খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা ঘোষণায় অসন্তোষ ট্রাম্পের
ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মুজতাবা হোসেইনি খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের উপস্থাপক ব্রায়ান কিলমিড জানিয়েছেন, ট্রাম্প ব্যক্তিগতভাবে তাকে বলেছেন যে তিনি এ সিদ্ধান্তে সন্তুষ্ট নন। তবে বিষয়টি নিয়ে এখনো প্রকাশ্যে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি মার্কিন প্রেসিডেন্ট।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা শুরুর দিকে ট্রাম্প বলেছিলেন, ইরানের জন্য সবচেয়ে খারাপ পরিস্থিতি হবে যদি নতুন সর্বোচ্চ নেতা আগের নেতার মতোই কঠোর অবস্থান গ্রহণ করেন।
এদিকে ইরানের সঙ্গে চলমান সংঘাত কখন শেষ করা হবে—সে বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ট্রাম্প। গত রোববার তিনি বলেন, যুদ্ধ বন্ধের বিষয়ে নেতানিয়াহুর মতামতও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং সঠিক সময়ে যৌথভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।
৫৬ বছর বয়সী মুজতাবা খামেনি কখনও সরাসরি কোনো সরকারি পদে দায়িত্ব পালন করেননি এবং জনসমক্ষে খুব কমই বক্তব্য দিয়েছেন। এমনকি ইরানের ভেতরেও তাকে নীরব ও রহস্যময় ব্যক্তিত্ব হিসেবে দেখা হয়।
অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ও সভ্যতা গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক মেহমেত ওজালপ বলেন, মুজতাবা দীর্ঘদিন ধরেই পর্দার আড়ালে কাজ করে গেছেন।
তার মতে, মুজতাবা মূলত তার বাবার প্রভাব ব্যবহার করতেন এবং অনেক ক্ষেত্রে বাবার সঙ্গে যোগাযোগের এক ধরনের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেন। এতে করে তিনি বিশেষ করে বিপ্লবী গার্ড বাহিনীর কাছে বেশ প্রভাবশালী হয়ে ওঠেন।
মুজতাবা খামেনির সঙ্গে শক্তিশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই বাহিনী ইসলামী প্রজাতন্ত্র এবং দেশের নিরাপত্তা রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে।
বাবার ঘনিষ্ঠ মহলে প্রভাব থাকার কারণে তাকে অনেক সময় ‘ক্ষমতার আড়ালের শক্তি’ বলেও অভিহিত করা হতো।
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরেই তাকে ইরানের সর্বোচ্চ নেতৃত্বে ওঠার সম্ভাব্য ব্যক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছিল। বিশেষ করে ২০২৪ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পর এ আলোচনা আরও জোরালো হয়।









