ঘরে পড়ে ছিল ছেলের মরদেহ, রেললাইনে বাবার
গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী-এর বনমালা এলাকায় একই পরিবারের দুই সদস্যের রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘরের ভেতর থেকে এক কলেজছাত্রের মরদেহ এবং কাছের রেললাইনের পাশ থেকে তার বাবার লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার ভোরে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠায়।
নিহতরা হলেন স্থানীয় বাসিন্দা মো. সোহেল হোসেন এবং তার ছোট ছেলে সাকিব হোসেন। সাকিব উত্তরা এলাকার একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, শনিবার গভীর রাতে নিজ ঘর থেকে সাকিবের মরদেহ উদ্ধার করা হয়। তার মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। অন্যদিকে সোহেল হোসেনের মরদেহ বনমালা এলাকার রেললাইনের পাশে পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, ঘুমন্ত অবস্থায় ছেলেকে হত্যার পর বাবা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে পারেন। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।
ঘটনার পর সোহেল হোসেনের বড় ছেলে মো. সোহানকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।












