শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মালয়েশিয়ায় কর্মক্ষেত্রে সক্ষমতার স্বীকৃতি পাচ্ছেন প্রতিবন্ধী কর্মীরা

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৩:২০ পিএম
মালয়েশিয়ায় কর্মক্ষেত্রে সক্ষমতার স্বীকৃতি পাচ্ছেন প্রতিবন্ধী কর্মীরা

মালয়েশিয়ায় কর্মক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের (পিডব্লিউডি) অংশগ্রহণ ও সক্ষমতা নিয়ে ইতিবাচক পরিবর্তনের চিত্র উঠে এসেছে দেশটির পরিসংখ্যান বিভাগের (ডিওএসএম) সাম্প্রতিক এক জরিপে। জরিপ অনুযায়ী, অধিকাংশ নিয়োগকর্তা মনে করেন প্রতিবন্ধী কর্মীরা অন্যান্য কর্মীদের মতোই দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম।

জাতীয় বার্তা সংস্থা বারনামা জানিয়েছে, “২০২৫ সালের প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান জরিপে” দেখা গেছে, ৮১ শতাংশ নিয়োগকর্তা প্রতিবন্ধী কর্মীদের কাজের মানকে অন্য কর্মীদের সমমানের বলে মূল্যায়ন করেছেন। এছাড়া ৭১ দশমিক ৯ শতাংশ নিয়োগকর্তা মনে করেন, কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা ও উদ্ভাবনে এসব কর্মীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

জরিপে আরও জানা যায়, বর্তমানে প্রায় ২২ শতাংশ প্রতিষ্ঠান প্রতিবন্ধী কর্মী নিয়োগ দিয়েছে। এ বিষয়ে মালয়েশিয়ার প্রধান পরিসংখ্যানবিদ দাতুক সেরি মোহদ উজির মাহিদিন বলেন, এই ফলাফল কর্মক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে ওঠার পাশাপাশি নিয়োগকর্তাদের মধ্যে বৈচিত্র্যময় জনশক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রতিফলন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি বলেন, “এই উদ্যোগ শুধু নিয়োগকর্তাদের সচেতনতার প্রতিফলন নয়, বরং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে প্রায় ৩০ শতাংশ কর্মসংস্থান নিশ্চিত হওয়ার অর্জনেরও প্রতিফলন।

১ হাজার ৮৩০ জন নিয়োগকর্তার অংশগ্রহণে পরিচালিত জরিপে দেখা গেছে, যেসব প্রতিষ্ঠান আগে প্রতিবন্ধী কর্মী নিয়োগ দিয়েছিল, তাদের মধ্যে প্রায় ৯১ শতাংশ প্রতিষ্ঠান এক থেকে পাঁচজন পর্যন্ত কর্মী নিয়োগের সুযোগ তৈরি করেছে। এছাড়া ৪৭ দশমিক ৫ শতাংশ নিয়োগকর্তা ভবিষ্যতেও প্রতিবন্ধী কর্মী নিয়োগ অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেছেন।

বর্তমানে যারা প্রতিবন্ধী কর্মী নিয়োগ দিয়েছে, তাদের মধ্যে ৮৩ দশমিক ৭ শতাংশ প্রতিষ্ঠানে এক থেকে পাঁচজন পর্যন্ত পিডব্লিউডি কর্মী কাজ করছেন। এসব কর্মীর মধ্যে ৩১ দশমিক ৪ শতাংশ সাধারণ বা প্রাথমিক পর্যায়ের পেশায় নিয়োজিত।

মোহদ উজির মাহিদিন জানান, কর্মরত প্রতিবন্ধী কর্মীদের ৮৬ দশমিক ৫ শতাংশের কাছে সরকারি স্বীকৃত প্রতিবন্ধী পরিচয়পত্র রয়েছে, যা তাদের অবস্থার আনুষ্ঠানিক প্রমাণ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

জরিপে অধিকাংশ নিয়োগকর্তা অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান জোরদারে সমর্থন জানিয়েছেন। প্রায় ৯০ দশমিক ৬ শতাংশ নিয়োগকর্তা প্রতিবন্ধী কর্মসংস্থান বিষয়ে নির্দিষ্ট নীতিমালা প্রণয়নের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে ৭৭ দশমিক ৩ শতাংশ মনে করেন, প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী আলাদা প্রশিক্ষণ ব্যবস্থার প্রয়োজন রয়েছে।

তবে ইতিবাচক অগ্রগতির পাশাপাশি কিছু বড় চ্যালেঞ্জও উঠে এসেছে জরিপে। ৬৩ দশমিক ৩ শতাংশ নিয়োগকর্তা জানিয়েছেন, কর্মক্ষেত্র প্রতিবন্ধীবান্ধব করতে অবকাঠামোগত পরিবর্তনের ব্যয় অনেক বেশি। এছাড়া ৭৮ দশমিক ৬ শতাংশ প্রতিষ্ঠান উপযুক্ত প্রতিবন্ধী প্রার্থী খুঁজে পেতে সমস্যার কথা জানিয়েছে। একই সঙ্গে প্রতিবন্ধী কর্মী নিয়োগে সরকারি প্রণোদনা ও সুবিধা সম্পর্কে সচেতনতার ঘাটতির বিষয়টিও সামনে এসেছে।

মোহদ উজির মাহিদিন বলেন, শ্রমবাজারে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ আরও জোরদার করতে সরকার, নিয়োগকর্তা, প্রতিবন্ধী সংগঠন ও সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এর মাধ্যমে দেশের সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এই হিসাবের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মৃত্যুর সংখ্যাও রয়েছে।

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

আসিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে মালয়েশিয়া।

আসিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমে শুরু থেকেই চাপে ছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন আইমান। দুই গোলের ঘাটতি নিয়েই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মালয়েশিয়া। ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। তার গোলে মালয়েশিয়ার লিড বেড়ে দাঁড়ায় ৩-০।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এরপর গোল পরিশোধে কয়েক দফা আক্রমণ গড়ে তোলে বাংলাদেশ। তবে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে চার বছর আগে এশিয়ান কাপের বাছাইপর্বে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ৪-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আসিয়ান কাপেও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ।

সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। তবে এই সামরিক মোতায়েন কোনো সংঘাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই করা হচ্ছে বলে জানিয়েছে প্যারিস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। একই দিন দুই দেশের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুর জ্বালানি অবকাঠামো সুরক্ষায় ফ্রান্স সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে জানান তিনি।

সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সামরিক সরঞ্জাম ও সেনা পাঠানো হবে। পরিস্থিতির পরিবর্তন হলে সৌদি আরবকে আরও সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ম্যাক্রোঁ জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের বাজারে গ্যাসের দাম কমাতে ফ্রান্স বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তও সেই উদ্যোগের অংশ।

চলমান সংঘাতের প্রভাবে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মিত্র হুথি মিলিশিয়া সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার কারণে লোহিত সাগরসংলগ্ন বন্দরগুলো থেকে সৌদি আরবের তেল রপ্তানি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের উত্তেজনা আবারও সশস্ত্র সংঘাতে রূপ নেওয়ার প্রেক্ষাপটেই সৌদি আরবের জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা পাঠানোর ঘোষণা দিল ফ্রান্স।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক