জুলাই সনদ বাস্তবায়ন না হলে, জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে: মঞ্জু
জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কথা ও কাজে মিল নেই বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর পল্টনে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল থেকে এ অভিযোগ করেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
ছাত্র-জনতার আন্দোলনের অর্জন ‘জুলাই সনদ’ বাস্তবায়নে টালবাহানা এবং ‘গণভোট অধ্যাদেশ’ বাতিলের অপচেষ্টার প্রতিবাদে বিকেলে পল্টনের বিজয়-৭১ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসাইনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান ডা. আব্দুল ওহাব মিনার, ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়াসহ কেন্দ্রীয় নেতারা।
সমাবেশে মজিবুর রহমান মঞ্জু বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন হলে জুলাই অভ্যুত্থান কিছুটা সার্থক হবে, অন্যথায় তা ব্যর্থ হিসেবে বিবেচিত হবে।” তিনি অভিযোগ করেন, সরকার গণভোট ও জুলাই সনদ নিয়ে অপ্রয়োজনীয় সাংবিধানিক বিতর্ক তৈরি করছে, যা হতাশাজনক।
তিনি আরও বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন না হলে এবং এ নিয়ে বিভেদ বাড়লে ভবিষ্যতে রাজনৈতিক নেতাদের জন্য গুরুতর পরিণতি তৈরি হতে পারে।” একই সঙ্গে তিনি দাবি করেন, গণভোট ও জুলাই সনদকে বিতর্কিত করা মানে অতীতের স্বৈরাচারী রাজনীতির সঙ্গে সুর মেলানো।
সমাবেশে সিনিয়র ভাইস চেয়ারম্যান ডা. ওহাব মিনার বলেন, “জুলাই সনদ নিয়ে টালবাহানা সহ্য করা হবে না।” তিনি বিএনপিকে জুলাইয়ের চেতনা অনুযায়ী দেশ পরিচালনার আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিজয়নগর, কাকরাইল, নয়া পল্টন ও পল্টন মোড় প্রদক্ষিণ করে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।












