ঢাকাসহ ৫ সিটিতে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা
ঢাকা, সিলেট, রাজশাহীসহ পাঁচটি সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
ঘোষণা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী করা হয়েছে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া-কে। এছাড়া ঢাকা উত্তর সিটিতে আরিফুল ইসলাম আদীব, রাজশাহী সিটিতে মোবাশ্বের আলী, সিলেট সিটিতে আব্দুর রহমান আফজাল এবং কুমিল্লা সিটিতে তারিকুল ইসলাম-কে প্রার্থী করা হয়েছে।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে তাদের যথেষ্ট শঙ্কা রয়েছে। তিনি আরও জানান, অল্প সময়ের মধ্যেই বাকি সিটি করপোরেশন ও অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
এ সময় দলের সদস্য সচিব আখতার হোসেন আগামী ছয় মাসের মধ্যে সব পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার দাবি জানান।
দলটির পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো হলো—
- ছয় মাসের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা
- উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রশাসক নিয়োগ না দেওয়া
- প্রশাসক পদে থাকা ব্যক্তিদের নির্বাচনে প্রার্থী হতে না দেওয়া
- দলীয় প্রতীক ছাড়া নির্বাচন আয়োজন করা
- সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা
এনসিপির নেতারা বলেন, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই তাদের মূল লক্ষ্য।












