জুলাই সনদের পথে সংবিধান সংশোধনে বিরোধীদলের জন্য অপেক্ষা : আইনমন্ত্রী
আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান
সংবিধান সংশোধনের লক্ষ্যে ১৭ সদস্যের একটি কমিটি গঠনে সরকারের উদ্যোগের কথা জানিয়ে আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, বিরোধী দলের প্রতিনিধিদের অন্তর্ভুক্তির অপেক্ষায় রয়েছে সরকার। তিনি জানান, কমিটিতে সরকারপক্ষ থেকে সাতজন এবং স্বতন্ত্র প্রতিনিধিদের মধ্য থেকে পাঁচজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, আর বাকি পাঁচজনের জন্য বিরোধী দলের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে।
রোববার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, বিরোধী দল আগামী সংসদ অধিবেশনে তাদের প্রতিনিধিদের নাম জানাবে বলে জানিয়েছে। সেই তালিকা পাওয়ার পরই সংবিধান সংশোধনের প্রক্রিয়া “জুলাই সনদ”-এর আলোকে এগিয়ে নেওয়া হবে।
অন্তর্বর্তী সরকারের সময় প্রণীত অধ্যাদেশগুলো নিয়ে প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সেগুলো বাতিল করা হয়নি; বরং এখনও যাচাই-বাছাই প্রক্রিয়ায় রয়েছে। তিনি জানান, ইতোমধ্যে দুটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া জাতীয় মানবাধিকার কমিশন আইন এবং গুম সংক্রান্ত কমিশন আইন—নিয়ে প্রাথমিক পরামর্শ সম্পন্ন হয়েছে। বিভিন্ন মহল থেকে প্রাপ্ত সুপারিশ যাচাই করে দ্রুত এগুলো আইন হিসেবে উপস্থাপনের পরিকল্পনা রয়েছে।
রাজধানীর মিরপুরে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার অগ্রগতি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সরকার নির্ধারিত সময়ের মধ্যেই অভিযোগপত্র দাখিল করতে সক্ষম হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আদালত মামলার গুরুত্ব বিবেচনায় সর্বোচ্চ শাস্তির বিষয়টি বিবেচনা করবেন। সোমবার আদালত খোলার প্রথম দিনেই মামলাটি শুনানির জন্য নির্ধারিত রয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, বিচারপ্রক্রিয়া সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ারভুক্ত এবং সরকার প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। সাক্ষ্য-প্রমাণ ও আসামির জবানবন্দির ভিত্তিতে আদালত ন্যায়বিচার নিশ্চিত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।












