প্রদেশ আকাশপথ ও সাগর পথ ছাড়া কোনো যোগাযোগ না থাকায় সকল ধরনের সেবা পেতে বেশ অর্থ, শ্রম ও কষ্ট হয়। তাছাড়াও বাংলাদেশের কোনো কূটনৈতিক দপ্তর না থাকায় ঐ দুটি প্রদেশের নিয়োগকর্তারাও কর্মী নিয়োগে নিরুৎসাহিত হয়ে থাকে।

কুয়ালালামপুর থেকে সমগ্র মালয়েশিয়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদান এবং হাইকমিশনে এসে সেবা গ্রহণ কষ্টসাধ্য। কর্মীরা দূরদূরান্ত থেকে কুয়ালালামপুরে আসতে পারে না।

এ বিষয়ে কেলান্তান কাজ করেন নাজিম উদ্দিন একজন ভুক্তভোগী , তিনি বলেন, ” অনেক দূর থেকে কুয়ালালামপুরে বারবার আসা যাওয়া খুবই কষ্টকর। আসলেও একদিনের বেশি ছুটি মেলে না, কিন্তু লাগে কমপক্ষে তিন দিন দুই দিনের বেতন ছেড়ে দিতে হয়। তাছাড়াও কুয়ালালামপুরে থাকা খাওয়া খরচ আছে। অনলাইন পদ্ধতি ও মালয়েশীয় সরকার এর সেবা প্রদানকারী সংস্থাগুলির সেবা নিলে খুব কম খরচে অনায়াসে আমাদের নিকট দূতাবাসের সেবা পৌঁছে দিতে পারে। আমাদের অর্থ, কষ্ট, শ্রম লাঘব হবে।”

মালয়েশিয়া বাংলাদেশের জন্য অর্থনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ অংশীদার। মালয়েশিয়া বাংলাদেশের ৭ম বৃহত্তম বিনিয়োগ অংশীদার , টেলিকম এবং নির্মাণ খাতে বৃহৎ বিনিয়োগকে আরো বিভিন্ন দিকে সম্প্রসারণ করার সুযোগ রয়েছে বলে বিনিয়োগ বিশেষজ্ঞদের ধারণা। অপ্রচলিত হলেও নদী ও সাগর ড্রেজিং এর ক্ষেত্রে মালয়েশিয়ার বিনিয়োগ করার সুযোগ রয়েছে। মালয়েশিয়ার ড্রেজিং এর সর্বাধুনিক প্রযুক্তি এবং সর্ববৃহৎ প্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশের নদীগুলোর নাব্যতা না থাকায় প্রতিবছর যেভাবে বন্যার শিকার হচ্ছে কোটি কোটি মানুষ, পশু, ও ক্ষতি হচ্ছে ফসল ও সম্পদের সে ক্ষেত্রে জনগন ও সম্পদের সুরক্ষায় নদীগুলোর খনন এখন সব থেকে গুরুত্বপূর্ণ। খননকৃত খাল ও নদীর পলি ও মাটি দিয়ে রাস্তা, শহর , বন্দর গড়ে তোলা এবং বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করাও সম্ভব। ইট তৈরিতে আর উর্বর কৃষি জমি নষ্ট হবে না। তাছাড়াও, প্রতিবছর দুর্যোগ মোকাবিলায় লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয়ের লাগাম টেনে ধরা সম্ভব হবে। উল্লেখ্য, অনেক আগে থেকেই মালদ্বীপ বাংলাদেশ থেকে নদী খনন করে বালি ও মাটি নিতে আগ্রহ জানিয়ে আসছে।

বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগের আরেকটি প্রধান ক্ষেত্র হতে পারে অল্প আয়তনের জনবহুল বাংলাদেশের জমিকে রক্ষায়

