শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মালয়েশিয়ায় চতুর্থ ডেটা সেন্টার নির্মাণে ইকুইনিক্সের ১৯০ মিলিয়ন ডলার বিনিয়োগ

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১১:০৬ পিএম
মালয়েশিয়ায় চতুর্থ ডেটা সেন্টার নির্মাণে ইকুইনিক্সের ১৯০ মিলিয়ন ডলার বিনিয়োগ

বিশ্বখ্যাত ডিজিটাল অবকাঠামো প্রতিষ্ঠান ইকুইনিক্স ইনকরপোরেটেড মালয়েশিয়ায় তাদের কার্যক্রম আরও সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি দেশটিতে নতুন ডেটা সেন্টার ‘কেএল-২’ নির্মাণে ১৯০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে।

নতুন এই অবকাঠামো নির্মাণের মাধ্যমে মালয়েশিয়ায় ক্লাউড সেবা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ব্যবসায়িক স্বয়ংক্রিয় ব্যবস্থা এবং দ্রুতগতির ডিজিটাল সংযোগের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সহায়তা করবে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে এটি মালয়েশিয়ার ডিজিটাল অর্থনীতি শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির বিদ্যমান ডেটা সেন্টার ‘কেএল-১’-এর এক কিলোমিটারেরও কম দূরত্বে সাইবারজায়ায় নতুন ‘কেএল-২’ ডেটা সেন্টার নির্মাণ করা হবে। এর মাধ্যমে মালয়েশিয়ায় নেটওয়ার্ক সেবা প্রদানকারী, ক্লাউড প্ল্যাটফর্ম ও বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের জন্য একটি শক্তিশালী ডিজিটাল পরিবেশ গড়ে তোলা হবে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

কেএল-২ হবে মালয়েশিয়ায় ইকুইনিক্সের চতুর্থ ডেটা সেন্টার। এর আগে কুয়ালালামপুর ও জোহরে প্রতিষ্ঠানটির বিভিন্ন অবকাঠামো কার্যক্রম চালু রয়েছে। পাশাপাশি জোহরে জেএইচ-১ ও জেএইচ-২ নামের আরও নতুন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্যমতে, নতুন ডেটা সেন্টারটি পুরোপুরি চালু হলে সেখানে ২ হাজার ২০০টির বেশি তথ্য সংরক্ষণ ক্যাবিনেট সুবিধা থাকবে, যা বৃহৎ পরিসরের তথ্য সংরক্ষণ ও ডিজিটাল সেবা পরিচালনায় ব্যবহৃত হবে।

ইকুইনিক্স মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক চিয়াম তাত ইন বলেন, এই সম্প্রসারণ মালয়েশিয়ার ডিজিটাল অর্থনীতি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

তিনি বলেন, কুয়ালালামপুর ও জোহরে দায়িত্বশীলভাবে এআই-প্রস্তুত অবকাঠামো গড়ে তুলে আমরা জাতীয় এআই উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করছি। কেএল-২ ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আরও দ্রুতগতিতে তথ্য প্রক্রিয়াকরণ ও বিকেন্দ্রীভূত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের সুযোগ দেবে। একই সঙ্গে এটি উচ্চমূল্যের কর্মসংস্থান সৃষ্টি ও দীর্ঘমেয়াদে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়াতে সহায়ক হবে।”

প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন এই ডেটা সেন্টার কম বিলম্বযুক্ত, উচ্চ সংযোগ সক্ষমতা ও সম্প্রসারণযোগ্য ডিজিটাল অবকাঠামো সুবিধা প্রদান করবে। এর ফলে বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন ও সিস্টেমের ওপর চাপ কমবে এবং ব্যবসাগুলো আরও নির্ভরযোগ্য ডিজিটাল সেবা পাবে।

এছাড়া ডিজিটালভিত্তিক কোম্পানি, বৃহৎ প্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও বহুজাতিক কোম্পানিগুলো আসিয়ান অঞ্চলে আরও দ্রুত ও কার্যকরভাবে কার্যক্রম সম্প্রসারণ করতে পারবে। বিকেন্দ্রীভূত কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সমন্বিত বহুমাত্রিক ক্লাউড প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাহকদের জন্য আরও দ্রুত ও নিরবচ্ছিন্ন ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করা সম্ভব হবে।

বর্তমানে মালয়েশিয়া আসিয়ান অঞ্চলে ডিজিটাল উদ্ভাবন ও এআই প্রযুক্তির অন্যতম কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করছে। দেশটির সরকার ইতোমধ্যে ন্যাশনাল এআই অফিস (এনএআইও) এবং মাইডিজিটাল উদ্যোগের মতো বিভিন্ন কৌশলগত কর্মসূচি গ্রহণ করেছে, যা ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করছে।

নতুন কেএল-২ ডেটা সেন্টারটি ইকুইনিক্সের বৈশ্বিক নেটওয়ার্কের সঙ্গেও যুক্ত থাকবে। এর মাধ্যমে মালয়েশিয়ার কেএল-১, কেএল-২ ও জেএইচ-১ ডেটা সেন্টার সিঙ্গাপুরে অবস্থিত প্রতিষ্ঠানটির বিদ্যমান ক্যাম্পাসের সঙ্গে ইকুইনিক্স ফ্যাব্রিকের মাধ্যমে সংযুক্ত হবে।

বর্তমানে বিশ্বব্যাপী ৩৬টি দেশে ৭৭টি বাজারে ২৮০টির বেশি ডেটা সেন্টার পরিচালনা করছে ইকুইনিক্স। প্রতিষ্ঠানটি বিশ্বের ১০ হাজার ৫০০টিরও বেশি শীর্ষ কোম্পানির ডিজিটাল রূপান্তর কার্যক্রমে সহায়তা দিচ্ছে।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এই হিসাবের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মৃত্যুর সংখ্যাও রয়েছে।

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

আসিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে মালয়েশিয়া।

আসিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমে শুরু থেকেই চাপে ছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন আইমান। দুই গোলের ঘাটতি নিয়েই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মালয়েশিয়া। ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। তার গোলে মালয়েশিয়ার লিড বেড়ে দাঁড়ায় ৩-০।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এরপর গোল পরিশোধে কয়েক দফা আক্রমণ গড়ে তোলে বাংলাদেশ। তবে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে চার বছর আগে এশিয়ান কাপের বাছাইপর্বে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ৪-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আসিয়ান কাপেও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ।

সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। তবে এই সামরিক মোতায়েন কোনো সংঘাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই করা হচ্ছে বলে জানিয়েছে প্যারিস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। একই দিন দুই দেশের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুর জ্বালানি অবকাঠামো সুরক্ষায় ফ্রান্স সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে জানান তিনি।

সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সামরিক সরঞ্জাম ও সেনা পাঠানো হবে। পরিস্থিতির পরিবর্তন হলে সৌদি আরবকে আরও সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ম্যাক্রোঁ জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের বাজারে গ্যাসের দাম কমাতে ফ্রান্স বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তও সেই উদ্যোগের অংশ।

চলমান সংঘাতের প্রভাবে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মিত্র হুথি মিলিশিয়া সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার কারণে লোহিত সাগরসংলগ্ন বন্দরগুলো থেকে সৌদি আরবের তেল রপ্তানি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের উত্তেজনা আবারও সশস্ত্র সংঘাতে রূপ নেওয়ার প্রেক্ষাপটেই সৌদি আরবের জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা পাঠানোর ঘোষণা দিল ফ্রান্স।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক