বাড়ানো হয়েছে বাসভাড়া, আজ থেকেই কার্যকর
ছবি- সংগৃহীত।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লার বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকা ও চট্টগ্রাম রুটসহ আন্তঃজেলা পরিবহনে প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে, যা বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়েছে।
সচিবালয়ে পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ডিজেলচালিত বাসের ক্ষেত্রে নতুন ভাড়া প্রযোজ্য হবে, তবে সিএনজিচালিত বাস আপাতত এই সিদ্ধান্তের বাইরে থাকবে।
মন্ত্রী আরও জানান, জ্বালানি তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতে ভাড়া সমন্বয় করা হবে। তেলের দাম কমলে ভাড়া কমানো হবে এবং বাড়লে প্রয়োজন অনুযায়ী পুনরায় সমন্বয় করা হবে।
বর্তমানে দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা নির্ধারিত রয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই ভাড়ার সঙ্গে অতিরিক্ত ১১ পয়সা যুক্ত হবে। অন্যদিকে ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাস ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ৪২ পয়সা রয়েছে।
এদিকে পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় পরিবহন খাতে ব্যয় বৃদ্ধি পেয়েছে। ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ার পাশাপাশি ডলারের উচ্চমূল্যের কারণে যন্ত্রাংশ আমদানি ও রক্ষণাবেক্ষণ খরচও বেড়েছে।
এর আগে বাস ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সর্বশেষ বৈঠকের পরই ভাড়া বৃদ্ধির এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
তবে রেল ও নৌ পরিবহনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।