মালয়েশিয়ার টানেলিং প্রযুক্তির প্রয়োগ করা। মালয়েশিয়া টানেলিং প্রযুক্তিতে বিশ্বের অন্যতম অগ্রণী দেশ, যার উত্তম দৃষ্টান্ত হলো ক্লাং ভ্যালি ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) এবং স্মার্ট টানেলের মতো মেগা-অবকাঠামো প্রকল্পগুলো। দেশটি বিশ্বের প্রথম অটোমেটিক টানেল বোরিং মেশিন (এ-টিবিএম) উদ্ভাবনের মাধ্যমে বিশ্বের প্রথম দ্বৈত-কার্যকরী স্টর্মওয়াটার ম্যানেজমেন্ট অ্যান্ড রোড টানেল (স্মার্ট) এবং উন্নত টানেল বোরিং মেশিন (টিবিএম) উদ্ভাবনে পথিকৃৎ হয়েছে। যাতায়াত, পানি প্রবাহ এবং সুয়োরেজ ব্যবস্থাপনায় ত্রি স্তর বিশিষ্ট টানেল যে কোনো নগরের জন্য এখন উত্তম ব্যবস্থা হিসেবে বিবেচিত। অস্ট্রেলিয়া মালয়েশিয়ার টানেল প্রযুক্তির প্রয়োগ করছে। বাংলাদেশের ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর , চট্রগ্রাম, সিলেটসহ বিভিন্ন শহরে সুব্যবস্থাপনার জন্য মালয়েশিয়ার টানেল প্রযুক্তির প্রয়োগএ বিনিয়োগ আকর্ষণ করতে পারে।

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান ব্যাপক বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা এ সফরের অন্যতম লক্ষ্য হতে পারে। উভয় দেশের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ প্রায় ২.৯২ বিলিয়ন মার্কিন ডলার।বাংলাদেশ থেকে রপ্তানির পরিমাণ প্রায় ২৮০ থেকে ৩০০ মিলিয়ন (২৮-৩০ কোটি) ডলার। ওপর দিকে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আমদানি করা পণ্যের পরিমাণ প্রায় ২.৫ থেকে ২.৬ বিলিয়ন (২৫০-২৬০ কোটি) ডলার।মূলত বাংলাদেশ মালয়েশিয়া থেকে পরিশোধিত ও অপরিশোধিত পেট্রোলিয়াম, পাম অয়েল, পেট্রোলিয়াম গ্যাস এবং রাসায়নিক দ্রব্যের মতো উচ্চ মূল্যের পণ্য আমদানি করে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ইস্যু ঝুলন্ত অবস্থায় রয়েছে।

কনজুমার পণ্য ব্যবস্থাপনা, সাপ্লাই চেইন এবং পণ্য মূল্য নিয়ন্ত্রণে রয়েছে মালয়েশিয়ার সুশৃঙ্খল, ব্যবসা ও জনবান্ধব ব্যবস্থাপনা যা বাংলাদেশে প্রায়োগের জন্য প্রযুক্তি, কারিগরি ও প্রশিক্ষণ সহযোগিতা বৃদ্ধি করে বৃহত্তর ভোক্তার বাংলাদেশ উত্তম পণ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে পারে বলে বাজার বিশেষজ্ঞরা মনে করেন।

নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে মালয়েশিয়ার ইউনিভার্সিটি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বেশ অবদান রয়েছে। এমন কি বাংলাদেশি শিক্ষক ও বিজ্ঞানীদের এ ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ পদচারণা মালয়েশিয়া ও বিশ্ববীকৃত। সে সব প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে কাজ করা এবং কৃতিত্বপূর্ণ এসব বাংলাদেশী ব্যক্তিদের মেধা ও দক্ষতাকে কাজে লাগানো যেতে পারে।

 

মানব সম্পদে ভরপুর বাংলাদেশ মানব সম্পদ উন্নয়নে মালয়েশিয়াকে আহ্বান জানাতে পারে। স্কিল প্রশিক্ষণ প্রদান করে বিশ্বের যে কোনো দেশের কর্মের উপযুক্ত করে তোলে এখন সময়ের দাবী। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শিক্ষা সম্পর্ক অত্যন্ত গভীর ও ক্রমবর্ধমান। বর্তমানে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন, যা দেশটিতে দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক শিক্ষার্থী। তবে পড়াশোনা শেষে বাংলাদেশি শিক্ষার্থীদের মালয়েশিয়ায় অবস্থান করে চাকরি খোঁজার সুযোগ (“গ্র্যাজুয়েট পাস”) দেওয়ার মত গুরুত্বপুর্ন বিষয় রয়েছে। অন্যথায় পড়ালেখা শেষে নিজ দেশে ফেরত যেতে হয়।

হালাল বাণিজ্য খাতে সহযোগিতা জোরদারের বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে।

