কাতারে যুক্তরাষ্ট্রের রাডার ধ্বংসের দাবি ইরানের, আমেরিকার উপর বড় আঘাত
ছবিঃ সংগৃহীত
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা কাতারের একটি কৌশলগত সামরিক ঘাঁটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলার মূল্যের এএন/টিপিএস-১৩২ ব্লক ৫ আর্লি ওয়ার্নিং রাডার সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। এই নিখুঁত হামলায় প্রায় ১.১ বিলিয়ন ডলার (১৩ হাজার কোটি টাকার বেশি) মূল্যের এই রাডারটি নিশ্চিহ্ন হয়েছে বলে তেহরান জানিয়েছে। তবে পেন্টাগন বা মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এখনো ক্ষয়ক্ষতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
#BREAKING
IRGC Public Relations: The American radar FP132, with a range of 5,000 kilometers, stationed in Qatar with unique equipment designed for tracking ballistic missiles, was completely destroyed. pic.twitter.com/YfIjz2ypQG— Tehran Times (@TehranTimes79) February 28, 2026
আইআরজিসির সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই রাডারটির পরিসর ৫,০০০ কিলোমিটার পর্যন্ত এবং এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্তকরণের জন্য বিশেষভাবে তৈরি। কাতারের আল উদেদ আকাশ প্রতিরক্ষা ঘাঁটি থেকে এটি পুরো পারস্য উপসাগর, ইরান এবং আশপাশের অঞ্চলে নজরদারি চালাতো। এই রাডার মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মূল ‘চোখ’ হিসেবে কাজ করতো, যা ৩,০০০-৫,০০০ কিলোমিটার দূর থেকে আসা কোনো ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম।
ইরানি মিডিয়ায় প্রকাশিত ছবি ও ভিডিওতে ধ্বংসস্তূপ দেখানো হয়েছে, যা তারা এই রাডারের ধ্বংসাবশেষ বলে দাবি করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এটি ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রতিশোধমূলক অভিযানের অংশ। বিশেষজ্ঞরা মত প্রকাশ করেছেন, দাবিটি যদি সত্যি হয় তবে এটি গত কয়েক দশকে মার্কিন সামরিক সক্ষমতার উপর সবচেয়ে বড় আঘাত হবে। এর ফলে পারস্য উপসাগর অঞ্চলে মার্কিন ও মিত্রদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়বে।
মার্কিন কর্মকর্তারা এখনো কোনো মন্তব্য করেননি, তবে সামরিক সূত্রগুলো বলছে পরিস্থিতি যাচাই চলছে। এই ঘটনা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে এবং তেল পরিবহন ও আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।









