প্রেম-কষ্ট ও স্বপ্ন সবকিছুই বাস্তবে ফুটে উঠেছে: পূজা চেরি
ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘দম’ সিনেমার সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন চিত্রনায়িকা পূজা চেরি। তার অভিনীত নতুন চলচ্চিত্র ‘নাকফুলের কাব্য’ আসছে ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে।
সম্প্রতি সিনেমাটির পোস্টার উন্মোচনের মাধ্যমে মুক্তির ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। এতে পূজা চেরির বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ।
আলোক হাসানের পরিচালনায় এবং ফেরারী ফরহাদের গল্প-সংলাপে নির্মিত এই সিনেমায় প্রেম, বিরহ ও সামাজিক বাধা অতিক্রমের গল্প উঠে এসেছে।
সিনেমাটি নিয়ে পূজা চেরি বলেন, এই গল্পটি তার হৃদয়ের খুব কাছের। তার ভাষায়, “এখানে প্রেম, কষ্ট আর স্বপ্ন—সবকিছুই বাস্তবভাবে তুলে ধরা হয়েছে। দর্শকরা সহজেই চরিত্রটির সঙ্গে নিজেদের মিল খুঁজে পাবেন।”
প্রযোজনা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, তারা সবসময়ই পারিবারিক ও নান্দনিক গল্পভিত্তিক সিনেমা নির্মাণে গুরুত্ব দেন। ‘নাকফুলের কাব্য’ সেই ধারাবাহিকতারই অংশ।
রোমান্টিক-কমেডি ঘরানার এই সিনেমায় আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, কাজী কানিজ, লুৎফর রহমান জর্জ, শিখা মৌ ও আলীরাজসহ অনেকে।
এদিকে একই ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে পূজা চেরি অভিনীত আরেকটি সিনেমা ‘মাসুদ রানা’। এতে তাকে অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যাবে। অভিনেত্রী জানান, চরিত্রটি ফুটিয়ে তুলতে তিনি বিশেষ প্রস্তুতি নিয়েছেন এবং দর্শক এবার ভিন্ন রূপে তাকে দেখতে পাবেন।