মালয়েশিয়ার উন্নত চিকিৎসা, আন্তর্জাতিক মানের হাসপাতাল এবং তুলনামূলক সাশ্রয়ী খরচের কারণে মালয়েশিয়া এখন বাংলাদেশিদের জন্য একটি জনপ্রিয় মেডিকেল ট্যুরিজম গন্তব্য হয়েছে । মালয়েশিয়ার কেপিজে বাংলাদেশে চিকিৎসা ক্ষেত্রে বিশেষ করে নার্স তৈরি ও চিকিৎসা সেবায় বিনিয়োগ করেছে যা খুবই সীমিত পরিসরে। তাদেরসহ অন্যান্য সুনামের অধিকারী মালয়েশিয়ান চিকিৎসা প্রতিষ্ঠানকে বাংলাদেশে প্রযুক্তি, কারিগরি ও ব্যবস্থাপনায় যৌথ বিনিয়োগে উৎসাহিত করা গেলে উভয় দেশ উপকৃত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মালয়েশিয়ার সেমিকন্ডাক্টর শিল্প বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা ঐতিহাসিকভাবে ব্যাক-এন্ড অ্যাসেম্বলি, টেস্টিং এবং প্যাকেজিং (এটিপি)-এ তার আধিপত্যের জন্য সুপরিচিত। এ ক্ষেত্রে উভয় দেশ পারস্পরিক সহযোগিতা প্রতিষ্ঠা করতে পারে।

শিক্ষাবিদ ড. এম নিয়াজ আসাদুল্লাহ মনে করেন, প্রধানমন্ত্রী সফরে চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রাধিকার দিতে পারেন। এর মধ্যে রয়েছে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পোস্ট-স্টাডি ওয়ার্ক নিশ্চিত করা, সেমিকন্ডাক্টর ও আইটি খাতে দক্ষ প্রকৌশলী নিয়োগের দ্বিপাক্ষিক চুক্তি, স্মার্ট এগ্রিকালচার ও কারিগরি শিক্ষা সহযোগিতা এবং মালয়েশিয়ার শিক্ষা উন্নয়ন মডেল থেকে শিক্ষা গ্রহণ।

অন্যদিকে মালয়েশিয়ার সানওয়ে ইউনিভার্সিটির অ্যাসিস্টেন প্রফেসর ড. খালেদ শুকরান মনে করেন, দক্ষিণ-পূর্ব এশিয়া ও আসিয়ান অঞ্চলে বাংলাদেশের কৌশলগত উপস্থিতি জোরদারে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মতে, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গত পাঁচ দশকে শ্রমবাজার, প্রতিরক্ষা, বাণিজ্য ও কূটনৈতিক সহযোগিতার মাধ্যমে বহুমাত্রিক রূপ পেয়েছে। ফলে প্রথম রাষ্ট্রীয় সফরের গন্তব্য হিসেবে মালয়েশিয়াকে বেছে নেওয়া একটি ইতিবাচক বার্তা বহন করছে।

বিশেষজ্ঞরা আরও মনে করেন, ভবিষ্যতের শ্রমবাজার হবে দক্ষতা-নির্ভর। তাই কনস্ট্রাকশন, ড্রাইভিং, আধুনিক যন্ত্রপাতি পরিচালনা, তথ্যপ্রযুক্তি ও প্রযুক্তিনির্ভর শিল্পে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। ভাষাজ্ঞান ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের প্রস্তুত করা গেলে তারা উচ্চ বেতন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের সুযোগ পাবেন।

সব মিলিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন মালয়েশিয়া সফর বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টি হবে বলে সকলে প্রত্যাশা করে।

এ সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১৭, আহত ১২

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:০৫ এম
তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১৭, আহত ১২

তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। নতুন বয়লার স্থানান্তরের সময় ক্রেন ভেঙে পড়ার পর এর সঙ্গে থাকা সরঞ্জাম চুল্লিতে পড়ে বিস্ফোরণ ঘটে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে দেশটির পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইজমিরের কাছে আলিয়াগা এলাকার হাবাস ডেমির সেলিক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত সবাই ওই কারখানার শ্রমিক।

স্থানীয় গভর্নর সুলেইমান এলবান জানান, ক্রেনের সাহায্যে নতুন বয়লার সরানোর কাজ চলছিল। এ সময় ক্রেনটি ভেঙে পড়লে এর সঙ্গে থাকা বিভিন্ন সরঞ্জাম নিচে থাকা একটি চুল্লিতে পড়ে যায়। এতে বিস্ফোরণের পাশাপাশি কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে আশপাশের এলাকা কেঁপে ওঠে। প্রথমে অনেকে ঘটনাটিকে ভূমিকম্প বলে মনে করেছিলেন। ঘটনাস্থলের ভিডিওতে কারখানার ভেতরে আগুন এবং আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়।

প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১৬ বলে জানিয়েছিলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। পরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু জানান, গুরুতর আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৭ হয়েছে।

গভর্নর জানান, ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এ ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কারখানাটির পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, বৈদ্যুতিক আর্ক ফার্নেসের নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজ চলার সময় দুর্ঘটনাটি ঘটে।

স্বাধীন সংস্থা তুর্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচের তথ্য অনুযায়ী, কর্মক্ষেত্রে দুর্ঘটনা তুরস্কের দীর্ঘদিনের উদ্বেগের বিষয়। ইজমিরের আলিয়াগা অঞ্চলটি দেশটির গুরুত্বপূর্ণ বন্দর ও জাহাজ ভাঙার অন্যতম প্রধান কেন্দ্র।

৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান

কোনো হুমকি-চাপের কাছে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:১৪ এম
কোনো হুমকি-চাপের কাছে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান

আলোচনা ও সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে ইরান প্রস্তুত থাকলেও কোনো ধরনের হুমকি, চাপ কিংবা শক্তি প্রয়োগের কাছে নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, যেকোনো আলোচনা হতে হবে ন্যায়বিচার, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে।

রোববার ইরান মিল্ক ইন্ডাস্ট্রিজ কোম্পানি (পেগাহ)-এর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন পেজেশকিয়ান।

ইরানের শত্রু হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাম উল্লেখ করে তিনি বলেন, দেশ দুটি ইরানের ওপর আঘাত হানার চেষ্টা করছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা হোসেইনি খামেনি এমন এক পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন, যেখানে যুদ্ধও নেই, আবার শান্তিও নেই।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

পেজেশকিয়ান বলেন, আত্মমর্যাদা বজায় রেখে যেকোনো বিষয়ে আলোচনা ও সমাধানে পৌঁছানো সম্ভব। ইরান আলোচনায় বিশ্বাসী এবং সংলাপের মাধ্যমে নিজেদের অধিকার আদায় করা গেলে যুদ্ধের পথে যাওয়ার প্রয়োজন নেই। তবে কোনো ধরনের শক্তি প্রদর্শন কিংবা হুমকির কাছে আত্মসমর্পণ করবে না তেহরান।

গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে ইরানের প্রেসিডেন্ট বলেন, ন্যায়বিচার, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে চায় তাঁর দেশ।

তিনি আরও বলেন, জাতিসংঘে দেওয়া ভাষণেও ইরানের এই অবস্থান স্পষ্ট করা হয়েছিল। তেহরান সংলাপে বিশ্বাস করে এবং নিজেদের ন্যায্য অধিকার আদায়ে প্রতিশ্রুতিবদ্ধ। তবে কোনো ধরনের বলপ্রয়োগ মেনে নেবে না।

এদিকে, চলমান সংকট নিরসনে ইরানের দেওয়া দুই দিনের প্রস্তাব এখনো বহাল রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সোমবার তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের দাবিগুলো মেনে নিলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ৪৮ ঘণ্টার মধ্যে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব।

ইরানি বার্তা সংস্থা আইএসএনএর প্রতিবেদনে বলা হয়েছে, সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাঘাই এই প্রস্তাবকে সংকট সমাধানের সবচেয়ে যুক্তিসংগত পরিকল্পনা হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, তেহরানের শর্তে ওয়াশিংটন সম্মত হলে ওই অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

ফার্মগেটের পর এবার মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:১২ এম
ফার্মগেটের পর এবার মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীতে এক দিনের ব্যবধানে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফার্মগেটের পর এবার মিরপুরের ১১ নম্বর সেকশনে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসটির বিভিন্ন অংশ পুড়ে গেলেও কেউ হতাহত হননি।

সোমবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে পল্লবী থানার ১১ নম্বর সেকশনের পোস্ট অফিসসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন জানান, পোস্ট অফিসের সামনে সড়কে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এতে বাসের আসন, কাচ ও বডির বিভিন্ন অংশ পুড়ে গেছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসি আরও জানান, দুই দিন আগে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে পুলিশের বৈঠক হয়েছে। সেখানে বাসের নিরাপত্তা জোরদার এবং সড়কে বাস পার্কিং না করার বিষয়ে সতর্ক করা হয়েছিল। এ ধরনের ঘটনা এড়াতে বাস মালিকদেরও সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

এর আগে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায়ও কেউ হতাহত হননি।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক