রমজানে কয়টা পর্যন্ত চলবে ব্যাংক লেনদেন
ছবি: সংগৃহীত
পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় নিয়ে দেশের ব্যাংকগুলোর নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার থেকে এ সময়সূচি কার্যকর হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, রমজান মাসে সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত গ্রাহকরা ব্যাংকে লেনদেন করতে পারবেন। অর্থাৎ গ্রাহক লেনদেন চলবে দুপুর আড়াইটা পর্যন্ত।
তবে গ্রাহক লেনদেন শেষ হওয়ার পরও ব্যাংকগুলো আনুষঙ্গিক দাপ্তরিক কাজ সম্পন্ন করার জন্য বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। কেন্দ্রীয় ব্যাংকসহ সব তফসিলি ব্যাংকের অফিস সময়ও সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এই সময়ের মধ্যে আন্তঃব্যাংক লেনদেন নিষ্পত্তি ও কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করতে হবে।
শেয়ারবাজারের সময়সূচিও পরিবর্তন
রমজানে শেয়ারবাজারের লেনদেন সময়ও পরিবর্তন করা হয়েছে। নতুন সময় অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত লেনদেন চলবে। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রমজান শেষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিস ও লেনদেন সময়সূচি আবার স্বাভাবিক নিয়মে ফিরে যাবে।
প্রতিবছর রমজান উপলক্ষে গ্রাহকদের সুবিধা ও ধর্মীয় অনুশীলনের বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যাংকিং সময়সূচিতে এ ধরনের পরিবর্তন আনা হয়।












