পর্তুগালে একদিনের ব্যবধানে দুই প্রবাসী বাংলাদেশীর মৃত্যু
পর্তুগালে গত ৮ ই মার্চ ভিলানোভা মিলফন্তেস এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান প্রবাসী বাংলাদেশী কানুরঞ্জন দেবনাথ (৪০) অপরদিকে পরের দিন ৯ মার্চ মো: রফিকুল ইসলাম নামে অপর এক প্রবাসী বাংলাদেশী স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান
ভিলানোভা মিলফন্তেস এলাকায় বসবাসকারী বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি জানান কানুরঞ্জন দেবনাথ কর্মস্থল থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন এবং দুর্ঘটনায় স্থলে তিনি মারা যান। তাছাড়া তিনি একজন নব্য মুসলিম, তার সঙ্গে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীরা বিষয়টি নিশ্চিত করেছেন। তার পৈতৃক নিবাস কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার মীর কাশিমপুর গ্রামে।
রাজধানী লিজবনে মো: রফিকুল ইসলাম সোমবার সন্ধ্যা আনুমানিক ৭ঃ৪৫ মিনিটের দিকে বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল মারতিম মুনিজ এ অবস্থিত একটি মার্কেটের সামনে হঠাৎ অসুস্থতা বোধ করে ঘটনাস্থলেই প্রাণ হারান। ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
স্থানীয় নেতৃবৃন্দ নিহতদের পরিবারের সাথে যোগাযোগ রক্ষা করছেন। পুলিশের ময়নাতদন্ত শেষ হওয়ার পর তাদের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী নিহতদের মরদেহ পর্তুগালে দাফন অথবা বাংলাদেশ পরিবারের কাছে পাঠানোর জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভিলানোভা মিলফন্তেস এলাকায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশী ফারুক শিকদার জানান ” আমরা পুলিশের ময়নাতদন্তের অপেক্ষায় রয়েছি। পুলিশের মনোনয়ন তদন্ত শেষ হলে পরিবারের সদস্যদের সিদ্ধান্ত এবং স্থানীয় কমিউনিটির তত্ত্বাবধানে দাফন সংক্রান্ত পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে”।
একদিনের ব্যবধানে দুই প্রবাসীর মৃত্যুতে পর্তুগালে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসী বাংলাদেশীরা প্রবাসীদের দুঃখ-কষ্ট নিয়ে শোক প্রকাশ করছেন এবং শোকসন্ত্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন।













