মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

জ্বালানি সাশ্রয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক ফ্রম হোম

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ২:৪৮ পিএম
জ্বালানি সাশ্রয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক ফ্রম হোম

মধ্যপ্রাচ্যের সংঘাতকে কেন্দ্র করে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় জ্বালানি সাশ্রয়ের লক্ষ্য নিয়ে মালয়েশিয়া সরকার ১৫ এপ্রিল থেকে সরকারি দপ্তরগুলোতে ওয়ার্ক ফ্রম হোম নীতি কার্যকর করেছে। তবে সরাসরি কাউন্টারভিত্তিক সরকারি সেবাগুলো এই নীতির বাইরে রাখা হয়েছে এবং সেগুলো স্বাভাবিকভাবেই চালু রয়েছে বলে জানিয়েছে দ্য স্টার/এশিয়া নিউজ নেটওয়ার্ক।

দেশজুড়ে অধিকাংশ ফেডারেল সরকারি দপ্তরে সীমিত সংখ্যক কর্মী উপস্থিত থাকলেও কাউন্টার সেবা নির্বিঘ্নে পরিচালিত হচ্ছে। এর মধ্যে রয়েছে আরবান ট্রান্সফরমেশন সেন্টারগুলো, যেখানে অভিবাসন বিভাগ ও পুলিশের মতো গুরুত্বপূর্ণ সেবা দেওয়া হয়।

ফেডারেল প্রশাসনিক রাজধানী পুত্রজায়া-তে বর্তমানে নীরবতা লক্ষ্য করা যাচ্ছে, কারণ মন্ত্রণালয়গুলোর বেশিরভাগ কর্মকর্তা বাসা থেকে কাজ করছেন। অধিকাংশ সরকারি ভবন কম বিদ্যুৎ ব্যবহারের অবস্থায় রয়েছে আলো কমিয়ে দেওয়া হয়েছে এবং মোট লিফটের অর্ধেক চালু রাখা হয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের বিভাগের হিসাবরক্ষক আজলিনা সুলিমান বলেন, সরকারি কর্মচারীরা নির্ধারিত সময়সূচি ও সুসংগঠিত কর্মপ্রবাহ অনুসরণ করে ওয়ার্ক ফ্রম হোম নীতিকে স্বাভাবিকভাবে গ্রহণ করেছেন। তিনি জানান, অফিস-স্তরের উৎপাদনশীলতা বজায় রাখতে কর্মকর্তাদের সিস্টেমে লগইন করতে হয়, অফিসের ল্যাপটপ ব্যবহার করতে হয়, মূল দায়িত্বগুলোকে অগ্রাধিকার দিতে হয় এবং বাসায় উপযুক্ত কর্মপরিবেশ তৈরি করতে হয়।

তিনি আরও বলেন, বাড়ি থেকে কাজের সময় আমি অনলাইনে লগইন ও লগআউট করি, প্রতি ঘণ্টায় চেক-ইন করি এবং সিস্টেমে প্রবেশের জন্য অফিসের ভার্চুয়াল নেটওয়ার্ক ব্যবহার করি। মাঠপর্যায়ের কাজ ও দায়িত্ব বণ্টন আগের মতোই চলছে।

এই ওয়ার্ক ফ্রম হোম নীতি মূলত একটি কৌশলগত পদক্ষেপ, যা বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে নেওয়া হয়েছে। এটি শুধুমাত্র ফেডারেল সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য, যারা কুয়ালালামপুর, সেলাঙ্গর, পুত্রজায়া এবং বিভিন্ন রাজ্যের রাজধানীতে কর্মরত এবং অফিস থেকে ৮ কিলোমিটারের বেশি দূরে বসবাস করেন।

তবে নিরাপত্তা, প্রতিরক্ষা, স্বাস্থ্য ও শিক্ষা খাতের কর্মীদের জন্য এই নীতি প্রযোজ্য নয়। যেসব সরকারি কর্মচারী এ সুবিধার আওতায় পড়বেন, তারা সপ্তাহে তিন দিন বাড়ি থেকে কাজ করার সুযোগ পাবেন।

এর আগে জারি করা এক সার্কুলারে মালয়েশিয়ার পাবলিক সার্ভিস বিভাগের মহাপরিচালক ওয়ান আহমদ দাহলান আবদুল আজিজ জানান, ওয়ার্ক ফ্রম হোম-এর আওতাভুক্ত কর্মকর্তাদের জিও-লোকেশন সুবিধাসহ ডিভাইস ব্যবহার করে প্রতি ঘণ্টায় অনলাইন মনিটরিং সিস্টেমে লগইন করে উপস্থিতি নিশ্চিত করতে হবে।

এছাড়া বিভাগীয় প্রধানদের প্রত্যেক কর্মকর্তার কাজের নির্ধারিত লক্ষ্য ও প্রত্যাশিত আউটপুট চিহ্নিত করতে হবে এবং তা নিয়মিত পর্যালোচনা করতে হবে।

উল্লেখ্য, ১ এপ্রিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা দেন, জ্বালানি ব্যয় কমানো ও টেকসই জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ১৫ এপ্রিল থেকে ফেডারেল মন্ত্রণালয়, সরকারি সংস্থা, সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে ওয়ার্ক ফ্রম হোম নীতি বাস্তবায়ন করা হবে।

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকাসহ তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১:০৪ পিএম
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকাসহ তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি

শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এসব এলাকায় মোট ৩৬ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। শ্রমিক অসন্তোষসহ যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। এর মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় ১৪ প্লাটুন, রাজধানীর মিরপুরে ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৯ প্লাটুন এবং গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জ ও সংশ্লিষ্ট এলাকায় দুটি বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ে বিশেষ নজরদারি ব্যবস্থা নিয়েছে বিজিবি। এ লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, শরীরে সংযুক্ত ক্যামেরা ও তাৎক্ষণিক ভিডিও ধারণের বিভিন্ন যন্ত্রের মাধ্যমে পাওয়া সরাসরি দৃশ্য সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখতে টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।

কালিয়াকৈরে একই মালিকের দুই বাসে আগুন, কাভার্ড ভ্যানেও অগ্নিকাণ্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১:০১ পিএম
কালিয়াকৈরে একই মালিকের দুই বাসে আগুন, কাভার্ড ভ্যানেও অগ্নিকাণ্ড

গাজীপুরের কালিয়াকৈরে একই দিনে পৃথক তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে একই ব্যক্তির মালিকানাধীন দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ছাড়া মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানেও আগুন লেগেছে। পরপর এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার (০৯ নভেম্বর) ভোর ৫টা থেকে রাত ১০টা ৪০ মিনিটের মধ্যে উপজেলার সূত্রাপুর, চন্দ্রা ও হাজীবাড়ি এলাকায় এসব অগ্নিকাণ্ড ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর ৫টার দিকে উপজেলার সূত্রাপুর এলাকায় শীলা বৃষ্টি সিএনজি স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। বাসটির মালিক ময়মনসিংহ সদরের সজল মিয়া বলে জানা গেছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

একই দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা কাজলী সিএনজি পাম্পসংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা আজমেরী গ্লোরী পরিবহনের আরেকটি বাসে অগ্নিসংযোগ করা হয়। ঢাকা মেট্রো-ব-১৫-৮১০৫ নম্বরের বাসটির মালিকও সজল মিয়া।

স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় বাসিন্দা জামাল মিয়া জানান, বাসটি দীর্ঘদিন ধরে ওই স্থানে দাঁড়িয়ে ছিল।

অন্যদিকে, রাত ১০টা ৪০ মিনিটে উপজেলার চন্দ্রা হাজীবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ঢাকা মেট্রো-ট-১১-৮৭৪৯ নম্বরের একটি কাভার্ড ভ্যানে আগুন লাগে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা তারিকুল ইসলামের নেতৃত্বে দুটি ইউনিট রাত ১০টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে এনে সম্পূর্ণ নির্বাপণ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কাভার্ড ভ্যানটিতে আগুন লাগার ঘটনায় আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১০ লাখ টাকার সম্পদ উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, চন্দ্রা ও সূত্রাপুর এলাকায় একই ব্যক্তির মালিকানাধীন দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কারা জড়িত এবং কী কারণে আগুন দেওয়া হয়েছে, তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই দিনে একই ব্যক্তির দুটি বাসে অগ্নিসংযোগের অভিযোগ এবং পৃথক স্থানে কাভার্ড ভ্যানে আগুন লাগার ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে।

ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ, বকেয়া ২২৬ কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:৩৯ পিএম
ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ, বকেয়া ২২৬ কোটি টাকা

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ও ব্যবসায়ী এম এ জলিল অনন্তের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বড় ধরনের সংকটে পড়েছে। ব্যাংকঋণ পরিশোধে ব্যর্থতা, কারখানা বন্ধ এবং শ্রমিকদের কর্মসংস্থান হারানোর ঘটনায় তার ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

জানা গেছে, অনন্ত জলিলের একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় ১০ হাজারের বেশি শ্রমিক বেকার হয়ে পড়েছেন। গ্যাস বিল বকেয়া এবং গ্যাস চুরির অভিযোগে তিতাস গ্যাস কর্তৃপক্ষ কারখানাগুলোর সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ব্যবসা সচল রাখতে নানা উদ্যোগ নিয়েও সফল হননি তিনি। এমনকি কারখানাগুলো ভাড়া দেওয়ার চেষ্টাও কাজে আসেনি।

এর মধ্যে ঋণের টাকা আদায়ে অনন্ত জলিল ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। ব্যাংকটির কাছে এবি অ্যাপারেলস লিমিটেডের বকেয়া রয়েছে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে ঋণ পুনঃতফসিল করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে দেওয়া একটি চেক গত ২ নভেম্বর পর্যাপ্ত অর্থ না থাকায় প্রত্যাখ্যাত হয়। নোটিশে ৩০ দিনের মধ্যে পাওনা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

নিজের ব্যবসায়িক সংকট নিয়ে গণমাধ্যমকে অনন্ত জলিল জানিয়েছেন, করোনাকালে কাজ না থাকলেও শ্রমিকদের নিয়মিত বেতন-ভাতা দিতে তিনি প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। পরে ওই ঋণের সুদ বাড়তে থাকায় দেনার পরিমাণও বেড়েছে। বৈশ্বিক মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতিকে এ সংকটের কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি। তার মতে, ব্যাংকের আন্তরিক সহযোগিতা ছাড়া এ অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব।

ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সংকট থেকে উদ্ধার করতে দেশি-বিদেশি বিভিন্ন বিনিয়োগকারীর সঙ্গে যোগাযোগ করেছেন অনন্ত জলিল। একাধিক চীনা উদ্যোক্তার সঙ্গেও কয়েক দফা বৈঠক করেছেন বলে জানা গেছে। তবে এসব উদ্যোগ থেকে প্রত্যাশিত সাড়া পাননি তিনি।

চলচ্চিত্রে বেশি সময় দেওয়ার কারণে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর এমন পরিস্থিতি তৈরি হয়েছে কি না, তা নিয়েও আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি অনন্ত জলিল। বর্তমানে ব্যবসায়িক সংকট ও ঋণের বোঝা সামাল দেওয়াই তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক