মালয়েশিয়ায় টিভিইটি খাত শক্তিশালী করতে উচ্চ পর্যায়ের বৈঠক
মালয়েশিয়ার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) খাতকে আরও আধুনিক ও কার্যকর করতে উচ্চ পর্যায়ের কমিটির (এইচএলসি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) পুত্রজায়ায় মানবসম্পদ মন্ত্রণালয় (কেসুমা) ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন দেশটির প্রধান সচিব তান শ্রী শামসুল আজরি বিন আবু বাকার।
“হাই লেভেল কমিটি (এইচএলসি) মাজলিস পেনদিদিকান দান লাতিহান টেকনিকাল দান ভোকাসিওনাল নেগারা (এমটিভিইটি)” এর ২০২৬ সালের দ্বিতীয় বৈঠকে দেশের টিভিইটি ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে নীতিমালা সমন্বয়, দক্ষতা প্রশিক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার, কর্মসংস্থানের পথ সুগম করা এবং শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এছাড়া, দেশের মানবসম্পদ উন্নয়নে টিভিইটি ব্যবস্থাকে আরও প্রগতিশীল, যুগোপযোগী ও শিল্পবান্ধব করার ওপরও জোর দেওয়া হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ কর্মবাজারের জন্য দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মালয়েশিয়া সরকার “মালয়েশিয়া মাদানি” উদ্যোগের আওতায় দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং ভবিষ্যৎমুখী কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে।












