শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মালয়েশিয়ায় ভিসা অপব্যবহারের অভিযোগে বাংলাদেশিসহ ৯,৪৯৭ অভিবাসী আটক

আহমাদুল কবির মালয়েশিয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:২১ পিএম
মালয়েশিয়ায় ভিসা অপব্যবহারের অভিযোগে বাংলাদেশিসহ ৯,৪৯৭ অভিবাসী আটক

মালয়েশিয়ায় সামাজিক ভিজিট পাস এবং অন্যান্য অস্থায়ী ভিসা অপব্যবহারের অভিযোগে দেশটির ইমিগ্রেশন বিভাগ ব্যাপক অভিযান চালিয়ে ৯,৪৯৭ জন অভিবাসীকে আটক করেছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত দেশজুড়ে পরিচালিত ২,৬১৮টি পৃথক অভিযানে এসব অভিবাসীকে আটক করা হয়। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটক হওয়া অনেকেই সামাজিক ভিজিট পাস ব্যবহার করে অবৈধভাবে কাজ করা কিংবা পাসের শর্ত ভঙ্গের অভিযোগে ধরা পড়েছেন।

বৃহস্পতিবার এক বিবৃতিতে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, আটককৃতদের মধ্যে ১,১৫৮ জনকে ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩–এর ধারা ৩৯(বি) অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে। এই ধারায় পাসের শর্ত লঙ্ঘন করা একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হয়।

তার ভাষ্য অনুযায়ী, প্রাথমিক তদন্তে দেখা গেছে যে আটক হওয়া অনেক অভিবাসী অস্থায়ী কর্ম ভিজিট পাস কিংবা সামাজিক ভিজিট পাস নিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করলেও তারা এমন কার্যক্রমে জড়িত ছিলেন, যা তাদের পাসের শর্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অনেক ক্ষেত্রে তারা অনুমতি ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করা কিংবা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

পাসের শর্ত ভঙ্গের অভিযোগে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশি নাগরিকের সংখ্যা ৫৩২ জন, থাইল্যান্ডের ২৪৮ জন, ইন্দোনেশিয়ার ১১১ জন, চীনের ৮৬ জন এবং পাকিস্তানের ৫১ জন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব অভিবাসীর বিরুদ্ধে পাসের শর্ত ভঙ্গের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এছাড়া পিএলএস (PLS) অপব্যবহারের অভিযোগেও মোট ৪৮২ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে থাইল্যান্ডের নাগরিক ২৩৫ জন, বাংলাদেশের ৮৩ জন, চীনের ৬২ জন, ইন্দোনেশিয়ার ৬২ জন, পাকিস্তানের ১৩ জন এবং অন্যান্য দেশের ২৭ জন নাগরিক রয়েছেন।

ইমিগ্রেশন বিভাগের প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, আটক হওয়া কিছু বিদেশি নাগরিক অনুমতি ছাড়াই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও পরিচালনায় যুক্ত ছিলেন। অথচ তাদের ব্যবহৃত পাসের শর্ত অনুযায়ী এসব কর্মকাণ্ডে যুক্ত থাকার অনুমতি ছিল না। এ ধরনের কর্মকাণ্ড ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩–এর ধারা ৩৯(বি) অনুযায়ী স্পষ্টভাবে পাসের শর্ত ভঙ্গ হিসেবে বিবেচিত হয়।

মহাপরিচালক জাকারিয়া শাবান বলেন, মালয়েশিয়ায় ইমিগ্রেশন আইন অপব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তিনি সতর্ক করে বলেন, যারা আইন লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

তিনি আরও জানান, ইমিগ্রেশন আইন ভঙ্গ করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেপ্তার, আদালতে মামলা দায়ের, জরিমানা এবং মালয়েশিয়া থেকে বহিষ্কারসহ বিভিন্ন আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

এদিকে ইমিগ্রেশন বিভাগ জনসাধারণকেও এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে। কোনো বিদেশি নাগরিক যদি অবৈধভাবে ব্যবসা পরিচালনা বা ভিসার শর্ত ভঙ্গ করে কাজ করেন—এমন তথ্য জানা থাকলে তা দ্রুত ইমিগ্রেশন বিভাগকে জানাতে অনুরোধ করা হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, জনসাধারণের সহযোগিতা পেলে অবৈধ অভিবাসন এবং ভিসা অপব্যবহারের মতো অপরাধ দমনে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। একই সঙ্গে বৈধভাবে মালয়েশিয়ায় অবস্থান ও কাজ করা বিদেশিদের অধিকারও সুরক্ষিত থাকবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে বরিশাল ও রংপুর বিভাগে ৪৪ জন করে, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এই হিসাবের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মৃত্যুর সংখ্যাও রয়েছে।

এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের

আসিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে মালয়েশিয়া।

আসিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমে শুরু থেকেই চাপে ছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন আইমান। দুই গোলের ঘাটতি নিয়েই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মালয়েশিয়া। ৫২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন বার্গুসন। তার গোলে মালয়েশিয়ার লিড বেড়ে দাঁড়ায় ৩-০।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এরপর গোল পরিশোধে কয়েক দফা আক্রমণ গড়ে তোলে বাংলাদেশ। তবে সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে চার বছর আগে এশিয়ান কাপের বাছাইপর্বে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও ৪-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আসিয়ান কাপেও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ।

সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
সৌদি আরবের জ্বালানি স্থাপনা রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। তবে এই সামরিক মোতায়েন কোনো সংঘাতে অংশ নেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই করা হচ্ছে বলে জানিয়েছে প্যারিস।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। একই দিন দুই দেশের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুর জ্বালানি অবকাঠামো সুরক্ষায় ফ্রান্স সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে জানান তিনি।

সরকারি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সামরিক সরঞ্জাম ও সেনা পাঠানো হবে। পরিস্থিতির পরিবর্তন হলে সৌদি আরবকে আরও সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ম্যাক্রোঁ জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছয় মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের বাজারে গ্যাসের দাম কমাতে ফ্রান্স বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সৌদি আরবে সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তও সেই উদ্যোগের অংশ।

চলমান সংঘাতের প্রভাবে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের মিত্র হুথি মিলিশিয়া সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে। এসব হামলার কারণে লোহিত সাগরসংলগ্ন বন্দরগুলো থেকে সৌদি আরবের তেল রপ্তানি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিনের উত্তেজনা আবারও সশস্ত্র সংঘাতে রূপ নেওয়ার প্রেক্ষাপটেই সৌদি আরবের জ্বালানি স্থাপনা সুরক্ষায় সেনা পাঠানোর ঘোষণা দিল ফ্রান্স।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক