মালয়েশিয়ায় এপ্রিল থেকে পেট্রোল কিনতে বিদেশি কার্ডে নিষেধাজ্ঞা
ভর্তুকির অপব্যবহার রোধে নতুন পদক্ষেপ নিচ্ছে মালয়েশিয়া সরকার। আগামী ১ এপ্রিল থেকে দেশটির সব পেট্রোল স্টেশনে RON95 পেট্রোল কেনার ক্ষেত্রে বিদেশি ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহারে ধাপে ধাপে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
দেশটির অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয় (KPDN) জানিয়েছে, এই সিদ্ধান্তের লক্ষ্য হলো ভর্তুকিপ্রাপ্ত জ্বালানি যেন শুধুমাত্র দেশের যোগ্য নাগরিকদের কাছেই পৌঁছে।
মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট মহাপরিচালক দাতুক আজমান আদম বলেন, অতীতে বিদেশি নম্বরপ্লেটযুক্ত যানবাহন বিদেশি কার্ড ব্যবহার করে সহজেই ভর্তুকিপ্রাপ্ত পেট্রোল সংগ্রহ করত, যা নিয়ন্ত্রণ করা কঠিন ছিল।
নতুন নিয়ম অনুযায়ী, স্বয়ংক্রিয় পাম্পে বিদেশি কার্ড ব্যবহার করে আর RON95 কেনা যাবে না। বিদেশি গ্রাহকদের ক্ষেত্রে পেট্রোল স্টেশনের কাউন্টারে গিয়ে মূল্য পরিশোধ করতে হবে।
এই পদ্ধতি চালুর ফলে প্রতিটি লেনদেন সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব হবে, যা অপব্যবহার কমাতে সহায়ক হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানায়, বড় পেট্রোল স্টেশনগুলো—বিশেষ করে যেগুলোতে ১৫টির বেশি পাম্প রয়েছে—সেখানে অনিয়ম শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। নতুন নিয়মে কাউন্টারভিত্তিক পেমেন্ট বাধ্যতামূলক হলে অযোগ্য ব্যক্তিদের ভর্তুকিপ্রাপ্ত জ্বালানি কেনা বন্ধ করা সহজ হবে।
সরকার জানিয়েছে, তেল কোম্পানিগুলোর সঙ্গে সমন্বয় করে এই ব্যবস্থা ধীরে ধীরে চালু করা হবে। কিছু প্রতিষ্ঠান ইতোমধ্যে প্রস্তুত থাকলেও অন্যগুলো পর্যায়ক্রমে এটি বাস্তবায়ন করবে।
মালয়েশিয়ার এই পদক্ষেপ মূলত জ্বালানি ভর্তুকির অপব্যবহার ঠেকাতে নেওয়া হয়েছে। নতুন নিয়ম কার্যকর হলে বিদেশি কার্ডের মাধ্যমে RON95 পেট্রোল কেনা কঠিন হবে এবং ভর্তুকি ব্যবস্থায় স্বচ্ছতা বাড়বে বলে আশা করা হচ্ছে।









