রাজধানীর খামারে ঈদের হাটের আমেজ, ফ্লেকভি ও ফ্রিজিয়ান জাতের গরু ক্রেতাদের নজর কাড়ছে
কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর বিভিন্ন খামারে এখন বিশাল আকারের গরু ও বলদের সমাহার দেখা যাচ্ছে। কোথাও এক টনের বেশি ওজনের ষাঁড়, কোথাও আবার প্রায় সাত ফুট উচ্চতার বলদ—সব মিলিয়ে খামারগুলোতে তৈরি হয়েছে যেন হেভিওয়েট পশুর আলাদা আকর্ষণ।
খামারিরা জানান, উন্নত জাতের গরু লালন-পালনে এবার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রাজধানীর কেরানীগঞ্জসহ বিভিন্ন এলাকার খামারে বড় আকারের ফ্লেকভি ও ফ্রিজিয়ান জাতের গরু ক্রেতাদের নজর কাড়ছে। কিছু গরুর ওজন প্রায় ১২০০ কেজি পর্যন্ত বলেও দাবি করছেন খামার মালিকরা।
বিশাল দেহের সাদা বলদগুলো দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ খামারে ভিড় করছেন। কেউ এসব গরুকে ‘রাজকীয়’ বলছেন, আবার কেউ দিচ্ছেন ভিন্ন নাম। খামার মালিকরা বলছেন, বড় আকার ও বিশেষ জাতের কারণে এসব পশুর দামও তুলনামূলক বেশি। কোনো কোনো গরুর দাম ধরা হচ্ছে ৯ থেকে ১০ লাখ টাকারও বেশি।
মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকার খামারগুলোতেও এবার বড় গরুর সংখ্যা বেড়েছে। পাশাপাশি বাজারে গোলাপি রঙের মহিষও ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে।
বিক্রেতাদের মতে, হাটের ভিড় ও ঝামেলা এড়াতে এখন অনেকেই সরাসরি খামার থেকেই পশু কিনতে আগ্রহী হচ্ছেন। ফলে প্রতিবছরের মতো এবারও খামারভিত্তিক বিক্রি বাড়ার আশা করছেন তারা।












