সৌদিতে বিশেষ অভিযানে ব্যাপক ধরপাকড়, ৮ হাজার অবৈধ অভিবাসী গ্রেপ্তার
ফাইল ছবি।
সৌদি আরবজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে এক সপ্তাহে ৮ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২১ থেকে ২৭ মে পর্যন্ত বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে পরিচালিত অভিযানে মোট ৮ হাজার ৯০ জনকে গ্রেপ্তার করা হয়।
আটকদের মধ্যে আবাসনসংক্রান্ত আইন ভঙ্গের অভিযোগে ৪ হাজার ২৬৬ জন, সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের দায়ে ২ হাজার ৬৫৩ জন এবং শ্রম আইন অমান্যের অভিযোগে ১ হাজার ১৭১ জনকে আটক করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, একই সময়ে ৭ হাজার ৪৬৬ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া ১৪ হাজার ৪৮৪ জনের ভ্রমণসংক্রান্ত নথিপত্র প্রস্তুতের জন্য সংশ্লিষ্ট দূতাবাসগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আরও ৫৭২ জনের দেশে ফেরার প্রক্রিয়া চলমান রয়েছে।
সীমান্ত দিয়ে অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ১৭৬ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে অধিকাংশই ইথিওপিয়ার নাগরিক। এছাড়া ইয়েমেন ও অন্যান্য দেশের নাগরিকও রয়েছে।
অন্যদিকে, অবৈধভাবে দেশত্যাগের চেষ্টা করার সময় আরও ৭১ জনকে আটক করা হয়েছে। অভিযানের সময় অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় প্রদান বা কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বর্তমানে ২১ হাজার ৬৮৫ জন বিদেশি নাগরিক বিভিন্ন আইনি প্রক্রিয়ার আওতায় রয়েছে। এর মধ্যে পুরুষের সংখ্যা ২০ হাজার ৫১২ এবং নারীর সংখ্যা ১ হাজার ১৭৩।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে দেশে প্রবেশ বা অবস্থানে সহযোগিতা করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তিও জব্দ করা হতে পারে।
এ বিষয়ে কোনো তথ্য থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে দেশটির নাগরিক ও বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।










