জেলজীবনের অভিজ্ঞতায় বদলে যাওয়ার দাবি অভিনেতা সিদ্দিকের
দীর্ঘদিন পর্দায় জনপ্রিয়তা পাওয়া অভিনেতা সিদ্দিকুর রহমান জানিয়েছেন, প্রায় ১১ মাস কারাবাসের অভিজ্ঞতা তার জীবন ও দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন এনেছে।
তিনি জানান, রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার পাশাপাশি বিভিন্ন সময়ে মনোনয়ন প্রত্যাশা করলেও তা পূরণ হয়নি। পরবর্তীতে ২০২৫ সালের এপ্রিলে এক মামলায় গ্রেপ্তার হয়ে তিনি প্রায় ১০ মাস ২২ দিন কারাগারে ছিলেন। চলতি বছরের ১৮ মার্চ তিনি মুক্তি পান।
এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, কারাগারের সময়টিকে তিনি আত্মপর্যালোচনার সুযোগ হিসেবে কাজে লাগিয়েছেন। তার দাবি অনুযায়ী, ওই সময়ে তিনি নিয়মিত ধর্মচর্চা শুরু করেন, নামাজ আদায় এবং কোরআন অধ্যয়ন করেন, যা তার মানসিক পরিবর্তনে ভূমিকা রাখে।
তিনি আরও জানান, কারাগারে থাকাকালীন সময় তিনি সৃজনশীল কাজে মনোযোগ দেন এবং ১৫টি নাটক ও ৩টি চলচ্চিত্রের গল্প লেখেন। পাশাপাশি নিজের জীবনের অভিজ্ঞতা নিয়ে একটি বই লেখার কাজও শুরু করেছেন।
অভিনেতার ভাষ্য, জেল থেকে বের হওয়ার পরও সেই সময়ের প্রভাব থেকে পুরোপুরি বের হতে পারেননি তিনি। তবে বর্তমানে পরিবারকে সময় দেওয়া এবং লেখা গল্পগুলো নিয়ে কাজ গুছিয়ে নিচ্ছেন বলেও জানান তিনি।












