শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কুয়ালালামপুরে “সেমিকন এশিয়া” মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১০:০৫ পিএম
কুয়ালালামপুরে “সেমিকন এশিয়া” মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

রাজধানী কুয়ালালামপুরে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টার (মাইটেক)-এ অনুষ্ঠিত ইলেকট্রনিকস উৎপাদন ও সেমিকন্ডাক্টর শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন “সেমিকন এশিয়া ২০২৬” মেলার আজ শেষ দিন। তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করেন মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী জোহারি আব্দুল গনি।

উদ্বোধনী অনুষ্ঠানে সেমির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা অজিত মানোচা এবং সেমি সাউথইস্ট এশিয়ার প্রেসিডেন্ট লিন্ডা তান সেমিকন্ডাক্টর শিল্পব্যবস্থায় আঞ্চলিক সহযোগিতা ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।

“ট্রান্সফর্ম টুমরো” প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত এবারের আসরে মালয়েশিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, ভিয়েতনাম, ইউরোপীয় ইউনিয়ন, নেদারল্যান্ডস, পোল্যান্ডের পাশাপাশি বাংলাদেশ থেকে ৭০০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেয়। বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর খাতের নীতিনির্ধারক, উৎপাদক, সরবরাহকারী, গবেষক, বিনিয়োগকারী ও উদীয়মান প্রযুক্তি বিশেষজ্ঞদের একত্রিত করেছে এই আয়োজন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের সার্বিক সহায়তায় বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) ও দেশের তিনটি শীর্ষস্থানীয় চিপ ডিজাইন প্রতিষ্ঠান—নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেড, প্রাইম সিলিকন টেকনোলজি (বিডি) লিমিটেড এবং সিলিকনোভা লিমিটেড আন্তর্জাতিক বাজারে নিজেদের সক্ষমতা তুলে ধরতে এবং নতুন অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে এই আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নেয়।

মেলায় বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আব্দুল জব্বারের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে।

প্রদর্শনীর দ্বিতীয় দিন ৬ মে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী বাংলাদেশ বুথসহ বিভিন্ন বুথ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। দেশের সেমিকন্ডাক্টর শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার এই অগ্রণী উদ্যোগ গ্রহণের জন্য তিনি বিএসআইএ ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, “বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্প দ্রুত বিকাশ লাভ করছে। এ ধরনের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম দেশের ক্রমবর্ধমান সক্ষমতা তুলে ধরার সুযোগ তৈরি করছে, যার মাধ্যমে নতুন বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার পথ উন্মুক্ত হতে পারে।”

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ জব্বার বলেন, “বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশের অংশীদারিত্ব বাড়াতে ‘সেমিকন এশিয়া ২০২৬’-এ অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা উচ্চপ্রযুক্তিনির্ভর এই শিল্পে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরে বৈশ্বিক সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করে তোলার চেষ্টা করছি।”

তিনি আরও বলেন, মেলায় অংশগ্রহণের মাধ্যমে বিশ্বের শীর্ষস্থানীয় সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতার সুযোগ সৃষ্টি হয়েছে, যা ভবিষ্যতে বাংলাদেশের প্রযুক্তি খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ বুথে আগ্রহী দর্শনার্থী ও বিনিয়োগকারীদের কাছে চিপ ডিজাইন, যাচাইকরণ, গবেষণা ও উন্নয়ন এবং আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্টিং সেবায় সহযোগিতার সম্ভাবনা তুলে ধরা হয়।

এ ছাড়া সেমিকন্ডাক্টর খাতে বাংলাদেশের ব্র্যান্ডিং উন্নয়ন, দেশীয় প্রতিষ্ঠানের দক্ষতা উপস্থাপন, বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা, কৌশলগত ব্যবসায়িক সংযোগ তৈরি এবং যৌথ উদ্যোগে আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের লক্ষ্যে বিএসআইএ প্রতিনিধিদল পৃথকভাবে মালয়েশিয়া সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, মালয়েশিয়া ডিজিটাল ইকোনমি করপোরেশন, যুক্তরাষ্ট্রভিত্তিক সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠান ক্যাডেন্স, সিলটেরা এবং মালয়েশিয়ার বিভিন্ন সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছে।

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান তৈরি পোশাক, কৃষিপণ্য ও জ্বালানিভিত্তিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পাশাপাশি সেমিকন্ডাক্টরের মতো উচ্চপ্রযুক্তি খাতে প্রবেশের ক্ষেত্রে “সেমিকন সাউথইস্ট এশিয়া ২০২৬”-এ বাংলাদেশের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ বুথে আগত দর্শনার্থীদের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ, আউটসোর্সিং, যৌথ গবেষণা এবং দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সেমিকন্ডাক্টর খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতা ও বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি বৈশ্বিক এক ট্রিলিয়ন ডলারের সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশের অংশীদারিত্ব নিশ্চিত করার পথও আরও সুদৃঢ় হবে।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এই হিসাবের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মৃত্যুর সংখ্যাও রয়েছে।

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

আসিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে মালয়েশিয়া।

আসিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমে শুরু থেকেই চাপে ছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন আইমান। দুই গোলের ঘাটতি নিয়েই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মালয়েশিয়া। ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। তার গোলে মালয়েশিয়ার লিড বেড়ে দাঁড়ায় ৩-০।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এরপর গোল পরিশোধে কয়েক দফা আক্রমণ গড়ে তোলে বাংলাদেশ। তবে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে চার বছর আগে এশিয়ান কাপের বাছাইপর্বে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ৪-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আসিয়ান কাপেও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ।

সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। তবে এই সামরিক মোতায়েন কোনো সংঘাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই করা হচ্ছে বলে জানিয়েছে প্যারিস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। একই দিন দুই দেশের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুর জ্বালানি অবকাঠামো সুরক্ষায় ফ্রান্স সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে জানান তিনি।

সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সামরিক সরঞ্জাম ও সেনা পাঠানো হবে। পরিস্থিতির পরিবর্তন হলে সৌদি আরবকে আরও সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ম্যাক্রোঁ জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের বাজারে গ্যাসের দাম কমাতে ফ্রান্স বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তও সেই উদ্যোগের অংশ।

চলমান সংঘাতের প্রভাবে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মিত্র হুথি মিলিশিয়া সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার কারণে লোহিত সাগরসংলগ্ন বন্দরগুলো থেকে সৌদি আরবের তেল রপ্তানি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের উত্তেজনা আবারও সশস্ত্র সংঘাতে রূপ নেওয়ার প্রেক্ষাপটেই সৌদি আরবের জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা পাঠানোর ঘোষণা দিল ফ্রান্স।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক