আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন ঘিরে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
শ্রদ্ধা জানাতে আগত সাধারণ মানুষের প্রতি নির্ধারিত রুট অনুসরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, পলাশীর মোড় ও জগন্নাথ হল ক্রসিং রুট ব্যবহার করে শহীদ মিনারে প্রবেশ করতে হবে। শৃঙ্খলা বজায় রাখতে নির্দিষ্ট প্রবেশ ও বের হওয়ার পথ ব্যবহার করার অনুরোধ জানান তিনি।
নিরাপত্তার স্বার্থে শুক্রবার সন্ধ্যার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সর্বসাধারণের প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কেবলমাত্র পরিচয়পত্রধারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরাই ওই সময়ের পর চলাচল করতে পারবেন।
পুলিশ জানিয়েছে, উন্নত নিরাপত্তা নিশ্চিতে পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পাশাপাশি সন্দেহজনক কার্যক্রম প্রতিরোধে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।












