ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল
পার্বতীপুরে রেলহেড তেল ডিপোতে ভারত থেকে আরও ৭ হাজার টন ডিজেল এসে পৌঁছেছে। এটি চলতি মাসে তৃতীয় দফায় পাইপলাইনের মাধ্যমে আনা জ্বালানি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের অপারেশনস ম্যানেজার কাজী রবিউল আলম বিষয়টি নিশ্চিত করেন।
তথ্য অনুযায়ী, গত ২০ এপ্রিল রাত ৮টার দিকে নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল সরবরাহ শুরু হয়। প্রায় ৬৫ থেকে ৭০ ঘণ্টার পরিবহন প্রক্রিয়ার পর তা পার্বতীপুরে পৌঁছে।
এর আগে ১৯ এপ্রিল আরও ৫ হাজার টন ডিজেল একই পাইপলাইনের মাধ্যমে আসে। ফলে চলতি মাসে মোট ১৩ হাজার টন ডিজেল সরবরাহ সম্পন্ন হয়েছে।
চলতি বছরের বিভিন্ন চালানে এখন পর্যন্ত মোট ৩৫ হাজার টন ডিজেল দেশে এসেছে। শুধু এপ্রিল মাসেই চারটি চালানের মাধ্যমে মোট ২৫ হাজার টন জ্বালানি আনার পরিকল্পনা রয়েছে।
এর মধ্যে ১১ এপ্রিল ৮ হাজার টন এবং ১৯ এপ্রিল ৫ হাজার টন ডিজেল এসে পৌঁছায়।
তথ্য অনুযায়ী, উত্তরাঞ্চলে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ভারত থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে ডিজেল আনা হচ্ছে।
প্রায় ১৩১ কিলোমিটার দীর্ঘ এই ভূগর্ভস্থ পাইপলাইন প্রকল্পের মাধ্যমে ২০২৩ সালের ১৮ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে জ্বালানি সরবরাহ শুরু হয়।
চুক্তি অনুযায়ী, আগামী ১৫ বছর ভারত থেকে ডিজেল সরবরাহ অব্যাহত থাকবে। বছরে কয়েক লাখ টন জ্বালানি আমদানির সুযোগ রয়েছে এবং চাহিদা অনুযায়ী তা বাড়ানোও সম্ভব।
আগে খুলনা ও চট্টগ্রাম থেকে রেল ওয়াগনের মাধ্যমে উত্তরাঞ্চলে জ্বালানি পৌঁছাতে ৬ থেকে ৭ দিন সময় লাগত। পাইপলাইন চালু হওয়ার পর এখন দ্রুত ও নিয়মিতভাবে জ্বালানি সরবরাহ সম্ভব হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।












